প্রথম ভাগ
ফাতেমা আল-শারাউই মিসরের ‘মিনিস্ট্রি অব আলকেমি, এনচ্যান্টমেন্টস অ্যান্ড সুপারন্যাচারাল এনটিটিস’-এর স্পেশাল ইনভেস্টিগেটর। এই মুহূর্তে সে ‘স্পেকট্রাল গগলস’ পরে আছে। সরল বাংলায় জিনিসটাকে বলা যায় ‘অতিলৌকিক চশমা’। সেই চশমার ভেতর দিয়ে সে একটা লাশের দিকে তাকিয়ে আছে। লাশটা পড়ে আছে বিশাল এক ডিভানের ওপর।
ওটা একটা জ্বিনের লাশ।
যে সে জ্বিন নয়, প্রাচীন আমলের এক মারিদ জ্বিন। উচ্চতায় সাধারণ মানুষের প্রায় দ্বিগুণ। আঙুলের মাথায় বাঁকানো নখগুলো ছুরির মতো লম্বা। গায়ের চামড়া ফিরোজা রঙের আঁশে ঢাকা। ঘরের টিমটিমে গ্যাস ল্যাম্পের আলোয় সেই রং বারবার বদলে যাচ্ছে। বেগুনি আর খয়েরি রঙের কুশনের মাঝে নগ্ন বসে আছে জ্বিনটি। ছড়িয়ে আছে তার সুঠাম হাত-পা। রাখঢাকের কোনো বালাই নেই। কাজেই কষ্ট করে কিছু কল্পনা করে নিতে হচ্ছে না।
‘এ তো সত্যিই দেখার মতো ব্যাপার!’ পাশ থেকে একটা কণ্ঠ ভেসে এল।
ফাতেমা কাঁধের ওপর দিয়ে পেছনে তাকাল। ভারী শরীরের এক লোক সেখানে দাঁড়িয়ে। লোকটার গোলগাল মুখে লম্বাটে ধূসর গোঁফ। পরনে খাকি রঙের ইউনিফর্ম, পেটের কাছে বেশ টাইট হয়ে আছে। লোকটা তার কামানো চিবুক নাড়িয়ে মৃত জ্বিনের পুরুষাঙ্গের দিকে ইশারা করল। জিনিসটা মধ্যরাতের মতো গাঢ় নীল, প্রায় হাঁটু পর্যন্ত লম্বা।
‘আমি পূর্ণবয়স্ক কোবরা পর্যন্ত দেখেছি, সেগুলোও এর চেয়ে ছোট ছিল। এরকম জিনিস সামনে থাকলে যেকোনো পুরুষেরই হিংসে হতে বাধ্য।’
ফাতেমা কথাটার কোনো জবাব দিল না, নিজের কাজে মন দিল। এই লোকটার নাম ইন্সপেক্টর আসিম শরিফ। স্থানীয় কনস্ট্যাবুলারির সদস্য। মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষাকারী অফিসার হিসেবে কাজ করে। লোকটা সেই অর্থে খারাপ না, তবে খানিকটা অসভ্য। কায়রোর পুরুষেরা নিজেদের আধুনিক দাবি করলেও কোনো নারীর সাথে কাজ করতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারা তাদের এই অস্বস্তিটা অদ্ভুত এবং বিচ্ছিরিভাবে প্রকাশ করে।
মন্ত্রণালয় কায়রোয় কাজের জন্য ‘সাইদ’ অঞ্চলের এক গ্রাম্য মেয়েকে বেছে নিয়েছে, এটা ওদের জন্য ছিল বড় ধাক্কা। তার ওপর মেয়েটা অল্পবয়সী এবং বিদেশি পোশাক পরে। তারা ফাতেমার এসব ব্যাপার কখনো মেনে নিতে পারেনি।
ফাতেমা আজ হালকা ধূসর রঙের স্যুট পরেছে। সাথে মিলিয়ে পরেছে কটি, সবুজ-মতোন রঙের টাই এবং লাল-সাদা ডোরাকাটা শার্ট। কায়রোর ইংলিশ ডিস্ট্রিক্ট থেকে স্যুটের কাপড় কিনেছে সে। এরপর নিজের ছোটখাটো শরীরের মাপে দর্জিকে দিয়ে বানিয়ে নিয়েছে। সঙ্গে হাতে আছে একটা লাঠি। কালো স্টিলের সেই লাঠির মাথায় রূপালি রঙের সিংহের মাথা বসানো। দেখার মতো জিনিস–বলা উচিৎ, একটু ‘বেশি বেশি’। ফাতেমার বাবা সব সময় বলতেন, মানুষ যদি তাকিয়েই থাকে, তবে তাদের দেখার মতো কিছু দেওয়া উচিত। বাবার সেই কথা বেশ ভালোভাবেই পালন করছে সে।
‘এক্সস্যাঙ্গুইনেশন,’ ফাতেমা ঘোষণা করল।
তামাটে চশমাটা খুলে ফেলল চোখ থেকে। পাশে দাঁড়িয়ে থাকা একটি যন্ত্রদাসের দিকে বাড়িয়ে দিল সেটা। মিসরে এককালে দাসদের ‘খোজা’ করা হতো। তারই আদলে বানানো এসব যন্ত্রদাসকে বলা হয় ‘বয়লারপ্লেট ইউনাখ’।
যান্ত্রিক মানুষটি ধাতব আঙুল দিয়ে চশমাটি নিল। তারপর খুব নিখুঁতভাবে চামড়ার খাপে ভরে রাখল জিনিসটা। যন্ত্রটার তামাটে মুখে ফাতেমা নিজের প্রতিফলন দেখতে পাচ্ছে। বাদামি ত্বকের সরু মুখ, কালো ডিম্বাকৃতি চোখ আর মাংসল নাক। মায়ের কাছ থেকে পাওয়া চওড়া ঠোঁট না থাকলে তাকে কিশোরের মতো দেখাত।
যন্ত্রদাসটি সরে গেল দ্রুত। ফাতেমা নিজের ছোট করে ছাঁটা কোঁকড়ানো চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে নিল একপাক। তারপর ইন্সপেক্টরের দিকে ফিরল। আসিম এমনভাবে তাকিয়ে আছে যেন ফাতেমা কথাটা ফারসি ভাষায় বলেছে।
‘এই চিহ্নগুলো দেখুন।’ হাতের লাঠি দিয়ে মেঝের দিকে ইশারা করল সে। ডিভানটা ঘিরে গোল করে সাদা রঙে কিছু লেখা। ‘এটা রক্ত বের করে নেওয়ার জাদু–এক্সস্যাঙ্গুইনেশন স্পেল।’
আসিমকে তখনো বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ফাতেমা নিচু হলো। কোমর থেকে নিজের জাম্বিয়াটা (বাঁকানো খঞ্জর) বের করে নিল সে। জ্বিনের উরুর একটা আঁশের নিচে ছুরির মাথাটা ঢোকাল। কিন্তু ছুরিটা যখন বের করে আনল, দেখা গেল, সেটা একদম পরিষ্কার।
‘এক ফোঁটা রক্তও নেই। পুরো শরীর থেকে রক্ত শুষে নেওয়া হয়েছে।’
এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল ইন্সপেক্টর। চোখ পিটপিট করে বলল, ‘কিন্তু এত রক্ত গেল কোথায়?’
ছুরির ধারালো কিনারে আঙুল বোলাল ফাতেমা। ভালো প্রশ্ন। ছুরিটা নিজের রূপালি কারুকাজ করা খাপে ভরে রাখল সে। চামড়ার চওড়া বেল্টে খাপটা আটকানো। এই জাম্বিয়াটা তাকে এক আজদ দলপতি উপহার দিয়েছিলেন। একটা ভয়ানক ‘নাসনাস’ (জ্বিন ও মানুষের সন্তান) তাড়ানোর পুরস্কার এটা। মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর সেটাই ছিল তার প্রথম অ্যাসাইনমেন্ট। সেই প্রায় অন্ধ বৃদ্ধ তাকে বলেছিলেন, ‘ছেলে হিসেবে তুমি বেশ সুন্দর দেখতে, আর আধখানা জ্বিনের মোকাবিলা করার মতো সাহসী।’ ফাতেমা তাকে সংশোধন করে দেয়নি। উপহারটা সে নিজের কাছেই রেখেছে।
‘আপনার কি মনে হয় এটা কোনো...?’ আসিম ইতস্তত করছে। নিজের গোঁফে একপাক হাত বুলিয়ে নিল সে। ফিসফিস করে বলল, ‘ঘুল?’
