দ্বিতীয় ভাগ

কফিটা ঠান্ডা হয়ে গেছে। ফাতেমা সেটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ভাবল, কোনো যন্ত্রদাসকে ডেকে এটা গরম করে দিতে বলবে কি না। কিন্তু সত্যি বলতে, কফি খাওয়ার মতো রুচি এখন ওর নেই। রাস্তার পাশের এই আবিসিনীয় কফিশপটা ২৪ ঘণ্টাই খোলা থাকে। কফিশপের জানালার দিকে তাকাল সে। জানালার কাচের ওপর সোনালি আমহারিক হরফে নাম লেখা।

‘আমাদের লোকেরা পুরো সমাধিসৌধটা তল্লাশি করেছে।’ মুখভর্তি মিষ্টি বাকলাভা চিবোতে চিবোতে আসিম বলল, ‘ওরা নিশ্চিত করেছে, এই হারভেস্টারই ছিল আমাদের সেই নেক্রোম্যান্সার–জাদুকর।’

ফাতেমার এই নিশ্চয়তার প্রয়োজন ছিল না। সে নিজেই সেখানে জাদুর সরঞ্জাম আর কিতাব আল-কিমিয়া র কপি দেখেছে। নেক্রোম্যান্সাররা সাধারণত পচা লাশ থেকে ঘুল বানানোর জন্য জাদুর এক বিকৃত রূপ ব্যবহার করে। কিন্তু আজ রাতে সে যা দেখেছে, তাতে শহরের সাম্প্রতিক হামলার রহস্য পরিষ্কার হয়ে গেছে। হারভেস্টার তার সাঙ্গপাঙ্গদের পাঠিয়ে জ্যান্ত মানুষ চুরি করছিল, যাতে টাটকা শরীর দিয়ে ঘুল বানানো যায়। জায়গাটা ছিল জ্যান্ত মৃতদেহ তৈরির ল্যাবরেটরি।

‘একটা দলছুট ফেরেশতা!’ আসিম মাথা নাড়ল। ‘এই শহরের এ কী অবস্থা হচ্ছে দিনদিন?’

‘ওরা আসলে ফেরেশতা না।’ ফাতেমা ওকে মনে করিয়ে দিল।

‘তা তো বটেই।’ গোঁফ থেকে মিষ্টির গুঁড়ো ঝাড়তে ঝাড়তে আসিম বলল, ‘তা ওরা যা-ই হোক না কেন, দেখা যাচ্ছে ওরাও বিগড়ে যেতে পারে। এই হারভেস্টারের নিজের সৃষ্টিই তাকে শেষ করে দিল। চিন্তা করার মতো ব্যাপার, তাই না?’

‘এক পাল ঘুল মিলে ওদের একজনকে হারিয়ে দিল যে সেটা? উঁহু, গভীর বা চিন্তা করার মতো কিছু না। বিষয়টা আসলে অবিশ্বাস্য।’

আসিম কাঁধ ঝাঁকাল। ‘তুমি আর আমি তো একই জিনিস দেখলাম। ওরা ওকে... ছিঁড়ে খাচ্ছিল।’ মুখ বিকৃত করল ইন্সপেক্টর, যদিও এতে ওর খাওয়ার রুচিতে কোনো প্রভাব পড়েছে বলে মনে হলো না।

‘অথচ সেই ঘুলগুলোই আমাদের কোনো ক্ষতি না করে ছেড়ে দিল!’

‘ওরা আমাদের কামড়ে ধরলে তুমি খুশি হতে? ওদের বোধ হয় পেট ভর্তি ছিল।’

‘ফেরেশতা পরিষদ কী বলছে?’

আসিমের বাঁকা হাসিতেই উত্তর পাওয়া গেল।

‘বুঝতে পেরেছি,’ বিড়বিড় করল ফাতেমা। ‘বরাবরের মতোই নিশ্চুপ।’

‘হ্যাঁ। এসব উচ্চবর্গের প্রাণীরা আমাদের মতো তুচ্ছ মানুষদের সাথে কথা বলতে খুব একটা পছন্দ করে না।’ আস্ত একটা বাকলাভা মুখে পুরে নিল সে। ‘তবে আমাদের সেই মৃত জ্বিন “সেন্নার” ব্যাপারে খার্তুম থেকে খবর এসেছে। জানা গেছে, ওকে ওদের আস্তানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানকার শেখ তার বিরুদ্ধে “অনুপযুক্ত চর্চা”র অভিযোগ এনেছিলেন।’

ফাতেমা ভ্রু কুঁচকাল। ‘এর মানে কী?’

আঙুলের ডগা থেকে চিনির গুঁড়ো ঝাড়তে ঝাড়তে আসিম বলল, ‘বিপ্লবী সুফিদের এসব কথার মানে বোঝা দায়। এসব আধ্যাত্মিক-রাজনৈতিক প্যাঁচাল শুনলে আমার মাথা ধরে, বুঝলে? কিছু মানুষকে মার্ক্স পড়তে দিলে এই অবস্থাই...’

ওর কথায় বাধা দিল ফাতেমা, ‘তার মানে সেন্নারের মৃত্যুটাকে আত্মহত্যা বলেই ধামাচাপা দেওয়া হচ্ছে?’

‘তুমি নিজেই তো বললে,’ আসিম তাকে মনে করিয়ে দিল।

‘কিন্তু আমরা এখনো কিছুই জানতে পারিনি। ওর সব রক্ত গেল কোথায়? আর ওই গ্লিফগুলো—ওগুলো তো সমাধিসৌধের সেই চিহ্নের মতোই। একটা মৃত জ্বিন আর একটা মৃত ফেরেশতা? এত সব নিশ্চয়ই কাকতালীয় হতে পারে না। এর মধ্যে কোনো না কোনো যোগসূত্র অবশ্যই আছে।’

আসিম একটা দীর্ঘশ্বাস ফেলে হাত ভাঁজ করে হেলান দিয়ে বসল। ‘হয়তো তোমার কথাই ঠিক। কিন্তু ওদের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন, মরার সময় তারা সেটা সাথে করে নিয়ে গেছে। খোদা চাইলে আপদ ওখানেই শেষ।’

ফাতেমা সামনে ঝুঁকে এল। ‘আর যদি শেষ না হয়?’ সে গলা নামিয়ে বলল, ‘আমি তো তোমাকে বলেছি, ওই ঘুলটা আমাকে কী বলেছিল–‘দ্য রাইজিং’। উত্থান। ওই জ্বিনটার অ্যাপার্টমেন্টের সেই কালো হ্রদের ছবিতেও একই কথা লেখা ছিল।’

বিরক্ত আসিম ভ্রু কুঁচকাল। ‘আমি এমন কিছু শুনিনি। তা ছাড়া ঘুলরা কথা বলতে পারে না। ওরা শুধু—’ সে একটা ভেংচি কেটে নখ দিয়ে খামচানোর ভঙ্গি করল। ‘তখন অনেক কিছু ঘটছিল, বুঝলে? তোমার হয়তো শুনতে ভুল হয়েছে।’

ফাতেমা ওর কফির কাপের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কারণ কথাটা আসিম ঠিকই বলেছে। ঘুলদের বিচার-বুদ্ধি বলতে কিছু নেই, কথা বলা তো বহুদূর। ওরা কখনোই কথা বলে না। কিন্তু ওই ঘুলটা বলেছে। নাকি ওর আসলেই শুনতে ভুল হয়েছে?

‘যে ঘুলগুলো পালিয়ে গেল, ওদের কী হবে?’

