জ্যাক দ্য রিপার

ইতিহাস-কুখ্যাত সিরিয়াল কিলার, জ্যাক দ্য রিপারের কর্মকাণ্ড নিয়ে লেখা বইটা। রীতিমতো গবেষণা করে জ্যাক দ্য রিপারের করা খুনগুলোর বিস্তারিত বিবরণ, সংবাদপত্রের ভাষ্য, রিপারের দুর্ভাগা শিকারদের পরিচয়, তৎকালীন ইউরোপের অবস্থা, ফরেনসিক বিজ্ঞানের অনুপস্থিতিতে পুলিশের হাবুডুবু খাওয়াসহ সে কালের সামগ্রিক পরিস্থিতি তুলে এনেছেন লেখক কাজল ভট্টাচার্য।
জ্যাক দ্য রিপারের বিরুদ্ধে এগারোটি খুনের অভিযোগ আছে। পাঁচটি নিশ্চিত। বাকিগুলো তার করা কি না, সে নিয়ে সন্দেহ আছে। তবু রিপার ইতিহাস-কুখ্যাত। প্রশ্ন হলো, কেন?
সম্ভাব্য উত্তর, রিপারের আসল পরিচয় আজও কেউ জানে না। তার ওপর অনেকে বলেন, রিপার নামটিও তার নিজের দেওয়া নয়। যদিও এ নামে চিঠি এসেছে পুলিশের কাছে। চিঠির হুমকির সঙ্গে খানিকটা মিলে গেছে রিপারের পরবর্তী কর্মকাণ্ড। তবু নানা কিছু দেখে মনে হয়, রিপার নামটি বোধ হয় তার দেওয়া নয়।
পরিচয় অজানা, ধরাছোঁয়ার বাইরের এক সিরিয়াল কিলার, নাকানিচুবানি খেতে থাকা স্কটল্যান্ডকে ইয়ার্ড আর রিপারের নৃশংসতা - এসবই তাকে ইতিহাসে অমর করে রেখেছে কুখ্যাত হিসেবে। অথচ এরকম খুনীও আছে, যারা পঞ্চাশটিরও বেশি খুন করেছে। এত কুখ্যাত হয়নি। কারণ, পুলিশের হাতে ধরা পড়ে গেছে তারা অনেক পরে এসে।
এ বইতে লেখক বলেছেন, শেষে এসে জানা যাবে রিপারের পরিচয়। রিপার গবেষক রাসেল এডওয়ার্ডের কাজের ওপর ভিত্তি করে একটা উপসংহার টানতে চেয়েছেন তিনি। কিন্তু যুক্তিগুলো ঠিক জমল না। গুগলে খোঁজাখুঁজি রাসেল এডওয়ার্ডের যুক্তিগুলোর আরও অসারতা পাওয়া গেল। আর জেনেটিক ফিঙ্গারপ্রিন্টের ভেতরের খবর রাখলে বোঝার কথা, তিনি যেভাবে রিপারকে শনাক্ত করার চেষ্টা করেছেন, নানা কারণেই তা পুরোপুরি নির্ভরযোগ্য নয়। না, জেনেটিক ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ ডিএনএ এনালাইসিসের কোনো ভুল নেই। বিষয়টা নমুনায়। নমুনা কতটা খাঁটি, কার সঙ্গে মেলাচ্ছেন, নির্দিষ্ট ব্যক্তি নাকি তার পরিবার ইত্যাদি নানা কিছু এতে ভূমিকা রাখে।
লেখক নিজে সাংবাদিক। তাই তার ভাষা চমৎকার। সে কালের লণ্ডনকে যেভাবে তুলে এনেছেন, তা প্রশংসনীয়। আবার একই কথা বারবার বলার রাশ টেনে ধরতে না পারার বিষয়টি, কিংবা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ইতিউতি যুক্তি মিলিয়ে দেওয়ার চেষ্টা - এগুলোর পেছনেও সম্ভবত তার পেশার ভূমিকা আছে। উপসংহার টানলেও পলিটিক্যালি কারেক্ট থাকতে অবশ্য বলা আছে, উপসংহারটিকে আমি ঠিকও বলছি না, আবার ভুলও না। তবু বোঝা তো যায়!
রিপারের কীর্তিকলাপ জানার জন্য বেশ উপভোগ্য বই। অপরাধ জগৎ নিয়ে আগ্রহীদের জন্য সুপাঠ্য। বাংলায় এরকম বই আরও হোক, এটা খুব করে চাই।
---
ফেসবুকের মেমোরি থেকে ৩ বছর আগের লেখা