কথা শুনেই বোঝা যাচ্ছে, লোকটা এই অশুভ আত্মাদের খুব ভয় পায়। সেটাই স্বাভাবিক, ঘুলেরা মৃত মানুষের মাংস খায়। সবাই তাদের ভয় পায় সে জন্য। ইদানীং শহরে এই ঘুলদের উপদ্রব বেড়ে গেছে। গত সপ্তাহে তিনটা আলাদা ঘটনার খবর পাওয়া গেছে। মন্ত্রণালয়ের সন্দেহ, কোনো কট্টরপন্থী জাদুকর দল এসব করছে। তবে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ফাতেমা নিচু হয়ে মেঝের লেখাগুলো পরীক্ষা করল। ‘মনে হয় না। ঘুল হলে শুধু রক্ত খেয়ে থামত না।’
মুখ বিকৃত করল আসিম। ফাতেমা বলে চলল, ‘তা ছাড়া ওরা জাদু জানে না। এই লেখাগুলো প্রাচীন মারিদ জ্বিনের জাদু।’ লাঠি দিয়ে একটা জায়গা দেখিয়ে ভ্রু কোঁচকাল সে। ‘তবে এই চিহ্নগুলো অপরিচিত।’
ওখানে চারটা গ্লিফ (প্রতীক) দেখা যাচ্ছে, বৃত্তের চারদিকে সমান দূরত্বে বসানো। একটা গ্লিফ দেখতে বাঁকানো শিংয়ের মতো। দ্বিতীয়টা কাস্তের মতো। তৃতীয়টা একটি অদ্ভুত কুড়াল, যার ব্লেডটা হুকের মতো বাঁকানো। চতুর্থ গ্লিফটা বাকিগুলোর চেয়ে বড়। জিনিসটা দেখতে লতাগুল্ম দিয়ে ঢাকা অর্ধচন্দ্রের মতো।
আসিম নিচু হয়ে দেখল। ‘আগে কখনো দেখিনি। কোনো জাদুকরের স্বাক্ষর নাকি?’
‘হতে পারে।’ ফাতেমা একটা চিহ্নের ওপর আঙুল বোলাল। মনে হচ্ছে স্পর্শ করলেই বুঝি উত্তর পাওয়া যাবে।
উঠে দাঁড়াল সে। জ্বিনের বিশালাকার লাশের দিকে তাকিয়ে পিছিয়ে এল। জ্বিনটার মাথা ঝুঁকে আছে। চোখের সোনালি মণিগুলো গলানো সূর্যের মতো ধিকধিক করে জ্বলছে। মুখটা দেখতে প্রায় মানুষের মতোই। শুধু কানের লতিগুলো সুচালো আর মাথা থেকে নীল রঙের ভেড়ার শিং বেরিয়ে এসেছে।
স্পেশাল ইনভেস্টিগেটর আসিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ‘লাশটা কখন পাওয়া গেছে?’
‘মধ্যরাতের ঠিক পরে। এক খদ্দের এসে ওকে এভাবে দেখতে পায়। তারপর প্রতিবেশীদের খবর দেয়।’ লোকটা হাসল। ‘সে সময় আর শিৎকার করেনি, বুঝতেই পারছেন।’
ফাতেমা গম্ভীরভাবে লোকটার দিকে তাকিয়ে রইল, কিছু বলল না।
‘মেয়েটা বস্তিবাসী। কাজের জন্য আজবাকিয়ায় এসেছে। সম্ভবত গ্রিক। দু-এক কথা বলতে না বলতেই নিজের তুর্কি দালাল-কাম-উকিল নিয়ে হাজির।’ আসিম বিরক্ত স্বরে বলল, ‘আমার দাদার আমলে খেদিভরা এ সব গণিকাদের ধরে দক্ষিণে পাঠিয়ে দিত। আর এখন ওরা আইনের ভয় দেখায়।’
‘এখন ১৯১২ সাল–এটা নতুন শতাব্দী,’ ফাতেমা তাকে মনে করিয়ে দিল। ‘খেদিভরা এখন আর মিসর চালায় না। অটোমানরাও চলে গেছে। এখন আমাদের রাজা আছে, সংবিধান আছে। কাজ যা-ই হোক না কেন, অধিকার সবারই আছে।’
আসিম বিড়বিড় করে কী যেন বলল, যেন এটাই এ সময়ের সবচেয়ে বড় সমস্যা।
‘যা-ই হোক, মেয়েটা খুব আপসেট ছিল। সম্ভবত ওই বিশাল জিনিসটা হারানোর শোকে।’ জ্বিনটার বিশেষ অঙ্গের দিকে ইশারা করল সে। ‘অথবা এই দুর্ভাগ্যের কারণে খদ্দের হারানোর ভয়ে।’
ফাতেমা সেটা ভালোই বুঝতে পারছে। আজবাকিয়া কায়রোর খুব দামী এলাকা। এখানকার খদ্দের মানেই অঢেল টাকা। ‘সে কাউকে দেখেছে? আগের কোনো ভিজিটর?’
আসিম মাথা নাড়ল। ‘বলল তো দেখেনি।’ নিজের মাথার টেকো অংশে চুলকাল একপাক। ‘তবে একটা আলবেনিয়ান গ্যাং আছে। তারা ইদানীং ধনী এলাকাগুলোতে হানা দিচ্ছে। ওরা মানুষকে বেঁধে রেখে দামী জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। জ্বিনের রক্ত কালোবাজারে জাদুকরদের কাছে চড়া দামে বিক্রি হয়, জানেন বোধ হয়।’
ফাতেমা দুপাশে মাথা নাড়ল। জ্বিনের বিশাল শরীর আর নখগুলোর দিকে তাকাল সে। ‘চোরেরা যদি এই মারিদ জ্বিনের ঘরে ঢুকত, তবে তাদের কপালে খারাবি ছিল। যা-ই হোক, আমরা কি জানি এই জ্বিনটা কে?’
আসিম তার এক সহকর্মীকে ইশারা করল। ঈগলের মতো তীক্ষ্ণ চেহারার এক লোক চোখে বিরক্তি নিয়ে তাকাল ফাতেমার দিকে। ফাতেমাও পাল্টা দৃষ্টি হানল। লোকটার কাছ থেকে কিছু কাগজ নিয়ে অন্যদিকে ঘুরল সে।
কাগজগুলোর একটায় সাদা-কালো ঝাপসা ছবি। ছবিটা সেই মৃত জ্বিনেরই। ছবির নিচে একটা সিল মারা। সেখানে লাল-কালো-সবুজ পতাকার ওপর সাদা অর্ধচন্দ্র আর বর্শার ছবি–মাহদিস্ট রেভুল্যুশনারি পিপলস রিপাবলিক-এর পতাকা।
‘সুদানি?’ ফাতেমা অবাক হয়ে পাসপোর্ট থেকে চোখ তুলে জিজ্ঞেস করল।
‘তাই তো মনে হচ্ছে। আমরা খার্তুমে বার্তা পাঠিয়েছি। যদিও তাতে খুব একটা লাভ হবে না। সেন্নার নামে হয়তো শয়ে শয়ে জ্বিন আছে সেখানে।’
হয়তো, মনে মনে সায় দিল ফাতেমা। সেন্নার একটা শহরের নাম, একটা পাহাড়ের নাম, আবার দক্ষিণ সুদানের একটা প্রাচীন সালতানাতের নামও বটে। জ্বিনেরা কখনো তাদের আসল নাম প্রকাশ করে না। তার বদলে তারা জায়গার নাম ব্যবহার করে–শহর, পাহাড়, পর্বত কিংবা নদী। একই নাম কতজনের আছে, সেটা তাদের কাছে কোনো ব্যাপার না। তারা ঠিকই একে অপরকে চিনে নিতে পারে। ফাতেমা আবার পাসপোর্টের দিকে নজর দিল, স্বাক্ষরটা ভালো করে পরীক্ষা করে তাকাল মেঝের দিকে। ভ্রু কুঁচকে নিচু হয়ে আবার দেখল সেই লেখাগুলো।
আসিম কৌতূহলী চোখে তাকে দেখছিল। ‘কী ব্যাপার?’