‘লোক লাগানো আছে। আশা করি, শিগগিরই ওদের খোঁজ পাওয়া যাবে। শহরে সব সময়ই ঘুল থাকে। ধন্য হে আল-জাহিজ!’ হাত মুছে উঠে দাঁড়াল আসিম। ‘কায়রো পুলিশের ধারণা, এই কেস এখানেই শেষ। অন্তত একজন নেক্রোম্যান্সারকে তো থামানো গেল। এক রাতের কাজ হিসেবে মন্দ না।’

ফাতেমা আরও গম্ভীর হয়ে গেল। ‘মন্ত্রণালয় থেকে আমাকেও একই বার্তা পাঠানো হয়েছে।’

‘তাহলে আমি যা করছি, তুমিও তা-ই করো। বাড়ি যাও, একটু ঘুমিয়ে নাও। সকালে অনেকগুলো কাগজ নিয়ে বসতে হবে। আধুনিক পৃথিবী মানেই এক গাদা কাগজ এবং নানারকম কাজ। আমার দাদার আমলেও এসব ঝামেলা ছিল না।’ সে একটা শ্বাস ফেলে বলল, ‘স্রষ্টা তোমার সহায় হোন, ইনভেস্টিগেটর।’

‘স্রষ্টা তোমারও মঙ্গল করুন, ইন্সপেক্টর।’

আসিম চলে যাওয়ার পর ফাতেমা একা বসে রাতের সব ঘটনা জোড়া লাগানোর চেষ্টা করল। কিন্তু কিছুই মিলছে না। যেন সে এমন একটা ধাঁধার সমাধান করার চেষ্টা করছে, যার অর্ধেক টুকরোই তার কাছে নেই। বিরক্ত ফাতেমা নিজের হ্যাট খুলে চুলে হাত বোলাল। তারপর একটা হতাশার শ্বাস ফেলে টেবিলের ওপর কিছু টাকা রেখে বেরিয়ে এল কফিশপ থেকে। হয়তো আসিমের পরামর্শ অনুসারে এসব চিন্তা বাদ দিয়ে খানিকটা বিশ্রাম করে নিলেই ভালো হবে।

পকেট ঘড়িটা বের করে খুলল এরপর। ভেতরে ছোট ছোট গিয়ার ঘুরছে–সেই সাথে অর্ধচন্দ্রটি নড়ছে আর টিকটিক শব্দ হচ্ছে। ভোর হতে এখনো কয়েক ঘণ্টা বাকি, যদিও কায়রোর এই অংশটা কখনো ঘুমায় না। ঘড়িটা পকেটে রেখে সে ভাবছিল, গাড়ি নেবে, নাকি ওপরের ট্রামে চড়বে–ঠিক তখনই কেউ একজন এসে ওকে ধাক্কা দিল। কালো পোশাক পরা এক লোক। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল ব্যাপারটা। লোকটা ক্ষমা চাওয়ার জন্য থামলও না, ভিড়ের ভেতরে মিলিয়ে গেল দ্রুত পায়ে। লোকটার অভদ্রতা দেখে মনে মনে গালি দিল ফাতেমা। মাঝেমধ্যে এই শহরটা–

হঠাৎ কোটের বুক পকেটে হাত দিয়ে থমকে গেল সে। পকেটটা খালি! ওর ঘড়িটা নেই। ওটা একটা পকেটমার! সে একটা সামান্য পকেটমারের পাল্লায় পড়ল!

রাগে গজগজ করতে করতে সে লোকটার খোঁজে চারদিকে তাকাল। অন্য কিছু হলে সে ছেড়ে দিত, কিন্তু এই ঘড়িটা ছেড়ে দেওয়া ওর পক্ষে সম্ভব না। কফির দোকান আর হুক্কা-বারগুলোর সামনে অনেক মানুষ ঘুরছে। তবে সে লোকটাকে ঠিকই চিনে ফেলল–রাস্তার ঠিক অন্য প্রান্তে। লোকটা থামল, ফাতেমার ঘড়িটা চেইন ধরে দোলাচ্ছে। অর্থাৎ ওকে নিয়ে মজা নিচ্ছে। এক মুহূর্ত–এরপর আবার ঝেড়ে দৌড়।

লোকটার পিছু নিল ফাতেমা। রাতটা এমনিতেই ভালো যাচ্ছে না। আর কতটা খারাপ হবে এই রাত? লোকটা বেশ জোরে দৌড়াচ্ছে, কিন্তু ফাতেমাও কম যায় না–এমনকি এই জুতো পরেও সে বেশ দ্রুত দৌড়াতে পারে। পথচারীদের পাশ কাটিয়ে লোকটার পেছনে আঠার মতো লেগে রইল সে। লোকটা হঠাৎ রাস্তার কোণ ধরে মোড় নিলে ফাতেমাও মোড় ঘুরল। ঘুরেই দেখল, এটা একটা গলি–একটা দেয়ালের সামনে গিয়ে শেষ হয়ে গেছে। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। ফাতেমা ওর পিস্তলটা বের করল। রাতের কায়রোতে পকেটমারের চেয়েও বিপজ্জনক কিছু ওঁৎ পেতে থাকতে পারে। অস্বাভাবিক কিছু হবে না সেটা।

‘আমি শুধু আমার ঘড়িটা ফেরত চাই!’ চিৎকার করে সে বলল। মনে মনে ভাবল, কয়েকটা লাথিও উপহার দেবে। ‘ঘড়িটা দিয়ে দাও। আমার কাছে অস্ত্র আছে।’

গলিটার ভেতরে ঢুকল সে, শুধু নিজের জুতোর শব্দ ছাড়া আর কিছু শুনতে পাচ্ছে না। হঠাৎ কারো নিশ্বাসের শব্দ পেল। শব্দটা ওর নিজের না। দ্রুত ঘুরল সে, কালো পোশাক পরা সেই মূর্তিটা বেরিয়ে এল অন্ধকার থেকে। লোকটা ওর পেছনে গেল কীভাবে? লোকটার মুখ কালো কাপড়ে ঢাকা, শুধু জ্বলজ্বলে চোখ দুটো দেখা যাচ্ছে।

ফাতেমা পিস্তল নাড়িয়ে আদেশ দিল, ‘খবরদার! একদম নড়বে না!’

চোখের পলক ফেলল কেবল একবার, ব্যস। চোখের নিমেষে লোকটা ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। এত দ্রুত! ধারালো কিছু একটা দিয়ে আঘাত করে ওর হাত থেকে পিস্তলটা ফেলে দিল সে। পাথরের মেঝেতে ছিটকে পড়ল ওটা। এক ঝলক রূপালি আভা চোখে পড়ল ওর। লোকটার আঙুলের মাথায় রূপালি নখ লাগানো। আসল নখ? ভাবার সময় পেল না, আবার আক্রমণ করল লোকটা। হাতের নখ দিয়ে এক কোপে ফাতেমার স্যুটের বুকটা ফালি ফালি করে ছিঁড়ে ফেলল। মুখ দিয়ে আর্তনাদ বেরোল ফাতেমার। ওর শখের স্যুটটার দফারফা হয়ে গেছে।

কিন্তু ও দমে যাওয়ার পাত্রী না। এবারে নিজের লাঠিটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করল–লাঠি দিয়ে ঠেকাল, কোপ দিল, এমনকি গেঁথে ফেলারও চেষ্টা করল সে। এই লাঠিটা শুধু লোক দেখানোর জন্য না। লোকটা তার রূপালি নখ দিয়ে লাঠির আঘাত ঠেকাতে লাগল–প্রতিবার ধাতব সংঘর্ষে ঝিলিক দিচ্ছে আগুনের ফুলকি। জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে গেল ফাতেমা, সে শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে।

কিন্তু লোকটা কখন নিচ দিয়ে ল্যাং মারল, সেটা ও টেরই পেল না। সজোরে মেঝেতে আছড়ে পড়ল ফাতেমা। লোকটা সাথে সাথে ওর ওপর চড়ে বসল, গলায় চেপে ধরল একটা কালো ছুরি। ফাতেমা আর নড়াচড়া করল না, শুধু সেই অন্ধকার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটা যখন ওর মুখের কাছে ঝুঁকে এল, ফাতেমা ভাবল, এবারে হয়তো আঘাত করবে। কিন্তু তার বদলে শোনা গেল একটা অদ্ভুত আওয়াজ, বিড়ালের ডাকের মতো।

‘চমৎকার,’ একটা মায়াবী নারী কণ্ঠ শোনা গেল। পুরুষ নয়, তবে কি কোনো নারী? বোকামি হয়ে গেছে।

‘খোকাবাবু, তুমি এতক্ষণ টিকবে ভাবিনি।’ ফাতেমার গলার শিরায় ধারালো নখ বোলাচ্ছে মেয়েটা। ‘এরকম সুন্দর স্যুট পরে এলে আবার লড়াইয়ের সুযোগ পাবে, কথা দিচ্ছি।’ মেয়েটার চোখ সরু হয়ে এল। ‘আমাদের কাছে একটা জিনিস আছে। তুমি হয়তো ওতে আগ্রহী হবে।’

আমাদের?

