চাঁদের পাহাড়ে কিছুক্ষণ

রবার্ট লুই স্টিভেনসনের ট্রেজার আইল্যান্ডের সাথে বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের আসল পার্থক্য কী, বলুন তো? মানুষ বনাম প্রকৃতির লড়াই? সমুদ্র বনাম পাহাড়ের মধ্য দিয়ে যাত্রা? উঁহু, ওসব না। আসল পার্থক্য হলো, ট্রেজার আইল্যান্ডের জিম হকিনস শেষে গুপ্তধন খুঁজে পায় তো বটেই, সেটা নিয়েও ফেরে। অথচ শংকর হীরা পেয়েও যেন পায় না, গুপ্তধন ‘এত কাছে, তবু এত দূরে’ রেখেই সে ফিরে আসে। এই না পাওয়া কিংবা ‘হাত বাড়ালেই নাই'—জোছনার মতো পেয়েও না পাওয়ার অতৃপ্তির সঙ্গে ঘরে ফেরার তৃপ্তি মিলে-মিশে যে ভারসাম্য তৈরি করে, সেটাই বই দুটির আসল পার্থক্য। ভিনদেশী পাঠক বা বিদগ্ধ বোদ্ধারা যা-ই বলুন না কেন, আমার কাছে এ জন্যই চাঁদের পাহাড় বেশি সার্থক।
বিভূতিভূষণের বর্ণনা এত বাস্তব—মনে হয় যেন চোখের সামনে দেখা যাচ্ছে, আমিও উঠছি শংকরের সাথে সেই পাহাড় চূড়ায়, পথ হারিয়ে ঘুরছি মৃত্যুচক্রে, ওই যে আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ আমার মাথার পাশ দিয়ে ধাঁ করে উড়ে গেল, দৌড় দাও, দৌড়… এই ছুটে চলা, অবিশ্রান্ত অতৃপ্তির কারণেই টানা পড়ে শেষ না করে শান্তি নেই।
শেষে এসেও যে দুষ্টুমি, তৃপ্তি-অতৃপ্তির যে মিশেল, সেটা আমার মতো নবীশ পাঠককে ভাবায়, শংকরের আবার সেখানে ফিরে যাওয়ার কাহিনিটা জানা গেলে মন্দ হতো না। কিন্তু বিভূতি যেহেতু বড় লেখক, তিনি শুধু ইঙ্গিত দিয়ে সুতো ছেড়ে দিয়েছেন, সত্যি সত্যি শংকর আবার বেরিয়ে পড়েছে, এটা তিনি আর লিখতে যাননি। লোভ সামলে কামহীন সাধুর মতো নির্লিপ্ততায় ঠিক এই জায়গাটায় থেমে যাওয়ার জন্য বিভূতিভূষণ ধন্যবাদ পাবেন। কিন্তু ছোট মুখে বড় কথা বলার দুঃসাহস করেই বলি, খানিকটা নিন্দাও আমি তাঁকে দিতে চাই।
চাঁদের পাহাড় যে খাঁটি দেশি লেখা, এতে কোনো সন্দেহ নেই। তবে এটি শুধু দেশি লেখাই নয়, এতে কলোনিয়ালিজমের ছাপও প্রবল। বিদেশ-বিভুঁইয়ে ভারতীয় এক কর্মীর যেটুকু খাতিরযত্ন ইউরোপীয়দের কাছ থেকে পাওয়ার কথা, শংকর তারচেয়ে ঢের বেশিই পায়—এবং আমরা পর্তুগীজ এক হিংস্র ছিনতাইকারীকে আলভারেজ নামের ইউরোপীয়ের (শংকরের মেন্টর) উদ্দেশে বলতে শুনি, এই ছেলে অন্য ভারতীয়দের মতো অসভ্য নয়, তার ভেতরে ‘দয়া মায়া আছে’। ইউরোপীয়দের এই যে সভ্য, দয়ালু চিত্র, এর ভেতরে কয় হাত কলোনিয়ালিজম আছে, সে আলাপে আর আলাদা করে যেতে চাই না। আলভারেজ যে নিজেই ইউরোপীয়দের সমালোচনা করে, সে আলাপের রাজনীতিতেও না ঢুকি; আর আফ্রিকান ‘অসভ্য’ জাতিগুলোর আলাপের তো দরকারই নেই।
এইটুকুই নিন্দা। বাকি সবই প্রশংসার দাবিদার। এমনকি যে তিনপেয়ে দানোর বর্ণনা আছে, কিংবা ডিঙ্গোনেক বা রোডেসিয়ান মনস্টার—এই সবকিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও কোনো না কোনো অভিযাত্রীর দলিল-দস্তাবেজ-নথিপত্রে এগুলোর উল্লেখ আছে। ভ্রমণকাহিনি বা জার্নালের সাহায্য নিয়ে লেখক কীভাবে ঘরে বসেই পাঠককে ঘুরিয়ে আনতে পারেন সুদূর আফ্রিকা, তার আদর্শ উদাহরণ চাঁদের পাহাড়।
একে একে পড়ে নেব বিভূতির সবকটি উপন্যাস, আগামী বছরের মধ্যেই, আশা করি।
আজই প্রথম হিসাব কষে বের করতে পেরেছি যে কেন আগে তারাশঙ্কর বা মানিক পড়লেও বিভূতি পড়া হয়নি; বা কেন বিভূতিকে চট করে আপন করে নিতে পারিনি শৈশবে। এবং বুঝেছি, একটা বড় দিক আমার অজানা রয়ে গেছে, সেই চাঁদের পাহাড়ের মতোই; শঙ্করের মতোই অভিযানে নেমে অন্তত চার-পাঁচটা নুড়ি হলেও কুড়িয়ে নিতে হবে আমাকে। কারণটা কী, কী বের করলাম, সে আলাপ পরে কখনো করব; আরেকটু বুঝে নিই। কেবল তো পথে নামা হলো। যেতে হবে বহু দূর…