‘এই লেখাটা।’ ফাতেমা মেঝের লিপিটার দিকে ইশারা করল। ‘হুবহু এক।’
‘আপনি নিশ্চিত?’
হ্যাঁ-সূচক ভঙ্গিতে মাথা নেড়ে ফাতেমা জানাল, সে পুরোপুরি নিশ্চিত। একটা হয়তো প্রাচীন মারিদ ভাষায়, অন্যটা আরবিতে; কিন্তু লেখার ঢং একদম একই রকম। এতে কোনো ভুল নেই। এটা এই জ্বিনেরই হাতের কাজ। সে নিজেই নিজের ওপর এই রক্ত-শুষে-নেওয়া জাদুটা করেছে।
আসিম জানতে চাইল, ‘আত্মহত্যা?’
‘ভয়াবহ যন্ত্রণাদায়ক এক আত্মহনন,’ ফিসফিসাল ফাতেমা। কিন্তু বিষয়টা ওর মাথায় ঢুকছে না। অমর প্রাণীরা সচরাচর এভাবে নিজেকে শেষ করে দেয় না। অন্তত ওর জানামতে এমন কোনো ঘটনা নথিপত্রে নেই।
সে পুরো অ্যাপার্টমেন্টের ওপর একবার চোখ বুলাল, যদি কোনো সূত্র পাওয়া যায়। আজবাকিয়ার অন্য সব ঘরের মতো এটাও জাঁকজমকপূর্ণ। প্যারিস থেকে আনা আসবাবপত্র, তুর্কি ঝাড়বাতি আর সব দামী জিনিসের প্রদর্শনী। জ্বিনটি নিজের রুচি অনুযায়ী ঘরটা সাজিয়েছে। খোদাই করা খাপসহ তলোয়ার, জলহস্তীর চামড়ায় তৈরি গোল ঢাল আর রেশমি গালিচা–এসব দেখে বোঝা যায় সে অনেক দিন ধরে এগুলো সংগ্রহ করেছে। ফাতেমার চোখ আটকে গেল দেয়ালের বিশাল এক ম্যুরালের ওপর। উজ্জ্বল নানা রঙে আঁকা এক দৃশ্য–কাজের ধরন দেখে মনে হচ্ছে মুঘলদের অনুকরণে আঁকা। সেখানে বিশাল সব দৈত্য দেখা যাচ্ছে–ওদের দাঁতগুলো বুনো শুয়োরের মতো বেরিয়ে আছে, শরীর হিংস্র পশুর মতো। চামড়া দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে, আর পিঠ থেকে গজিয়েছে আগুনের ডানা।
ফাতেমার দৃষ্টি অনুসরণ করে আসিম জিজ্ঞেস করল, ‘আরও জ্বিন নাকি?’
ম্যুরালটার একদম সামনে গিয়ে দাঁড়াল ফাতেমা। জবাবে বলল, ‘ইফরিত।’
‘ওহ। যাক বাবা, আমাদের অন্তত এদের সামলাতে হচ্ছে না।’
এ নিয়ে তর্কের অবকাশ নেই। ইফরিতেরা জ্বিনের এক অশান্ত প্রজাতি। এরা সাধারণত নশ্বর মানুষদের সাথে থাকে না। এমনকি তাদের অন্য অমর আত্মীয়রাও তাদের কাছ থেকে দূরে থাকে। একটা মারিদ জ্বিনের সংগ্রহে এরকম ছবি থাকাটা অদ্ভুত। ম্যুরালটায় দেখা যাচ্ছে, ইফরিতেরা একটা বিশাল কালো হ্রদের সামনে হাঁটু গেড়ে হাত ছড়িয়ে বসে আছে। নিচে জ্বিনদের ভাষায় দুটো শব্দ খোদাই করা: দ্য রাইজিং–উত্থান।
মানে কী এর? ফাতেমা মনে মনে ভাবল। রহস্যময় শব্দগুলোর ওপর হাত বোলাল সে, যদি স্পর্শ করলে কোনো দিশা পাওয়া যায়। ভাবতে ভাবতে ছবির দিক থেকে মুখ ফেরাল সে। ওর নজর গেল পাশের একটা কাষ্ঠখণ্ডের ওপরে রাখা বইয়ের দিকে।
বইটা বেশ ভারী, বাদামি চামড়ায় বাঁধানো এবং ওপরে সোনালি হরফে জ্যামিতিক নকশা করা–পুরাতন মামলুক আমলের সাজ। কাভারে লেখা: কিতাব আল-কিমিয়া । ফাতেমা বইটা চেনে–নবম শতাব্দীর আলকেমির বই। বিশ্ববিদ্যালয়ে এটা পড়েছে সে, কিন্তু এই কপিটা দেখে একদম আদি সংস্করণ মনে হচ্ছে। কেউ একজন যেখানে বুকমার্ক দিয়ে রেখেছে, ফাতেমা সেই পাতাটা খুলতে গিয়েই থমকে গেল। পাতাটা তার পরিচিত–‘তাকউইন’ বা প্রাণ সৃষ্টির রহস্য নিয়ে লেখা। কিন্তু তাকে যেটা অবাক করল, সেটা বইয়ের লেখা নয়।
সে বুকমার্ক বলে ভুল করা বস্তুটির দিকে ভালো করে তাকাল। জিনিসটা রুপালি ধাতু দিয়ে তৈরি, গায়ে উজ্জ্বল কমলা আভা মিশে আছে। ওটা তুলে ধরল সে, গ্যাস ল্যাম্পের আলোয় ঝিলিক দিয়ে উঠল জিনিসটা।
আসিমের কণ্ঠস্বর তপ্ত শোনাল। ‘এটা কি আমি যা ভাবছি, তা-ই?’
মাথা নাড়ল ফাতেমা। জিনিসটা একটা ধাতব পালক, লম্বায় তার হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হবে। পালকটার গায়ের ওপর আগুনের মতো কিছু লিপি নড়াচড়া করছে, যেন ওগুলো জীবন্ত।
‘পবিত্র ভাষা, আসিম বিড়বিড় করল।
‘হ্যাঁ, পবিত্র ভাষা। নিশ্চিত করল ফাতেমা।
‘তার মানে, এটা নিশ্চয়ই কোনো...’
‘ফেরেশতার,’ ওর কথাটা শেষ করল ফাতেমা।
ওর কপালের ভাঁজ আরও গভীর হলো। ভাবছে, দুনিয়ায় এত কিছু থাকতে একটা জ্বিনের কাছে ফেরেশতার পালক কেন থাকবে?
স্বয়ংক্রিয় বাষ্পীয় গাড়িটি সরু রাস্তা ধরে এগিয়ে চলেছে। লাল কুশনের সিটে হেলান দিয়ে বসে আছে ফাতেমা। কায়রো শহরের বেশির ভাগ মানুষ এখন ঘুমাচ্ছে। শুধু মাঝেমধ্যে কোনো গ্যাসলাইটের বাজার কিংবা আকাশযানের নোঙর করার উঁচু মাস্তুলগুলো থেকে আলো আসছে। নিজের লাঠির ওপরের সিংহের মাথায় আঙুল বোলাচ্ছে ফাতেমা। জানালা দিয়ে দেখল, ওপরের ট্রামগুলো শোঁ শোঁ করে চলে যাচ্ছে, বিদ্যুতের ঝিলিক কিছুক্ষণের জন্য আলোকিত করে তুলছে রাতের আকাশ। তাদের গাড়িটা একটা গাধার গাড়িকে পাশ কাটিয়ে গেল। গাধার গাড়িওয়ালা খুব ধীর লয়ে এগোচ্ছে, যেন তার চারপাশের এই আধুনিকতাকে পাত্তাই দিচ্ছে না।
‘আবার সেই ঘুলদের হামলা!’ আসিম চিৎকার করে উঠল। উল্টো দিকের সিটে বসে কী যেন পড়ছিল সে। সম্ভবত ওর কাছে কোনো মেসেজ এসেছে। ‘কী অদ্ভুত! ওরা কাউকে মারেনি–বরং ধরে নিয়ে গেছে। ছোঁ মেরে তুলে নিয়ে পালিয়েছে।’
ফাতেমা মুখ তুলে ওর দিকে তাকাল। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। ঘুলরা সাধারণত জ্যান্ত মানুষকে খেয়ে ফেলে। তাদের শিকারদের অর্ধেক খাওয়া অবস্থায় পাওয়া যায়। কাউকে চুরি করে নিয়ে যাওয়া তাদের স্বভাবের সাথে যায় না।
‘ওদেরকে পাওয়া গেছে?’