ফাতেমার গলায় রাগ, ‘আমার ঘড়িটার কথা বলছ?’

সোনালি ঘড়িটা ফাতেমার বুকের ওপর ছুড়ে দিল মেয়েটা। ‘না, অন্য কিছু। জিনিসটা তুমি আর ওই ইন্সপেক্টর মিস করেছ।’ এক মুহূর্ত থেমে ফিসফিসাল সে, ‘ দ্য রাইজিং!’

বিস্ফারিত চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল ফাতেমা। কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটা ওর হাতে একটা জিনিস গুঁজে দিল। ‘হাউস অব দ্য লেডি অব স্টারস-এ চলে এসো। আমাদের জিনিসগুলো দেখে যেও।’

এই বলে এক লাফে ছিটকে গেল মেয়েটা, দেয়াল বেয়ে উঠে গেল অবলীলায়। ফাতেমা কষ্টেসৃষ্টে উঠে দাঁড়াল, অবাক চোখে তাকিয়ে আছে মেয়েটার গমনপথের দিকে। ছাদে পৌঁছে মেয়েটা শুধু একবার পেছনে ফিরে তাকাল, তারপর মিলিয়ে গেল ঝড়ের বেগে।

ফাতেমা হাঁ করে তাকিয়েই রইল। এটা নিশ্চয়ই জাদু। জাদু ছাড়া কেউ এভাবে চলাফেরা করতে পারে না। হাতের জিনিসটার দিকে তাকাল এবারে–একটা ব্রোঞ্জের মুদ্রা। একপাশে একটা গরুর ছবি খোদাই করা, অন্যপাশে এক নারীর ছবি। মহিলার মুখে শান্ত হাসি; মাথায় দুটি বাঁকানো শিং আর তার মাঝে একটা চাকতি। ছবিটা ফাতেমা খুব ভালো করেই চেনে।

এর মানে হলো, ঘুম আপাতত ওর কপালে নেই। ওকে এখন এক ফরচুন-টেলারের কাছে যেতে হবে।


খান আল-খালিলি বাজারের ভিড় ঠেলে এগিয়ে চলেছে ফাতেমা। দেহরক্ষীবেষ্টিত, প্যারিসীয় লম্বা গাউন আর ধবধবে সাদা নেকাব পরা একজোড়া নারী ওকে পাশ কাটিয়ে গেল। ইদানীং সাধারণ মানুষের এলাকায় ধনীদের এমন নৈশভ্রমণ একধরনের ট্রেন্ড হয়ে উঠেছে। কায়রোর অন্যতম প্রাচীন এই বাজারটি রাতের এসব জমায়েত ও আড্ডার প্রাণকেন্দ্র। গ্যাসলাইটের কল্যাণে এই বাজার এখন আর কখনো বন্ধ হয় না।

দিনের ব্যবসায়ীরা সন্ধ্যায় বিদায় নেয় ঠিকই, কিন্তু রাতের বিক্রেতারা লণ্ঠনের আলোয় ভোর পর্যন্ত বাজার জমিয়ে রাখে। কোথাও কাঠের দোকান, কোথাও সাধারণ স্টল–পণ্য উপচে পড়ছে সবখানে। ঝুলন্ত সোনালি তামাটে ল্যাম্প থেকে শুরু করে বিশালাকার এয়ারশিপের ইঞ্জিনের ব্যারোমেট্রিক গেজ–কী নেই! এই শেষ রাতেও খোলা বাজারের দরদাম আর হট্টগোল থামেনি। তার সাথে মিশে আছে ঝাঁঝালো মশলা, তাজা রুটি আর সুগন্ধি তেলের কড়া ঘ্রাণ। ইন্দ্রিয়গুলোকে আচ্ছন্ন করার জন্য এটুকুই যথেষ্ট।

মূল বাজার ছেড়ে পাশের একটা সরু গলিতে ঢুকে পড়ল ফাতেমা। ‘হাউস অব দ্য লেডি অব স্টারস’-এর পাশেই একটা ওষুধের দোকান–দুটোয় ঢোকার মূল দরজা একটিই। মূল দরজা ধরে ঢুকলে দুটো দরজা চোখে পড়বে। একদিকের দরজা দিয়ে ঢুকলে কড়া গন্ধের ভেষজ লতাপাতার স্তূপ দেখা যায়, অন্য দরজায় ঝুলছে এক ভাগ্যগণনাকারীর চিহ্ন। দরজায় আঁকা বিশাল এক নীল চোখ, ওটার চারপাশ ঘিরে আছে সোনালি তারা আর জ্বলন্ত লাল মোমবাতি।

ভেতরে ঢুকে ফাতেমা দেখল, এক বৃদ্ধা ছোট্ট এক মেয়েকে নিয়ে টেবিলে বসে আছে। ভোরের এই নিস্তব্ধতায় মেয়েটির এখনো জেগে থাকাটা বেশ অদ্ভুত। তারা দুজনেই একটা চারকোনা বোর্ডের ওপর ঝুঁকে আছে। সেখানে গ্রিড করা ঘরের ওপর বিভিন্ন আকৃতির ঘুঁটি সাজানো। সেনেট। মিসরে গত দুই হাজার বছর ধরে এই খেলা কেউ খেলে না। কিন্তু এখানে এ জিনিস দেখে ফাতেমা অবাক হলো না।

বৃদ্ধা মুখ তুলে তাকালেন। তাঁর কালো চামড়ার ভাঁজে হাসি ফুটল। ‘তোমার ওপর শান্তি বর্ষিত হোক, মা। লেডি অব স্টারসের ঘরে তোমাকে স্বাগত। আমি কীভাবে–’

ব্রোঞ্জের মুদ্রাটি উঁচু করে ধরে তাঁকে মাঝপথে থামিয়ে দিল ফাতেমা। তীক্ষ্ম গলায় বলল, ‘মেরিরা।’

বৃদ্ধার হাসি আর চামড়ার ভাঁজ–দুই-ই মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল, চাউনি হয়ে উঠল তীক্ষ্ণ। ‘আজকালকার কিশোর-কিশোরীদের কি বড়দের সাথে কথা বলার নূন্যতম আদবকেতাও নেই?’ বৃদ্ধার গলা কর্কশ শোনাচ্ছে।

লজ্জায় মুখ লাল হয়ে গেল ফাতেমার, মাথা নিচু করল সে। ‘মাফ করবেন, খালাম্মা। আপনার ওপরও শান্তি বর্ষিত হোক। আমি এই বাড়ির মালিক মেরিরার সাথে দেখা করতে এসেছি।’

বৃদ্ধা সন্তুষ্ট চিত্তে মাথা ঝাঁকালেন। ‘ঠিক আছে, মা। এসো, মেরিরা তোমার জন্যই অপেক্ষা করছে।’ তিনি ঘুরে ফাতেমাকে অনুসরণ করতে ইশারা করলেন। সেই ছোট মেয়েটি কাজল কালো চোখে ওদের চলে যাওয়া দেখছে। নীল আর সোনালি পুঁতির একটা লম্বা পর্দা পেরিয়ে সরু করিডোর ধরে একটা দরজার সামনে পৌঁছে থামল ওরা। বৃদ্ধা দরজায় নির্দিষ্ট ছন্দে কয়েকটা টোকা দিলে দরজা খুলে গেল।