‘না। মধ্যরাতের ঠিক আগে ঘটেছে ঘটনাটা।’ আসিম মুখ বিকৃত করল, ‘আপনার কি মনে হয়, ওরা এদের জমা করে রাখছে... পরে খাওয়ার জন্য?’
ফাতেমা এসব নিয়ে ভাবতে চাইছে না। সে বলল, ‘মন্ত্রণালয় নিশ্চয়ই কাউকে এই কাজে পাঠিয়েছে।’
ইন্সপেক্টর একটা দীর্ঘশ্বাস ফেলে কাগজগুলো ভাঁজ করে রাখল। ‘গোটা শহরটা গোল্লায় যাচ্ছে,’ বিড়বিড় করল সে। ‘জ্বিন, ঘুল, জাদুকর। আমার দাদার আমলে এসব নিয়ে কোনো চিন্তাই ছিল না। ধন্য হে আল-জাহিজ!’
শেষের কথাগুলো ব্যঙ্গ করে বলা। কায়রোয় এটা একটা প্রচলিত গালি–কিংবা প্রশংসা করার ঢং। যার কাছে যেমন আরকি। আল-জাহিজের নাম এ ছাড়া আর কীভাবে নেওয়া সম্ভব? মানুষটা একজন বিখ্যাত সুদানি সাধক এবং উদ্ভাবক। কেউ কেউ মনে করেন, তিনি মধ্যযুগের সেই বসরা শহরের চিন্তাবিদ, যাঁর আবার পুনর্জন্ম হয়েছে। সুফিরা বলেন, তিনি নাকি মাহদির আগমনের বার্তাবাহক, আবার কিবতিরা (কপটিক) বলেন, তিনি ধ্বংসের দূত। মানুষটা মেধাবী হোক, সাধু হোক বা পাগল–কেউ এটা অস্বীকার করতে পারবে না যে তিনি পুরো পৃথিবীটাকে বদলে দিয়েছেন।
এই আল-জাহিজই আধ্যাত্মিক শক্তি আর যন্ত্রের সাহায্যে ‘ক্বাফ’ তথা জ্বিনজগতে যাওয়ার সুড়ঙ্গ তৈরি করেছিলেন। কেন এমনটা করলেন–কৌতূহল, নাকি স্রেফ শয়তানি থেকে–তা আজও অজানা। পরে তিনি নিজের অদ্ভুত সব যন্ত্র নিয়েই গায়েব হয়ে যান। কেউ কেউ বলেন, তিনি এখনো বিভিন্ন জগতে ঘুরে বেড়ান আর বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
সেটা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের কথা। ফাতেমার জন্ম হয়েছে আল-জাহিজের রেখে যাওয়া এই নতুন পৃথিবীতে–যেখানে জাদু আর অতিপ্রাকৃত শক্তি প্রতিদিনের সঙ্গী। বিশেষ করে জ্বিনেরা এ যুগে দারুণ মানিয়ে নিয়েছে। তাদের নির্মাণশৈলী আর অদ্ভুত সব উদ্ভাবন গোনাও অসম্ভব। মিসর এখন বিশ্বের অন্যতম বড় শক্তি, আর কায়রো এর হৃৎপিণ্ড।
‘আপনার… আম–তুমি করেই বলি… তোমার কথা বলো।’ আসিম জিজ্ঞেস করল, ‘এই শহর কি তোমার সেই মরুভূমির গ্রাম সাইদের চেয়ে ভালো লাগছে?’
লোকটার দিকে আড়চোখে তাকাল ফাতেমা, এতে আসিম আরেকবার হাসল। ‘আমি যখন লুক্সরের উইমেন’স কলেজে পড়তাম, তখন কায়রোতে আসার স্বপ্ন দেখতাম–কফি হাউসে যাব, লাইব্রেরিতে ঘুরব, কত সব মানুষের সাথে দেখা হবে।’
‘আর এখন?’
‘এখন আমি কায়রোর অন্য সবার মতো নিরস হয়ে গেছি।’
আসিম হেসে ফেলল। ‘এই শহরটা এমনই।’ একটু থেমে সামনের দিকে ঝুঁকে এল সে। চোখের চাউনি আর সেই অদ্ভুত গোঁফের কাঁপুনি দেখে বোঝা যাচ্ছে, খুব সাহসী অথবা বোকা বোকা কোনো প্রশ্ন করবে।
‘দীর্ঘদিন ধরেই আমার একটা কথা জানার ইচ্ছে–তুমি ইংরেজদের মতো স্যুট পরো কেন?’ ফাতেমার পোশাকের দিকে ইশারা করল সে। ‘আমরা তো জ্বিনদের সাহায্যে ইংরেজদের ভাগিয়েছি। তারা তাদের সেই ঠান্ডা, মেঘলা দ্বীপে দৌড়ে পালিয়েছে। তবু তাদের মতো পোশাক কেন?’
ফাতেমা তার কালো বোলার হ্যাটটার কিনারে আঙুল ছোঁয়াল। পা নাচিয়ে নিজের বাদামি রঙের জুতো জোড়া দেখাল একপাক। ‘আমার ড্রেসআপ দেখে হিংসে হচ্ছে?’
আসিম নাক দিয়ে ঘোঁত-এর মতো একটা শব্দ করল। নিজেট টাইট ইউনিফর্মটা টেনে ঠিক করার চেষ্টা করল সে, ইতিমধ্যেই গরমে ঘামে ভিজে চটচট হয়ে গেছে ওটা। বলল, ‘আমার এক মেয়ে আছে, ওর বয়স একুশ–তোমার চেয়ে মাত্র তিন বছরের ছোট। এখনো অবিবাহিত। এসব রাস্তায় ওকে পর্দা ছাড়া হাঁটতে দেখলে আমার কেমন অস্বস্তি হয়, ঠিক যেন নিচু জাতের কারখানার কোনো মেয়ে-ছেলে... এখানকার পুরুষগুলোর মন-মানসিকতা বড্ড নোংরা!’
ফাতেমা হাঁ করে তাকিয়ে রইল। এই লোক কি অন্য পুরুষদের মন-মানসিকতাকে নোংরা বলছে? ওর নিজেরটা কী?
আসিম বলে চলল, ‘আমি যদি আমার মেয়ের নাম নবীর (সা) মেয়ের নামে রাখতাম, তবে চাইতাম সে যেন সেই নামের মর্যাদা রক্ষা করে।’
‘তাহলে তো ভালোই হলো যে আমি তোমার মেয়ে নই,’ শুকনো গলায় মন্তব্য করল ফাতেমা। নিজের কোটের পকেট থেকে একটা সোনালি পকেট ঘড়ি বের করল। জিনিসটা দেখতে পুরোনো দিনের অ্যাস্ট্রোল্যাবের মতো। ‘আমার বাবা একজন ঘড়িনির্মাতা। আমি যখন বাড়ি ছাড়ি, তখন তিনি আমাকে এটা দিয়েছিলেন। বলেছিলেন, কায়রো শহরটা বড্ড দ্রুত চলে; সময়ের সাথে তাল মেলাতে এটা আমার কাজে লাগবে। বাবা যখন তরুণ ছিলেন, তখন একবার এখানে এসেছিলেন। আমাদের তিনি জ্বিনদের তৈরি নানারকম যান্ত্রিক আশ্চর্যের গল্প বলতেন। সেই গল্প কখনো শেষ হতো না। আমি যখন মন্ত্রণালয়ে চাকরির পরীক্ষা দিই, তখন আমাদের পুরো গ্রামে বাবা ছিলেন সবচেয়ে গর্বিত মানুষ। এখন তিনি সবার কাছে তাঁর মেয়ে ফাতেমার গল্প করে বেড়ান–যে এমন এক শহরে থাকে, যা তিনি এখনো কেবল স্বপ্নে দেখেন। বাবার কাছে এটাই নবীর (সা) ওপর দরুদ পড়ার মতো এক আশীর্বাদ।’
আসিম ঠোঁট উল্টে বলল, ‘ঠিক আছে। তোমার বংশের মর্যাদা রক্ষার ভার তাহলে তোমার বাবার ওপরই থাক। কিন্তু স্যুটের রহস্যটা তো বললে না?’