ফাতেমা একটা গোপন কক্ষে প্রবেশ করল। উজ্জ্বল প্রদীপের আলোয় জায়গাটা ঝলমল করছে। দামী মেহগনি টেবিল আর কুশন-মোড়া চেয়ার দিয়ে ঘরটা রাজকীয়ভাবে সাজানো। দেয়ালজুড়ে কয়েক শতাব্দী আগে হারিয়ে যাওয়া রঙিন সব প্রতীক আর প্রাচীন রাজা-রানিদের ম্যুরাল।

ঘরে প্রায় ডজনখানেক নারী, সবাই পাতলা সাদা পোশাক পরা। কেউ কেউ ছোট ছোট দলে ভাগ হয়ে ফিসফিস করে কথা বলছে। কেউ-বা ধূপ জ্বালিয়ে, ঘণ্টা বাজিয়ে পাঠ করছে কোনো এক প্রাচীন মন্ত্র। তবে ঘরের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো কালো গ্রানাইট পাথরের তৈরি বিশাল এক উপবিষ্ট নারীমূর্তি–মুদ্রার সেই নারীটিই। মাথায় তার ভেড়ার বাঁকানো শিং আর মাঝখানে একটা গোল চাকতি। হাথোর–আকাশের দেবী।

পৃথিবীতে জ্বিন আর ফেরেশতাদের আবির্ভাব অনেককে যেমন আস্তিক করে তুলেছে, তেমনি পুরোনো বিশ্বাস নিয়ে প্রশ্ন জাগিয়েছে অনেকের মনে। ফলে প্রাচীন মিসরীয় ধর্মের অনুসারীরা আবার জেগে উঠেছে। ‘পৌত্তলিক’ বলে অপবাদ দেওয়া হতো দেখে গোপনে এসব আস্তানা তৈরি করেছে তারা। তাদের সঠিক সংখ্যা কেউ জানে না, তবে মন্ত্রণালয়ের ধারণা, এরা অন্তত কয়েক হাজার তো হবেই। দিন দিন এই সংখ্যা সম্ভবত বাড়ছে।

ফাতেমাকে একটা বড় ডিভানের কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে সোনালি নকশাদার পোশাক পরা এক মাঝবয়সী নারী বসে। কাঁধের ওপর কালো বিনুনি করা পরচুলা ঝুলে আছে। মেহেদী মাখা আঙুল দিয়ে টেবিলের ওপর কিছু চারকোনা কার্ড সাজাচ্ছিল। কোলে একটা কালো বিড়াল শুয়ে আছে; বিড়ালটার নাকে-কানে সোনালি অলঙ্কার, গলায় নীলকান্তমণির মালা।

এ নারীর ডানপাশে অস্বাভাবিক দীর্ঘ আরেক নারী দাঁড়িয়ে। চামড়া ফিরোজা রঙের, চোখগুলো পান্না-সবুজ। শরীরটা বাতাসের মতো হালকা, যেন অদৃশ্য কোনো হাওয়ায় তার সাদা পোশাক দুলছে। একটা জ্বিন। জ্যান প্রজাতির এরা, প্রাকৃতিক উপাদানে তৈরি। অস্বাভাবিক না, জ্বিনদেরও এখন নানারকম ধর্মবিশ্বাস আছে।

তাদের বাঁ পাশে সেই পরিচিত লাল পোশাক পরা তরুণীটি দাঁড়িয়ে। তার কোঁকড়ানো চুলগুলো কাঁধের ওপর সিংহের কেশরের মতো ছড়িয়ে আছে। দেয়ালে হেলান দিয়ে অলস ভঙ্গিতে ফাতেমার সেই পরিচিত কালো খঞ্জরটা আঙুলের ডগায় ঘুরাচ্ছে। ফাতেমা ওর চোখের দিকে তাকাল–মেয়েটার গায়ের রঙের মতোই কালো সেই চোখ। ঠোঁটের কোণে বাঁকা হাসি।

‘তোমার ওপর শান্তি বর্ষিত হোক, ইনভেস্টিগেটর,’ বসা নারীটি ডাক দিল। ‘এখানে এসে বসো, প্লিজ।’

ফাতেমা অনিচ্ছাসত্ত্বেও বসল। ‘মেরিরা,’ কেবল নাম ধরে এটুকু সম্ভাষণই জানাল সে। মেরিরা এখানকার স্থানীয় হাথোর উপাসক দলের প্রধান পুরোহিত। ফাতেমা আগেও ওর সাথে কাজ করেছে। মেরিরার গোলগাল গাল দুটো দেখে মনে হয় বুঝি সব সময় হাসছে; কিন্তু ফাতেমা জানে, এই মাতৃত্বসুলভ চেহারার আড়ালে ইস্পাত-কঠিন বুদ্ধিমান মস্তিষ্ক লুকিয়ে আছে।

‘তুমি খুব বিরক্ত মনে হচ্ছে,’ নীল কাজল মাখা চোখে ফাতেমার দিকে তাকাল মেরিরা।

‘পরের বার আমাকে দরকার হলে একটা চিরকুট পাঠালেই হবে।’ ছুরি হাতে তরুণীটির দিকে তাকাল সে। মেয়েটা ওর উদ্দেশে চোখ টিপল।

লজ্জা পাওয়ার ভান করল মেরিরা। ‘আমাদের ক্ষমা করো। সিতি কেবল সংবাদবাহক হিসেবে গিয়েছিল। কিন্তু ওর রক্তে সেখমেতের (সিংহী দেবী) তেজ একটু বেশিই, তাই হয়তো মাঝেমধ্যে বাড়াবাড়ি করে ফেলে।’ পুরোহিত তরুণীটির দিকে কড়া চোখে তাকালে তার হাসি থেমে গেল।

সিতি–নামটা তাহলে সিতি? ফাতেমা ভাবল। ‘এসবের মানে কী মেরিরা? আমি তো জানতাম, তোমরা গোপনে থাকতে চাও। মন্ত্রণালয়ের এজেন্টের ওপর চড়াও হওয়া তো তোমাদের স্বভাব না!’

‘আমরা মহাপ্রলয়ের কাছাকাছি পৌঁছে গেছি, ইনভেস্টিগেটর,’ জ্যান জ্বিনটি প্রতিধ্বনির মতো গলায় বলল। ‘হাতে সময় খুব কম।’ ফাতেমা ভ্রু কুঁচকে তার দিকে তাকাল, তারপর উত্তরের অপেক্ষায় ফিরল মেরিরার দিকে।

‘আজ রাতে তুমি অনেক কিছু দেখেছ,’ পুরোহিত বলল। টেবিলের কার্ডগুলো উল্টে দিল সে। প্রতিটা কার্ডে সেই পরিচিত চিহ্নগুলো দেখা গেল: বাঁকানো শিং, কাস্তে, হুকওয়ালা কুড়াল আর লতাগুল্মে ঘেরা অর্ধচন্দ্র।

ওই চিহ্নগুলো দেখে ফাতেমা আর নিজেকে সামলাতে পারল না। টেবিলের ওপর ঝুঁকে পড়ল। ‘খেলা বন্ধ করো মেরিরা! এসব তুমি জানলে কীভাবে?’

মেরিরা মৃদু হাসল। ‘আমাদের হয়তো অন্ধকারের আড়ালে থাকতে হয়, কিন্তু রা-র চোখ সব দেখতে পায়।’ সে ইশারা করতেই কোণা থেকে বেরিয়ে এল আরেক নারী। অন্যদের মতোই ওর পরনেও পাতলা সাদা গাউন। পুরোহিতের পাশে এসে বসল মেয়েটা, বড় বড় সবুজ আতঙ্কিত চোখে তাকাল ফাতেমার দিকে।

‘রিকা আমাদের কাছে আশ্রয় চাইতে এসেছিল।’ মেরিরা বলল, ‘এক জ্বিনের সাথে ওর সম্পর্ক ছিল।’

ফাতেমার ভ্রু কুঁচকে গেল। মৃত জ্বিনের সেই গ্রিক প্রেমিকা? আসিমের বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। ‘এর সাথে তোমার কী সম্পর্ক?’

রিকা পুরোহিতের দিকে তাকাল, মেরিরা মাথা নাড়লে বলতে শুরু করল সে। ‘আমি সেন্নারের সাথে এক গণিকালয়ে দেখা করি।’

ওর কথায় গ্রিক টান স্পষ্ট। ‘সে আমাকে পছন্দ করত। বলত, আমার চোখ দুটো নাকি ওর খুব প্রিয়। ‘ভালোই টাকা দিত, তাই…’ কাঁধ ঝাঁকাল মেয়েটা। ‘কিন্তু ধীরে ধীরে ও আমার প্রতি পাগল হয়ে উঠল। চাইত, আমি যেন শুধু ওর সাথেই সময় কাটাই। টাকা ঠিকঠাক দিলে আমার তাতে কোনো আপত্তি ছিল না। কিন্তু তারপর ও আমাকে অদ্ভুত সব কথা বলতে শুরু করল।’ রিকা থেমে গেল। কিন্তু মেরিরা আবার ইশারা করলে বলতে শুরু করল সে।

‘ও আমাকে অন্য জগতের গল্প শোনাত। বলত, জ্বিনের জগতের ওপারে এমন সব জায়গা আছে, যেখানে দেবতারা বাস করেন। এমন সব দেবতা, যাদের নাম মুখে নিলেও মানুষ পাগল হয়ে যাবে।’

ফাতেমা মাথা নাড়ল। ‘কী বলছ, কিছুই তো বুঝতে পারছি না।’

জ্যান জ্বিনটি এ সময় সামনে এগিয়ে এল, লতাগুল্মে ঘেরা অর্ধচন্দ্র আঁকা কার্ডটির দিকে ইশারা করল। ‘জ্বিনেরা একসময় তাদের নিজস্ব দেবতাদের পূজা করত, ইনভেস্টিগেটর। অতি প্রাচীন সব সত্তা, যারা কাফ নগরীর বাইরের অন্ধকার, শীতল জগতে বাস করে। তুমি দেখছ না, সেই অন্ধকার থেকে তারা আবার জেগে উঠছে?’

ফাতেমা অর্ধচন্দ্রটির দিকে তাকাল। প্রথমবারের মতো সে বুঝতে পারল, ওটা আসলে দিগন্তে সূর্য উদিত হওয়ার মতো কিছু একটা। বিড়বিড় করে বলল, ‘দ্য রাইজিং।’

রিকা আবার বলা শুরু করল, ‘সেন্নার গর্ব করে বলত, সেই পুরোনো দেবতারা শিগগিরই এই জগতকে নিজেদের করে নেবে। বলত, ও মরার পর আবার জেগে উঠবে। ও আমাকে কথা দিয়েছিল, যখন সবাই ধ্বংস হয়ে যাবে, তখন সে আমাকে সাথে রাখবে। আমি হবো ওর... পোষা প্রাণী।’ ঘৃণায় চোখ জ্বলজ্বল করছে মেয়েটার। ‘বড় বড় বন্ধুদের গল্প শোনাত ও। একবার প্রমাণ চেয়েছিলাম। তখন সে আমাকে একটা পালক দেখিয়েছিল। আপনি কি ওটা পেয়েছেন, ইনভেস্টিগেটর? যেখানে আমি রেখে এসেছিলাম?’

বিস্ময়ে বিমূঢ় ফাতেমা রিকার দিকে তাকাল। আসিম এই মেয়েটিকে একদমই চিনতে পারেনি। ‘তুমি পুলিশের কাছে যাওনি কেন? মন্ত্রণালয়কে কেন জানালে না?’

রিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ‘আমি? একটা মারিদ জ্বিনের বিরুদ্ধে কথা বলব? ওর অত শক্তিশালী বন্ধুদের বিরুদ্ধে? তাহলে আমার কী হতো? কোনো অন্ধকারের দেবতা আমাকে আর বাঁচিয়ে তুলত না। আজ রাতে সেন্নারকে যখন ওভাবে পড়ে থাকতে দেখলাম, বুঝলাম, প্রলয় শুরু হয়ে গেছে। আমি পালিয়ে এলাম। সিতি আমার বন্ধু, সে-ই আমাকে এখানে লুকিয়ে রেখেছে। আমি পবিত্র মাকে... পুরোহিতকে সব বলেছি।’

‘আর এখন আমরা তোমাকে বলছি,’ মেরিরা শেষ করলেন।

‘ঠিক কী বলছ তোমরা?’

‘জ্বিনদের এক প্রাচীন ভবিষ্যদ্বাণীর কথা।’ জ্যান বলল, ‘সেই ভবিষ্যদ্বাণী আজ রাতেই কার্যকর হতে যাচ্ছে। বলা হয়, এ জন্য তিনজনকে উৎসর্গ করতে হবে, যারা স্বেচ্ছায় প্রাণ দেবে।’ কার্ডের শিংয়ের দিকে আঙুল তাক করল সে। ‘দ্য র‍্যাম। বৃদ্ধ এবং শক্তিশালী। তার রক্ত সবার আগে দেওয়া হয়েছে।’

ফাতেমা বুঝতে পারল। ‘সেন্নার। এক্সস্যাঙ্গুইনেশন–রক্ত শুষে নেওয়ার জাদু।’

জ্যান মাথা নেড়ে সায় দিল, তারপর ইশারা করল কাস্তের দিকে। ‘দ্বিতীয় জন মৃতদের সংগ্রহ করবে; কৃষক যেমন গম কাটে, সেরকম।’

‘দ্য হারভেস্টার–সংগ্রাহক,’ ফিসফিসাল ফাতেমা। ‘আর ওই হুকওয়ালা কুড়াল? ওটা কে?’

‘ওটা কুড়াল না।’ মেরিরা শুধরে দিল, ‘ওটা একটা অ্যাডজ–একধরনের প্রাচীন যন্ত্র। ওটা তৃতীয় জনের প্রতীক। দ্য বিল্ডার। সেটা কে বা তার পরিচয় কী, আমরা জানি না।’

‘অনেকে বিশ্বাস করে, আল-জাহিজ জ্বিনজগতে যাওয়ার সুড়ঙ্গ তৈরি করেছিলেন।’ জ্যান বলল, ‘কিন্তু সত্যি কথা হলো, তিনি মহাবিশ্বে এমন এক স্থান-কাল খুঁজে বের করেছিলেন, যা জ্বিনজগতের সাথে গিয়ে মেলে। এর ফলে অন্য জগতের সাথে আমাদের জগতের দেয়াল দুর্বল হয়ে গেছে। জ্বিনজগতের ওপারেও অনেক জগত আছে। সেগুলোর তালা খুলতে হলে সেই নির্দিষ্ট স্থান-কালের সন্ধান পেতে হবে।’

‘ওভারল্যাপিং স্ফিয়ার–উপবৃত্তাকার জগতগুলোর বিন্যাস,’ মুখস্থের মতো আউড়ে গেল ফাতেমা। ‘থিওরিটিক্যাল আলকেমির শিক্ষার্থীরা শুরুতেই এটা পড়ে। আল-জাহিজের সেই বিখ্যাত সূত্র। কিন্তু আজ পর্যন্ত কেউ এটা করে দেখাতে পারেনি। এমনকি জ্বিনেরাও না।’

‘এই বিল্ডার সেটা করার পথ খুঁজে পেয়েছে,’ জবাব দিল জ্যান।

ফাতেমা জিজ্ঞেস করল, ‘কীভাবে?’