ফাতেমা ঘড়িটা বন্ধ করে পকেটে রেখে আরাম করে বসল। ‘আমি যখন লুক্সরে পড়তাম, তখন জ্বিনেরা আসার আগের পুরনো সব ছবি দেখতাম। সেখানে ইংরেজ আর ফরাসি যারা মিসরে আসত, তারা বেশির ভাগই স্যুট পরত। কিন্তু মাঝেমধ্যে তারা জিলবাব আর মাথায় রুমাল বেঁধে ছবি তুলত। খোঁজ নিয়ে জানলাম, এটাকে তারা বলত “গোয়িং নেটিভ”। মানে একটু ভিনদেশি বা “এক্সোটিক” সাজার চেষ্টা…’
আসিম ওকে মাঝপথে থামিয়ে দিল, ‘ওরা কি তা পারত?’
‘কী পারত?’
‘এক্সোটিক সাজতে?’
‘না। একদম ভাঁড় লাগত।’
আসিম মুখ চেপে হাসল।
‘যা-ই হোক, আমি যখন নিজের জন্য প্রথম স্যুট কিনি, তখন ইংরেজ দর্জি আমাকে জিজ্ঞেস করেছিল, আমি এটা কেন চাই। তাকে বলেছিলাম, আমিও “এক্সোটিক” সাজতে চাই।’
আসিম মুহূর্ত খানেকের জন্য হাঁ করে তাকিয়ে রইল, তারপর হো হো করে ফেটে পড়ল অট্টহাসিতে। ফাতেমাও হাসল। এই গল্পটা সব সময় কাজে দেয়।
ওদের গাড়িটা সেতু পেরিয়ে আল-জাজিরা এলাকায় ঢুকে পড়ল। সেতুর প্রবেশপথে দুটি ইস্পাতের সিংহ পাহারা দিচ্ছে। এই দ্বীপ এলাকায় ধনীদের আভিজাত্য প্রকাশের জন্য এমন সাজসজ্জা খুব সাধারণ। তারা চওড়া রাস্তা, সুন্দর সব অ্যাপার্টমেন্ট আর ভিলা পেরিয়ে একটি ইউ-আকৃতির বিশাল দালানের সামনে এসে থামল। সাদা পাথরের চকচকে দালানটি চারিদিকে বাগান দিয়ে ঘেরা–একসময় এটা কোনো এক খেদিভের গ্রীষ্মকালীন প্রাসাদ ছিল। এখন এখানে অন্য কেউ থাকে…
আসিম ভ্রু কুঁচকে ভবনটির দিকে তাকিয়ে বলল, ‘এত রাতে এখানে আসাটা কি ঠিক হলো?’
ফাতেমা গাড়ি থেকে নেমে বলল, ‘ওদের জাতীর প্রাণীরা ঘুমায় না।’ সামনের দিকে ইশারা করল সে। দুটি কালো আর সোনালি ধাতব শরীর তাদের দিকে দৌড়ে আসছে। দেখতে অনেকটা শিয়ালের মতো, কিন্তু ডানাগুলো পিঠে ভাঁজ করা। যন্ত্রজন্তু দুটি তাদের সরু পায়ে হেঁটে এসে নবাগতদের পরীক্ষা করল। হাঁটা-চলার সময় তাদের শরীরের ভেতর গিয়ার ঘোরার শব্দ শোনা যায়। পরীক্ষা শেষ করে তারা যেন ইশারায় পিছু নিতে বলল।
ছোট্ট দলটি বড় এক বাগান পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে বিশাল এক সদর দরজা দিয়ে ঢুকে পড়ল ভেতরে। প্রাসাদের ভেতরটা যেন গত শতাব্দীর কোনো রাজকীয় পরিবেশ। আরবি, তুর্কি আর নিও-ক্লাসিক্যাল ধাঁচের এক অদ্ভুত সংমিশ্রণ। মেঝেটা পুরাতন মার্বেল পাথরের তৈরি, সাদা-কালো দাবার ছকের মতো করে সাজানো। চারকোনা থামগুলো ওপরের সোনালি রঙের জ্যামিতিক নকশা করা সিলিংটাকে ধরে রেখেছে। ঘরের পুরনো আসবাবপত্র সরিয়ে সেখানে পাথর, কাঠ আর লোহা দিয়ে তৈরি নতুন সব জিনিস বসানো হয়েছে। ফাতেমা বুঝতে পারল, এগুলো বিভিন্ন যুগের বৈজ্ঞানিক উদ্ভাবন। কাঠের তৈরি পুরাতন আমলের একটি পানি তোলার চাকা বা ‘নোরিয়া’র পাশ দিয়ে হেঁটে গেল সে। দেয়ালের একপাশে একটি ‘এরিয়াল স্ক্রু’র (হেলিকপ্টারের আদি নকশা) বিস্তারিত স্কেচ আঁকা। জায়গাটা যেন একটা জাদুঘর।
আরেকটা দরজার সামনে থামল ওরা। যান্ত্রিক পথপ্রদর্শক শিয়াল দুটি সরে গেলে দরজা খুলে গেল। ভেতরে কাচের গম্বুজওয়ালা ঘরটা আলোয় ভেসে যাচ্ছে। ঘরটা এক অদ্ভুত সঙ্গীতে মুখরিত–গ্রেগোরিয়ান চ্যান্ট, সুমধুর নাশিদ আর এমন কিছু সুরের মূর্ছনা, যা ফাতেমা আগে কখনো শোনেনি। একটা পালিশ করা স্টিলের তৈরি বিশাল গাছ থেকে এই সুর ভেসে আসছে। গাছের নিচে ব্রোঞ্জ দিয়ে তৈরি এক জোড়া যন্ত্রমানব-মানবী দাঁড়িয়ে। ধাতব সবুজ পাতার আড়ালে ঘড়ির কাঁটার মতো রঙিন যন্ত্রপাখি বসে আছে। তাদের খোলা ঠোঁট দিয়ে সুর বেরোচ্ছে–সেই সুরের তালে তালে চারদিকে নাচছে হাজার হাজার জোনাকির মতো আলো।
সেই গাছের নিচে এক দীর্ঘকায় মূর্তি দাঁড়িয়ে। অনেকগুলো গিয়ারের একটি জটিল কাঠামো পরীক্ষা করছে। কোনো গিয়ার বিশাল বড়, কোনোটা আবার মুদ্রার মতো ছোট আর সূক্ষ্ম। প্রতিটা গিয়ার এমনভাবে তৈরি যে তাদের দাঁতগুলো একে অপরের সাথে নিখুঁতভাবে আটকে আছে। গিয়ারের ওপর ধাতব লিপিতে কিছু লেখা। ওর কয়েকটাকে ফাতেমা ‘সংখ্যা’ হিসেবে চিনতে পারল। তাদের উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়াল মূর্তিটি।
আসিমের মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এল। অনেক কষ্টে নিজের বিস্ময় চেপে রাখল ফাতেমা। একজন ফেরেশতার সামনে দাঁড়ানো সব সময়ই এক অদ্ভুত অভিজ্ঞতা–অন্তত যারা নিজেদের ফেরেশতা বলে দাবি করে।
এরা জ্বিনদের পর পর পৃথিবীতে এসেছিল, হঠাৎ করে, কোনো পূর্বাভাস ছাড়াই। এরা আসলে কারা, তা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। কিবতি বা কপটিক ধর্মালয়ের দাবি, এরা ফেরেশতা হতে পারে না; কারণ ফেরেশতারা স্রষ্টার সাথে স্বর্গে থাকে। ওলামারাও একই কথা বলেন যে সত্যিকারের ফেরেশতাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই, তাই তারা নিজের ইচ্ছায় পৃথিবীতে আসতে পারে না। দুই পক্ষই এদের ‘অন্য জগতের সত্তা’ হিসেবে অভিহিত করেছে। কিন্তু এই স্বঘোষিত ফেরেশতারা এসব নিয়ে একদম নিশ্চুপ। তারা কোনো ধর্মকে আলাদা করে সমর্থন করেনি। নিজেদের উদ্দেশ্য নিয়ে তারা সব সময় একধরনের রহস্য বজায় রেখেছে।