মেরিরা রিকার দিকে তাকাল।

মেয়েটা নার্ভাস ভঙ্গিতে ঠোঁট চাটছে। ‘আমি ঠিক জানি না। সেন্নার ওটাকে “ক্লক অব ওয়ার্ল্ডস” বলত। ও বলেছিল, ওই যন্ত্রটা অন্ধকারের দেবতাদের জন্য দরজা খুলে দেবে। আর ওটা তৈরি করাই ছিল বিল্ডারের কাজ।’

দ্য বিল্ডার–নির্মাতা। বিষয়টা উপলব্ধি করে ফাতেমা স্তব্ধ হয়ে গেল। আপন মনে আওড়াতে লাগল–স্থান-কাল। এমন এক যন্ত্র, যা মহাবিশ্বের সব সময়কে এক বিন্দুতে নিয়ে আসে। ধাঁধার শেষ টুকরোটা বহু আগে থেকেই ওর হাতে ছিল। এতক্ষণে সেটা জায়গামতো বসেছে। হয়তো এর মাধ্যমে ঘড়ির শেষ গিয়ারটা নড়ে উঠেছে। বেজে গেছে শেষের ঘণ্টা।

 ‘ক্লক অব ওয়ার্ল্ডস’ সে দেখেছে। সে ওটার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু চিনতে পারেনি। নির্মাটা একটু ভিন্নভাবে–‘দ্য মেকার’ নামে পরিচিত বলে আগে বুঝতে পারেনি।

‘ওই নির্মাতা কে, আমি জানি।’ ফিসফিসাল সে, ‘আমাদের খবর আছে।’


ফাতেমা তার বোলার হ্যাটটা শক্ত করে চেপে ধরল। কায়রোর ওপর দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে দুই আসন বিশিষ্ট একটা গ্লাইডার। ওর ভেতরে বসে প্রতিবার ঝাঁকুনি দিতেই দাঁতে দাঁত চেপে ধরছে সে। তার পাশে বসে সিতি হাসছে; সে খুব কায়দা করে গ্লাইডারটাকে এমনভাবে ঘুরাচ্ছে যে বাতাসের তোড়ে এর ডানার ফ্ল্যাপগুলো থরথর করে কাঁপছে।

‘উড়তে ভালো লাগছে না, খোকাবাবু?’ ইঞ্জিনের গর্জনের ওপর দিয়ে চিৎকার করে জিজ্ঞেস করে সিতি। ওর চোখের ওপর বাল্ব আকৃতির গগলস।

ফাতেমা কোনো উত্তর দিল না। মেয়েটা ওকে ইচ্ছে করে ক্ষেপাচ্ছে। কিন্তু এখন ওসব ভাবার সময় না, সে শুধু শেষ খাবারটুকু পেটে আটকে রাখার চেষ্টা করছে। ঘোড়ার গাড়ি নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু সিতি দ্রুত পৌঁছানোর জন্য জেদ ধরেছে। তা ছাড়া ওদের হাতে সময়ও নেই। আল-জাজিরা দ্বীপ এলাকায় ঢোকার পর ফাতেমা তাদের গন্তব্যের দিকে ইশারা করতেই সিতি গ্লাইডারটাকে নিচে নামিয়ে আনল। পতনের গতি এত বেশি ছিল যে ফাতেমার মনে হলো, ওর হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এসেছে। পাশে বসে সিতি শুধু হাসছে। মেয়েটার কাছে কি এসব কেবলই বিনোদন? ঠিক যখন ফাতেমার মনে হলো এবারে সত্যিই বমি করে দেবে, গ্লাইডারটা মাটিতে নেমে এল। কয়েকবার সজোরে আছাড় খাওয়ার পর যখন সেটা থামল, ধড়ে প্রাণ ফিরে পেল ফাতেমা।

‘একেবারে সদর দরজায় নামালে?’ কাঁপা কাঁপা পায়ে মাটিতে পা ছোঁয়ানোর চেষ্টা করছে সে।

জবাবে সিতি বলল, ‘আমি সোজাসুজি কাজ করতেই পছন্দ করি।’ ঢিলেঢালা পোশাক বদলে এখন সে আঁটসাঁট খাকি প্যান্ট আর মজবুত চামড়ার বুট পরেছে। ওপরে পরেছে লাল রঙের মামলুক কাফতান, ওটা কোমরে চওড়া কোমরবন্ধ দিয়ে বাঁধা।

‘তোমাকে আমার সাথে আসতে হবে না,’ ফাতেমা পিস্তল বের করল। ‘পুলিশ পথেই আছে।’

সিতি তার গ্লাইডার থেকে লেন্স লাগানো একটা লম্বা রাইফেল বের করে বাঁকা চোখে তাকাল। ‘মেরিরা আমাকে সাহায্যের জন্য পাঠিয়েছে। দেশে এমনিতেই দেবতার অভাব নেই, তার ওপর নতুন আপদের আমদানি। আর দরকার নেই, খোকাবাবু! তা ছাড়া ইন্সপেক্টর শরিফ আর তার দলবল যখন পৌঁছাবে, ততক্ষণে সব শেষ হয়ে যাবে।’ মৃদু হাসল সে, ‘দুনিয়ার শেষ সময়ে এসে সঙ্গীর ব্যাপারে এত খুঁতখুঁতে হওয়া সাজে না।’

সিতি ভুল বলেনি, কথাটা ওকে মনে মনে স্বীকার করতে হলো। ‘চলো তাহলে।’ রাইফেলের দিকে তাকিয়ে সে বলল, ‘ওটা তৈরি রেখো।’

আজ রাতে দ্বিতীয়বারের মতো সে এই খেদিভের প্রাসাদের দিকে এগিয়ে চলেছে। ওরা কাছাকাছি আসতেই বাগান থেকে সেই যান্ত্রিক শিয়ালগুলো আবার বেরিয়ে এল। এবারে আর ওরা ধীরে সুস্থে আসছে না–হিংস্রভাবে তেড়ে আসছে।

একটা শিয়াল যখন সোনালি ডানা মেলে উড়াল দিল, গর্জে উঠল সিতির রাইফেল। এক গুলিতেই দুমড়ে মুচড়ে নিচে আছড়ে পড়ল ওটা। দ্বিতীয় শিয়ালটা যখন খুব কাছে চলে এল, ফাতেমা ওটার কাচের চোখের ভেতর দিয়ে গুলি চালাল, সেই সঙ্গে লাঠির আঘাতে এফোঁড়-ওফোঁড় করে দিল ওটার যান্ত্রিক শরীর।

সিতি সেই লোহার লাশে লাথি হাঁকাল। ‘মনে হচ্ছে, ওরা আমাদের স্বাগত জানাতে প্রস্তুত। এক রাতে দুজন ফেরেশতা বিগড়ে গেল–এটা একটা রেকর্ড হওয়া উচিত।’

জবাবে ফাতেমা বলল, ‘ওরা আসলে ফেরেশতা না।’

অস্ত্র হাতে একদৌড়ে বাগানের পথ পেরিয়ে প্রাসাদের সদর দরজায় পৌঁছাল ওরা। ফাতেমা আকাশের দিকে একবার তাকিয়ে ভোরের প্রথম আভার খোঁজ করল। জ্যান স্পষ্ট বলে দিয়েছে, সূর্য ওঠার সাথে সাথেই ‘ক্লক অব ওয়ার্ল্ডস’টা চালু হয়ে যাবে। সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। করিডোরের শেষ প্রান্তে মেহগনি কাঠের বিশাল দরজার সামনে এসে থামল ওরা। সিতি রাইফেল উঁচু করে তৈরি হতেই ফাতেমা দরজাটা হ্যাঁচকা টানে খুলে ফেলল। ভেতরে এক বীভৎস দৃশ্য অপেক্ষা করছিল ওদের জন্য।