জ্বিনদের মতো এদের শরীর রক্ত-মাংসের নয়, বরং আলোর তৈরি। এই আলোর অস্তিত্ব ধরে রাখার জন্য তাদের একটি খাঁচা বা কাঠামোর প্রয়োজন হয়। এই ফেরেশতাটি লম্বায় প্রায় বারো ফুট। লোহা, ইস্পাত আর গিয়ার দিয়ে তৈরি তার শরীরটি মানুষের হাড় আর পেশির নকল করে বানানো। ব্রোঞ্জ দিয়ে তৈরি তার বর্ম পরা কাঁধ থেকে চারটি যান্ত্রিক হাত বেরিয়ে এসেছে। আর তার পিঠে ভাঁজ করে রাখা উজ্জ্বল প্ল্যাটিনামের ডানা, যাতে লাল আর সোনালির ছোঁয়া আছে। এই যান্ত্রিক কারুকাজ এত নিখুঁত যে এটি কেবল অমরদের জন্যই মানায়।
‘হে নশ্বর সন্তানেরা, আমার ঘরে স্বাগত।’ ফেরেশতাটির গলা গমগমে, সুরেলা। মুখে একটি সাদাটে স্বচ্ছ মুখোশ পরা, যাতে সব সময় মৃদু হাসির ভাব লেগে থাকে–হয়তো মানুষকে অভয় দেওয়ার জন্যই এমনটা করা। মুখোশের চোখের জায়গায় দুটি ডিম্বাকৃতি গর্ত থেকে তীব্র আলো বেরোচ্ছে, যেন তার ভেতরে কোনো নক্ষত্র বন্দি হয়ে আছে। ‘তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। তোমরা নির্মাতার কাছে এসেছ। তোমাদের পরিচয় দাও এবং কী চাও বলো, নির্মাতা তার সাধ্যমতো সাহায্য করবে।’
জ্বিনদের মতো ফেরেশতারাও নিজেদের নাম বলে না। তারা তাদের কাজের ওপর ভিত্তি করে একেকটা উপাধি নেয়। এই ফেরেশতা তার স্বগোত্রীয়দের জন্য যন্ত্রশরীর তৈরির কাজ করে। পুরো ব্যবসাটা একচেটিয়াভাবে নিজের দখলে রেখেছে সে। তাই তার নাম হয়ে গেছে ‘মেকার’ বা ‘নির্মাতা’।
ফাতেমা সামনে এগিয়ে গেল। ‘আপনার ওপরেও শান্তি বর্ষিত হোক, মাননীয় নির্মাতা। আমি ফাতেমা আল-শারাউই, মিনিস্ট্রি অব আলকেমির স্পেশাল এজেন্ট। আর ইনি কায়রো পুলিশের ইন্সপেক্টর শরিফ। আমরা আপনার কাজে বিঘ্ন ঘটাতে চাই না।’ একটু থামল সে, তারপর নির্মাতা যে যন্ত্রটি নিয়ে কাজ করছিল, সেটার দিকে তাকাল। ‘এটা কি কোনো... ঘড়ি?’
নির্মাতা ঘাড় কাত করে ফাতেমার দিকে তাকাল। তারপর মাথা নেড়ে বলল, ‘হ্যাঁ, এটি সময় পরিমাপের একটি যন্ত্র। তুমি বেশ বুদ্ধিমান তো!’ তার গলায় বিস্ময় স্পষ্ট।
ফাতেমা বুঝিয়ে বলল, ‘আমি ঘড়ি আর যন্ত্রপাতির মাঝেই বড় হয়েছি। তবে এটা দেখে মনে হচ্ছে, এটি সাধারণ সময়ের চেয়ে বেশি কিছু মাপছে।’
‘ঠিক ধরেছ,’ ফেরেশতাটি তার সৃষ্টির দিকে তাকিয়ে বলল। ‘এটি শুধু এখানকার সময় নয়, বরং স্থান ও দূরত্বের সীমা ছাড়িয়ে সময়ের পরিবর্তন পরিমাপ করবে। মহাবিশ্বের সব সময়কে এক বিন্দুতে নিয়ে আসবে এটি। এটি হবে এই পৃথিবীর, এমনকি অন্য যেকোনো জগতের শ্রেষ্ঠ ঘড়ি।’
নির্মাতার গলার স্বরে স্পষ্ট গর্ব দেখে ফাতেমা মনে মনে একটু হাসল। তদন্তের প্রথম অলিখিত নিয়ম হলো–কারো কাছ থেকে তথ্য পেতে হলে তাকে একটু তেল দাও। এদিক থেকে অমর প্রাণীরাও সাধারণ মানুষের মতোই। এই ফেরেশতাটি তো দেখা যাচ্ছে নিজের কাজে বেশ সন্তুষ্ট।
‘কাজ শেষ হলে জিনিসটা সত্যিই অসাধারণ কিছু হবে।’
নির্মাতা ফাতেমার দিকে ফিরে মাথা নাড়ল। ‘আমারও তা-ই বিশ্বাস। তা ইনভেস্টিগেটর, তোমাদের এখানে কী কাজ?’
ফাতেমা আসিমের দিকে তাকাল, কিন্তু লোকটা তখনো ভক্তিভরে ফেরেশতাটির দিকে তাকিয়ে আছে। অগত্যা ফাতেমাকেই কথা বলতে হলো। সে সংক্ষেপে রাতের সব ঘটনা খুলে বলল। ফেরেশতাটি নীরবে সব শুনল, তার পাথুরে মুখে কোনো ভাবান্তর হলো না।
ফাতেমা শেষ করার পর সে বলল, ‘নির্মাতা এমন অর্থহীন ঘটনার কথা শুনে ব্যথিত। ইদানীং এই শহরে শুধু অরাজকতা আর ধ্বংসলীলাই চোখে পড়ছে।’
‘আপনি কি ঘুলদের হামলার কথা বলছেন?’
‘ঘুল, জাদুকর, অশুভ আত্মা আর সব অপবিত্র জিনিস। আল-জাহিজের ছোঁয়া এখনো তোমাদের এই নশ্বর জগতকে কলঙ্কিত করে রেখেছে। আমার তো ভয় হয়, এতে মঙ্গলের চেয়ে অমঙ্গলই হচ্ছে বেশি।’
ফাতেমা কৌতুক করে বলল, ‘এসব আছে বলেই তো আমাদের মন্ত্রণালয়ের কাজ ফুরোয় না।’
নির্মাতা রসিকতাটা বুঝল কি না, তা বোঝা গেল না। ফাতেমা ভাবল, কোনো ফেরেশতা কখনো হেসেছে–এমন কোনো রেকর্ড কি ইতিহাসে আছে?
ফেরেশতাটি বলল, ‘তোমাদের ওই মৃত জ্বিন... ওরা বড় অদ্ভুত প্রাণী। আমাদের তুলনায় ওরা নিম্নবর্গের। নশ্বরদের চেয়ে সামান্য ওপরে মাত্র। ওরা প্রায়ই নিজেদের আবেগ আর লালসার বশবর্তী হয়ে পড়ে।’
‘তা ঠিক,’ ফাতেমা বলল। জ্বিনদের ছোট করে বলা এই মন্তব্যের কোনো প্রতিবাদ করল না। ‘কিন্তু আত্মহত্যা?’
‘জ্বিনেরা প্রায়ই নিজেদের স্বজাতির সাথে যুদ্ধে লিপ্ত হয়। সেটা মাথায় রেখে ভাবো, কেউ নিজের প্রাণ নিজে নিতে পারে–এটা কি খুব অবিশ্বাস্য?’
ফাতেমা এ বিষয়ে দ্বিমত করল না। সে এর আগে জ্বিনদের কয়েকটা মারপিট থামিয়েছে–বেশ ঝামেলার কাজ। তবে এখানে আরও কিছু আছে। আসিমকে একটা গুঁতো দিল সে। গুঁতো খেয়ে ঘোর কেটে গেল ইন্সপেক্টরের, বগলে চেপে রাখা সেই প্যাকেটটি বের করল এবার। সেই পালকটি।
‘আমরা জ্বিনটির মরদেহের কাছে এটা পেয়েছি। আপনি কি জিনিসটা চিনতে পারছেন?’
ফেরেশতাটি বাতাসের মতো ভেসে সামনে এগিয়ে এল। যান্ত্রিক আঙুল দিয়ে পালকটি ধরে পরীক্ষা করল কিছুক্ষণ। ‘নির্মাতা তার তৈরি প্রতিটি গিয়ার, প্রতিটি চাকা আর প্রতিটি ক্ষুদ্র যন্ত্রাংশ চেনে। নির্মাতা এই পালকটিও চেনে। এটা কি ওই মৃত জ্বিনের কাছে পাওয়া গেছে?’
ফাতেমা মাথা নেড়ে সায় দিল। ‘আমরা জানি, আপনাদের কেউ সহজে এসব জিনিস হাতছাড়া করে না। ভাবলাম, এর মালিকের সাথে কথা বললে হয়তো কিছু উত্তর পাওয়া যাবে।’
নির্মাতা দীর্ঘক্ষণ পালকটির দিকে তাকিয়ে রইল, মনে হলো যেন কিছু ভাবছে। ফেরেশতারা তাদের গোপনীয়তার জন্য কুখ্যাত। সে যদি এখন সাহায্য করতে অস্বীকারও করে, ফাতেমা অবাক হবে না। অবশেষে বলল, ‘নির্মাতা তোমাদের সেই নামটা বলবে, যার জন্য এই যন্ত্রশরীরটি তৈরি করা হয়েছিল। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। তাকে বলা হয় ‘হারভেস্টার’ (ফসল সংগ্রাহক)। তাকে তোমরা কবরস্থানে পাবে।’
ফাতেমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ‘আপনাকে অনেক ধন্যবাদ।’ তারপর হঠাৎ কিছু মনে পড়ায় আবার জিজ্ঞেস করল, ‘আরেকটা ব্যাপার, আপনি কি জানেন এই চিহ্নগুলো আসলে কী?’ জ্বিনের অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া সেই চারটি রহস্যময় চিহ্নের স্কেচটা তুলে ধরল সে। নির্মাতার উজ্জ্বল চোখ দুটি একবার সেদিকে তাকাল। একটু নীরবতা।
‘গ্লিফস,’ সোজাসাপ্টা উত্তর।
‘তা তো বটেই।’ হতাশ ফাতেমা স্কেচটা পকেটে ঢুকিয়ে রাখল। ‘ঠিক আছে মাননীয় নির্মাতা, সাহায্যের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার রাতটি শান্তিময় হোক।’
‘তোমাদেরও তা-ই হোক। তাঁর কৃপায় পথ চলো।’ এই বলে ফেরেশতাটি তাদের দিকে পিঠ ফিরিয়ে আবার তার অসমাপ্ত ঘড়ির কাজে মন দিল। এটা একটা সংকেত–সাক্ষাৎকারের সময় শেষ।
প্রাসাদ থেকে বেরিয়ে রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে আসিমই প্রথম মুখ খুলল। ‘কবরস্থান? সে কি বোঝাতে চেয়েছে...?’
‘সিটি অব দ্য ডেড–মৃতদের শহর,’ ফাতেমাই শেষ করল কথাটা। ‘মনে হচ্ছে, আমাদের বস্তি এলাকায় একটা চক্কর দিতেই হচ্ছে।’
গন্তব্যে পৌঁছে ধুলোবালিমাখা রাস্তায় পা রাখতেই ফাতেমার মনে হলো, আজ দামী জুতো জোড়া না পরলেই ভালো হতো। কায়রোর এই অংশটা যেন আধুনিক পৃথিবী থেকে একদম বিচ্ছিন্ন। ‘সিটি অব দ্য ডেড’ এমন এক জায়গা, যেটা সবাই এড়িয়ে চলে। সুফি-সাধকেরা আশীর্বাদের আশায় এখানে আসে। আর বাকিরা আসে, কারণ তাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। তারা ভাঙাচোরা অস্থায়ী ঘরে অথবা কয়েক শ বছরের পুরনো কবরের ভেতরে গাদাগাদি করে থাকে। একজন ফেরেশতার জন্য থাকার জায়গা হিসেবে এটা বেশ অদ্ভুত। কিন্তু তাদের চিন্তাভাবনা বোঝা দায়।
আসিম স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে ফাতেমা জরাজীর্ণ ঘরগুলো থেকে উঁকি দেওয়া মুখগুলোর দিকে তাকাল। সামনের দুটো দাঁত নেই, এমন এক ছোট ছেলে তাকে কৌতূহলী চোখে দেখছে। ফাতেমা একটু হাসল, কিন্তু ছেলেটা ভয় পেয়ে হারিয়ে গেল অন্ধকারের আড়ালে। এখানকার সবাই কেমন যেন আতঙ্কে ডুবে আছে। সে আসিমের দিকে ফিরল। আসিম এক শ্মশ্রুমণ্ডিত বৃদ্ধের কথা শুনছিল। বৃদ্ধ ঘুলদের হামলা আর মানুষ নিখোঁজ হওয়া নিয়ে অভিযোগ জানাচ্ছে।
‘ঘুলরা মানুষ তুলে নিয়ে যাচ্ছে!’ বৃদ্ধটি চেঁচিয়ে বলল। হাতের বাঁকানো লাঠিটা উঁচিয়ে একরকম লাফাচ্ছে সে রাগে, কাঁপছে থরথর করে। ‘আমরা খবর দিই, কিন্তু কেউ আসে না! আমাদের মরার জন্য এখানে ফেলে রাখা হয়েছে!’
আরও কয়েকজন তার সাথে তাল মেলাল। আসিম অস্বস্তিতে পড়ে গেল, তাদের আশ্বস্ত করল যে সে লোক পাঠাবে। কিন্তু তারা ওর কথা শুনে বিদ্রূপ করতে শুরু করল। একজন তো এক পুলিশ অফিসারের কথা বলে নোংরা রসিকতা করল, যে কি না রাস্তা হারিয়ে বারবার গণিকালয়ে চলে যায়। সবাই হো হো করে হেসে উঠল। এরপর আসিম যখন একজন গাইড বা পথপ্রদর্শকের সন্ধান চাইল, কেউ সাথে যেতে রাজি হলো না। শুধু হাত দিয়ে একটা দিক দেখিয়ে দিল।
‘কায়রোর প্রতিটা মানুষ একেকজন কমেডিয়ান।’ আসিম গজগজ করছে, ‘কখনো দেখিনি বস্তির মানুষ টাকা আয় করার সুযোগ পেয়েও ফিরিয়ে দিচ্ছে!’
ফাতেমা কিছু বলল না। হাসি-তামাশা সত্ত্বেও লোকগুলোর চোখে-মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আর হবেই-না কেন, ঘুলদের হামলা আর মানুষ উধাও হওয়ার গল্প শুনলে যে কেউ ভয় পাবে।
তারা কবরস্থানের এক নির্জন পথ ধরে দূরের এক বিশাল সমাধিসৌধের দিকে এগিয়ে চলল। এখানকার রাস্তা এবড়োখেবড়ো। আসিম একটা লণ্ঠন উঁচিয়ে পথ দেখাচ্ছে। অন্য সব কবরের মতো এই সমাধিটিও পুরনো বিবর্ণ পাথর দিয়ে তৈরি, এর সব কারুকাজ অনেক আগেই নষ্ট হয়ে গেছে। মাথার ওপর এক বিশালাকার গম্বুজ। ভেঙেচুরে গেলেও এখনো রাজকীয় ছাপটা আছে। তারা একটা কাঠের দরজার সামনে এসে থামল। ওতে সাদা চক দিয়ে লেখা: দ্য হারভেস্টার।
আসিম ফিসফিস করে বলল, ‘এটা আবার কেমন নাম? কী হারভেস্ট করে সে? কোন ফসল সংগ্রহ করে?’