ফাতেমা শেষবার যেখানে দেখেছিল, সেই মহাজাগতিক ঘড়িটা এখনো ওখানেই আছে। চাকা আর ধাতব পাতের এক বিশাল কাঠামো ওটা। পার্থক্য শুধু এই যে এখন সেগুলো এক সুরেলা ছন্দে নিখুঁতভাবে ঘুরছে। জ্বলজ্বল করছে পাতের ওপরের সংখ্যাগুলো। যন্ত্রটার চারপাশে গোল করে গাঢ় নীল রঙের একটা তরল ঢালা হয়েছে। ফাতেমা বুঝল, এগুলো সেই নিখোঁজ জ্বিনের রক্ত। এর বাইরে ঘুলদের ছিন্নভিন্ন লাশের পাহাড় জমে আছে। পিশাচগুলোর মাথা শরীর থেকে আলাদা করা এবং পেট চেরা, যাতে তাদের গিলে খাওয়া ফেরেশতার মাংস বেরিয়ে থাকে। এখানে পড়ে আছে সেই র‍্যাম আর হারভেস্টারের অবশিষ্টাংশ, যারা নিজেদের স্বেচ্ছায় উৎসর্গ করেছে।

আর এই ভয়াবহ দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই বিল্ডার–সেই মেকার–নির্মাতা।

ফেরেশতাটিকে দেখতে এখন ভয়ঙ্কর লাগছে। তিন হাতে তিনটা বাঁকানো ছুরি, রক্তে মাখামাখি। চতুর্থ হাতে সে একটা মাথাহীন ঘুলের নিথর দেহ ধরে রেখেছে। ওরা দেখল, ঘুলটার পেট চিরে ভেতরের উজ্জ্বল নাড়িভুঁড়ি বের করে আনছে  সে।

‘নির্মাতা!’ চিৎকার করে ডাকল ফাতেমা। ফেরেশতাটা ঘুরল; তার সেই সাদা মুখোশটা আগের মতোই শান্ত। ঘুলটাকে ফেলে রক্তমাখা ডানা মেলে এগিয়ে এল নশ্বর দুজনের দিকে।

‘থামুন!’ ফাতেমা পিস্তল নাড়িয়ে সাবধান করল। স্বস্তির বিষয় হলো, থেমে গেল ফেরেশতা, ওদের দিকে তাকিয়ে রইল জ্বলজ্বলে চোখো–এখনো বাতাসে ভেসে আছে।

‘আহ, সেই অতি বুদ্ধিমান ইনভেস্টিগেটর দেখি!’ গলাটা আগের মতোই সুরেলা।

‘আমি জানি, আপনি কী করছেন! ওই ক্লক অব ওয়ার্ল্ডস...’

‘তুমি কিছুই জানো না।’

ফাতেমা ঘড়ির দিকে ইশারা করে বলল, ‘ওটা বন্ধ করুন! নইলে আমরা করতে বাধ্য হব!’

নির্মাতা কৌতূহলী ভঙ্গিতে ঘাড় কাত করল। ‘তুমি আমাকে থামাতে এসেছ বুঝি? অথচ আমি এই সবকিছু তাঁর জন্য করছি।’

‘এর সাথে খোদার কোনো সম্পর্ক নেই। আমরা জানি, আপনি কাদের পূজা করেন! ওই সব অন্ধকার শক্তির সাহায্য নিয়ে আপনি আবার বেঁচে থাকতে চান!’

‘না।’ চিৎকার করে উঠল নির্মাতা, যেন এই অভিযোগে সে অপমানিত বোধ করেছে প্রচণ্ডভাবে। ‘আমি শুধু তাঁরই সেবা করি!’

‘সেই সুদানি জ্বিন সেন্নার বলেছিল–’

ওকে মাঝপথেই থামিয়ে দিল নির্মাতা, ‘জ্বিনেরা কুসংস্কারাচ্ছন্ন, বোকার একশেষ। তাদের ওই অন্ধকার দেবতাদের জীবন দেওয়ার ক্ষমতা নেই। তারা শুধু ধ্বংসই করতে পারে।’

বিভ্রান্ত চোখে তাকিয়ে রইল ফাতেমা। ‘তাহলে এসব কেন করছেন?’

‘কারণ, তিনি এটাই চান।’ নিজের হাতগুলো মেলে ধরল সে। ‘তোমাদের এই জগতের দিকে তাকাও। কতটা কলুষিত, কতটা অপবিত্র! তোমরা অবাধ্য। অহংকারী। তোমরা শুধু ঝগড়া আর যুদ্ধ করতে জানো। তিনি এমন কিছু চাননি। তিনি নিখুঁত–এমন অপূর্ণ কিছু তিনি সৃষ্টি করতে পারেন না। এসব তোমাদের কাজ। তোমাদের পাপ।’

ফেরেশতা বলে চলল, ‘আমি এ নিয়ে অনেক ভেবেছি, বুঝলে? তারপর একসময় তাঁর পরিকল্পনায় আমার জায়গাটা বুঝতে পেরেছি। আমি নির্মাতা। এটাই আমার অস্তিত্ব। এদিক থেকে আমি তাঁরই মতো। আমি যা সৃষ্টি করি, তা-ও নিখুঁত।’ আশপাশের যান্ত্রিক গাছ আর যন্ত্রদাস দুটির দিকে ইশারা করল। ‘এই পৃথিবীটাকে আবার নতুন করে গড়া যাবে, নিখুঁতভাবে। তোমাদের প্রজাতিকেও আবার নতুন করে নির্মাণ করা সম্ভব। আমি তাঁকে সে কাজে সাহায্য করব। কিন্তু কোনো অপূর্ণতাকে ঠিক করতে হলে প্রথম সৃষ্টিটাকে ছুঁড়ে ফেলে দিতে হয়। জ্বিনদের ওই অন্ধকার দেবতারা সেই কাজটাই করবে। তারা এই জগতকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, যাতে আমি আর উনি মিলে আবার নতুন করে শুরু করতে পারি।’

উন্মাদ হয়ে গেছে লোকটা। এমন বিকৃত যুক্তির কোনো জবাব হয় না। তবু শেষ চেষ্টা করল ফাতেমা, ‘আপনি যাদের ছেড়ে দিতে চাইছেন, তারা লাখ লাখ মানুষকে মেরে ফেলবে!’

‘কোটি কোটি,’ শুধরে দিল নির্মাতা। তার গলায় কোনো রাগ বা আবেগ নেই, যেন কোনো অঙ্ক কষছে। ‘হারভেস্টার এই ধ্বংসযজ্ঞ দেখতে সাহায্য করার জন্য অধীর ছিল–যদিও সে জানত, সে নিজে তা দেখে যেতে পারবে না। বিশ্বস্ত এক ভৃত্য ছিল সে।’

‘আপনি কখনো তাঁর সাথে কথা বলেছেন?’ পাশ থেকে সিতি জিজ্ঞেস করল। ফাতেমা আর নির্মাতা–দুজনেই ওর দিকে ঘুরে তাকাল, সিতি তখনো রাইফেল তাক করে আছে।

‘আমি তাঁর অন্তরের খবর জানি।’

নাক দিয়ে বিরক্তিসূচক একটা শব্দ করল সিতি। ‘তার মানে উত্তরটা “না”। যা ভেবেছিলাম, তা-ই। আপনি নিজে নিজে এই ঈশ্বরকে কল্পনা করে নিয়েছেন। স্রষ্টা এসব থেকে পবিত্র।’

নির্মাতা থমকে গেল। ‘তুমি কী বোঝাতে চাইছ–?’