ফাতেমা মাথা নাড়ল। সে নিজেও জানত না এটা কিসের ইঙ্গিত। দরজায় টোকা দিল দুবার। সাড়া না পেয়ে আবার টোকা দিল। নিস্তব্ধতা। হাতল ধরে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ভেতর থেকে এক উৎকট গন্ধ এসে ধাক্কা দিল নাকে।
‘পুরো মৃত্যুর গন্ধ!’ বমি সামলানোর চেষ্টা করছে আসিম।
শুধু মৃত্যু নয়, ফাতেমা রুমাল দিয়ে নাক চেপে ধরল—এটা পচা লাশের গন্ধ। সাবধানে অন্ধকার ঘরের ভেতরে ঢুকল সে। হাতের লাঠিটা দরজায় রেখে কোমরে থাকা মন্ত্রণালয়ের সার্ভিস পিস্তলটা শক্ত করে চেপে ধরল। আসিমের কাছ থেকে লণ্ঠনটা নিয়ে চারদিকে আলো ফেলল, তার পরেই দাঁড়িয়ে পড়ল স্থির হয়ে।
দেয়ালের সাথে একটা লাশ হেলান দিয়ে আছে। ওটা কোনো সাধারণ লাশ নয়, ওটা একটা ফেরেশতার দেহ—লোহা আর ইস্পাতের এক বিশাল স্তূপ। যান্ত্রিক শরীরটি প্রাণহীন পড়ে আছে, বুকের মাঝখানে একটা বড় ক্ষত। ফেরেশতা নিজে সেখান থেকে উধাও।
‘মনে হচ্ছে তাকে... খুবলে বের করে আনা হয়েছে,’ আসিম কাঁপাকাঁপা গলায় বলল। আঙুল দিয়ে দেখাল একটা জায়গা, ওখানে ধাতব পাতগুলো দুমড়ে-মুচড়ে খোলা হয়েছে, যেন কেউ খালি হাতে ছিঁড়ে ফেলেছে ওটা।
মেঝের ওপর লণ্ঠনের আলো ফেলল ফাতেমা। সেখানে ফেরেশতার সেই সাদা মুখোশটা ভেঙে পড়ে আছে। তার পাশেই, ফাতেমা দেখল, আরও কী যেন পড়ে আছে। সে নিচু হয়ে দেখল–ওগুলো সেই পরিচিত গ্লিফ, সাদা রঙে আঁকা। বাঁকানো শিং, কাস্তে, কুড়াল আর লতাগুল্মে ঢাকা সেই অর্ধচন্দ্র। ঠিক ওই জ্বিনের অ্যাপার্টমেন্টে যেমনটা ছিল। সে আসিমকে জিনিসটা দেখাবে, ঠিক তখনই অন্ধকারের কোণে কিছু একটা নড়াচড়া করে উঠল। ফাতেমা সতর্ক হওয়ার আগেই ঘটে গেল সব।
অন্ধকার থেকে কেউ একজন তার হাত চেপে ধরল খপ করে। এত জোরে চাপ দিল যে ফাতেমা ব্যথায় চিৎকার করে হাত থেকে ফেলে দিল লণ্ঠনটা। তার চোখের সামনে ভেসে উঠল অক্ষিকোটরহীন ফ্যাকাশে ধূসর এক মুখ আর কালো দাঁতের পাটি। একটা ঘুল!
ফাতেমা পিস্তল বের করার চেষ্টা করল–কিন্তু ঘুলটা তাকে পুতুলের মতো ঘুরিয়ে আছাড় মারল মেঝেতে। শক্ত মেঝের আঘাতে আর কাঁধের তীব্র যন্ত্রণায় তার দম আটকে এল। ঘুলরা মৃত হলেও তাদের গায়ে অসুরের শক্তি। ফাতেমা যদি এখনই নিজেকে ছাড়াতে না পারে, তবে ঘুলটা তার হাত ছিঁড়ে ফেলবে। উপস্থিত বুদ্ধিতে সে কোমরের সেই জাম্বিয়া খঞ্জরটা বের করল। অন্ধকারের মাঝেই ছুরিটা উঁচিয়ে দিল এক কোপ। ধারালো ছুরি পচা মাংস আর হাড় কেটে বসে গেল। ঘুলটার এক হাত শরীর থেকে আলাদা হয়ে সপাৎ করে মেঝেতে পড়ে গেল, সাথে সাথে কালো ছাই হয়ে গেল ওটা।
নিজেকে মুক্ত করে ফাতেমা লণ্ঠনের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। পুরো ঘর তখন ঘুলদের গর্জন আর ধস্তাধস্তির শব্দে মুখর। আসিমও নিশ্চয়ই কোনো পিশাচের সাথে লড়াই করছে। ফাতেমা লণ্ঠনটা কুড়িয়ে নিয়ে উঁচু করে ধরল। সেই আলোয় সে দেখল, সেই এক হাত কাটা ঘুলটা তার দিকে তাকিয়ে আছে–যদিও চোখের জায়গায় কেবল চামড়া। দাঁত বের করে কর্কশ স্বরে ঘুলটা বলে উঠল, ‘দ্য রাইজিং!’
পরক্ষণেই সে আবার ঝাঁপিয়ে পড়ল। এবার অবশ্য ফাতেমা তৈরি ছিল। নিজের পিস্তলের নল ঘুলটার দিকে তাক করে সরাসরি মাথায় গুলি করল সে। ঘুল থামানোর এটাই একমাত্র উপায়। সুতো কাটা পুতুলের মতো মাটিতে আছড়ে পড়ল ঘুলটা।
হঠাৎ ফাতেমার কাঁধে কারো হাতের স্পর্শ লাগতেই সে পিস্তল নিয়ে ঘুরে দাঁড়াল। দেখল আসিম দাঁড়িয়ে আছে, কপাল কেটে গিয়ে রক্ত ঝরছে।
‘ঘুল...’ আসিম কাঁপছে। ফাতেমা বুঝল, আসিম ওর দিকে তাকিয়ে নেই।
ফাতেমা ঘুরে লণ্ঠনটা উঁচু করে ধরল। আলোর রেখা গিয়ে পড়ল এক বিশাল দেয়ালের ওপর। কিন্তু ওটা দেয়াল নয়—শত শত নগ্ন, ফ্যাকাশে আর বিকৃত লাশের স্তূপ! জাদুর প্রভাবে এই মৃতদেহগুলো এখন বীভৎস রূপ নিয়েছে। পিশাচের দল একে অপরের ওপর চড়ে আছে, তাদের এই দুই জ্যান্ত মানুষের দিকে কোনো খেয়ালই নেই। তারা নিজেদের মধ্যে কিছু একটা ভাগাভাগি করে খাচ্ছে। তাদের লম্বাটে আঙুলের ফাঁকে কোনো একটা বস্তু ম্লান হয়ে জ্বলছে… এবং তারা রাক্ষসের মতো সেটা গিলছে।
‘ফেরেশতার মাংস,’ আসিম ভাঙা গলায় বলল। ‘ওরা খুবলে খাচ্ছে...’
ফাতেমার পাকস্থলী গুলিয়ে উঠল। আর সহ্য করা সম্ভব না। সে পিস্তল উঁচিয়ে পরপর তিনবার গুলি করল। আসিমও যোগ দিল। ঘুলের দল চিৎকার করে মেঝেতে পড়ে যেতে লাগল। তারপর হঠাৎ করেই পুরো লাশের পাহাড়টা ধসে পড়ল। পিশাচের দল ফ্যাকাশে কিম্ভুত সমুদ্রস্রোতের মতো ধেয়ে এল ওদের দিকে।
ফাতেমা পিছিয়ে এল, শক্ত করে ধরল ছুরিটা। কিন্তু তারা আক্রমণ করল না। ঘুলগুলো ফাতেমা আর আসিমকে পাশ কাটিয়ে তীরের বেগে বেরিয়ে গেল, যেন তারা দুজন মাঝনদীতে দাঁড়িয়ে থাকা কোনো দ্বীপ। ঘুলদের পেটগুলো অস্বাভাবিকভাবে ফুলে ঢোল হয়ে আছে, যেন ফেটে যাবে। তারা চার হাত-পায়ে পশুর মতো দৌড়ে সদর দরজা দিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো ঘর ফাঁকা হয়ে গেল। শুধু ফাতেমা আর আসিমের হাঁপানোর শব্দ শোনা যাচ্ছে।
‘আমরা কি এখনো বেঁচে আছি?’ নিস্তব্ধতার মাঝে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল আসিম।
ফাতেমা দীর্ঘশ্বাস ফেলল। ওরা বেঁচে আছে ঠিকই, কিন্তু সাথে করে নিয়ে এসেছে এমন সব উত্তর, যা তারা শুরুতে ভাবতেও পারেনি।