সিতি কাঁধ ঝাঁকাল। ‘আপনারা ফেরেশতারা মিলে এই ঈশ্বরের গল্প বানিয়েছেন। হয়তো প্রথমে ওপরতলার গুটি কয়েকজন এটা শুরু করেছিল, তারপর বাকিরা সেটা বিশ্বাস করে নিয়েছে। কিন্তু আমার মনে হয়, ওটা বানানো ছাড়া আর কিছু না।’

নির্মাতা জ্বলজ্বলে চোখে তাকিয়ে রইল, মনে হলো যেন ভাষা হারিয়ে ফেলেছে। কিন্তু সিতি নির্বিকার।

‘আমি তোমাদের মৃত দেবতাদের হাড়গোড় দেখেছি, মেয়ে,’ নির্মাতা কর্কশ গলায় বলল। ভয়ংকর রেগে গেছে। ‘ওগুলো মাটির নিচে পচছে, জাদু ফুরিয়ে গেছে, আর পোকারা ওগুলো খাচ্ছে।’ গভীর শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করল সে, আবার তাকাল ঘড়ির দিকে। ‘আমি শুধু তোমাদের তাঁর যোগ্য করে তুলতে চাই। ওই দেবতারা যখন অন্ধকার জগত থেকে আসবে, তখন তোমরা দেখতে পাবে। সেই দেখা থেকে বাঁচতে তোমরা নিজেদের নশ্বর চোখ উপড়ে ফেলতে চাইবে, কিন্তু তবু তোমরা দেখবে। দেখতে বাধ্য হবে।’

ভোরের প্রথম আলো যখন গম্বুজের কাচ ভেদ করে ভেতরে এল, সেদিকে চোখ ফেরাল সে। ‘শুরু হয়ে গেল।’ তিন হাতের তিনটি তলোয়ার উঁচু করে ধরল সে। ফাতেমাও আক্রমণের জন্য তৈরি হলো। কিন্তু আসিম কোথায়? সে আর সিতি মিলে একজন ফেরেশতার সামনে বেশিক্ষণ টিকতে পারবে না। কিন্তু নির্মাতা তাদের দিকে এগিয়ে এল না। করুণার ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল সে।

‘তোমরা এখনো আমার বিশ্বাসের গভীরতা বুঝতে পারছ না।’ এই শেষ কথাটা বলে সে তিনটা তলোয়ারই নিজের শরীরের ভেতর আমূল বিঁধিয়ে দিল–একটা বুকে, দ্বিতীয়টা হৃৎপিণ্ডের বর্ম চিরে, আর তৃতীয়টা ঘাড়ের ধাতব হাড়ের মধ্য দিয়ে। ক্ষতগুলো দিয়ে নক্ষত্রের রক্তের মতো উজ্জ্বল এক তরল ফিনকি দিয়ে বেরিয়ে এল। একটুখানি টলে উঠল সে, তারপর সজোরে আছড়ে পড়ল মাটিতে, স্থির হয়ে গেল।

‘এমন কিছু আমি আশা করিনি।’

সিতির কথার কোনো জবাব দিল না ফাতেমা। ওর চোখ আটকে গেছে ঘড়ির সামনের এক অদ্ভুত জায়গায়। সেখানে একটা গর্ত তৈরি হয়েছে। শূন্যে ঝুলে আছে ওটা–অবিশ্বাস্য, কিন্তু বাস্তব। মনে হচ্ছে কেউ বাস্তবতার বুক চিড়ে ফুটো করে দিয়েছে, এবং ওপাশে অন্ধকার ছাড়া আর কিছু নেই। মেঝের সেই মৃত উৎসর্গগুলোর শরীর থেকে বাষ্পের মতো কিছু একটা বেরিয়ে সেই অন্ধকারের দিকে ছুটে যাচ্ছে। দ্রুত বড় হচ্ছে গর্তটা।

ফাতেমার সেই ভবিষ্যদ্বাণীর কথা মনে পড়ল–র‍্যাম, হারভেস্টার আর বিল্ডার। তিনজনই স্বেচ্ছায় প্রাণ দিয়েছে। মৃত ফেরেশতাটির দিকে তাকাল সে। স্বেচ্ছায় প্রাণ দিয়েছে ফেরেশতাটা।

‘নির্মাতাই ছিল সর্বশেষ বলি। শুরু থেকেই সে আত্মহত্যা করতে চাইছিল, যাতে ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়।’ শেষ প্রতীকটা ভেসে উঠল ওর চোখে–লতাগুল্মে ঢাকা অর্ধচন্দ্র। ‘দরজা খোলার জন্য।’ কথা শেষ করার আগেই সেই গর্তের উপরিভাগ পানির মতো কেঁপে উঠল। শুঁড়ের মতো কী যেন বেরিয়ে আসতে লাগল ভেতর থেকে।

শুঁড়ই ওগুলো–স্বচ্ছ ধূসর রঙের দীর্ঘ মাংসল শুঁড়, অতল অন্ধকার সাগর থেকে বেরিয়ে আসছে। কোনোটা চুলের মতো সরু, কোনোটা আবার মানুষের শরীরের চেয়েও মোটা। শুঁড়গুলো মেঝেতে কিলবিল করে ছড়িয়ে পড়ছে। ঘুলদের লাশের ওপর দিয়ে আসার সময় লাশগুলো মুহূর্তের মধ্যে কুঁচকে কালো হয়ে গেল। ফেরেশতার মরদেহেরও একই অবস্থা হলো–শরীরের সব আলো নিভে গেল মুহূর্তে, শুকনো খটখটে কঙ্কালে পরিণত হলো ওটা।

দাঁতে দাঁত চাপল সিতি, ‘কী ঘিনঘিনে একটা অবস্থা!’

হঠাৎ সেই গর্তের ভেতর থেকে ভেসে এল তীব্র গর্জন। হাজার হাজার কর্কশ শব্দ মিলেমিশে বিকট এক আওয়াজে পরিণত হলো, কাঁপিয়ে দিল পুরো প্রাসাদ। এই শব্দের চাপ অসহ্য। কান চেপে ধরল ফাতেমা, চরম আতঙ্ক ওকে গ্রাস করে নিচ্ছে। ওর মনে পড়ে গেল সেন্নারের অ্যাপার্টমেন্টের সেই দেয়ালচিত্রটির কথা, যেখানে ইফরিতেরা তাদের অন্ধকার দেবতাদের আহ্বান করছিল। এটাই সেই ‘রাইজিং’। উত্থান। ওই আদিম অন্ধকারে যারা বাস করে, তারা এখন এই পৃথিবীতে আসার চেষ্টা করছে। যখন আসবে, শুধু মৃত্যু ছাড়া আর কিছু ওরা চাইবে না। মৃত্যুই ওদের জ্বালানি, ওরা মৃতদের শুষে নিয়েই বাঁচে। পুরো পৃথিবী ধ্বংস করে দেবে ওরা।

ফাতেমা চিৎকার করে বলল, ‘আমাদের ওটা বন্ধ করতে হবে!’

সিতি জড়সড় হয়ে কিলবিল করতে থাকা শুঁড়গুলোর দিকে তাকিয়ে মাথা নাড়ল, ‘তোমার মাথায় কোনো আইডিয়া থাকলে জলদি বলো।’

ফাতেমার মস্তিষ্ক তখন ঝড়ের গতিতে কাজ করছে। সেকেন্ড ইয়ারের আলকেমি ক্লাসে পড়া আল-জাহিজের সেই ‘থিওরি অব ওভারল্যাপিং স্ফিয়ারস’ মনে করার চেষ্টা করল সে। এই ‘ক্লক অব ওয়ার্ল্ডস’ সেই জটিল ফর্মুলা মেনেই কাজ করছে। ওই জ্যান জ্বিনটা কী যেন বলেছিল? স্থান-কাল! সে ঘড়িটার দিকে তাকাল। এর গিয়ারগুলো কোনো এক অনিবার্য ধ্বংসের ক্ষণগণনার মতো নির্মমভাবে ঘুরে চলেছে। এটাই সেই চাবিকাঠি–সময়!

সিতির দিকে ঘুরে চিৎকার করল ও, ‘আমাকে ওই ঘড়িটার কাছে পৌঁছাতে হবে!’

সিতি সংক্ষেপে মাথা নেড়ে লম্বা রাইফেলটা বাগিয়ে ধরল। ঝেড়ে দৌড় দিল ফাতেমা।

পেছন থেকে সিতির রাইফেলের গুলির শব্দ শোনা যাচ্ছে। বাতাসের বুক চিড়ে গুলিগুলো সেই শুঁড়গুলোর ওপর গিয়ে পড়ছে। ধূসর স্বচ্ছ মাংস ভেদ করে পচা কালো রক্ত ছিটকে বেরোচ্ছে, দেখে গা গুলায়। গর্তের ভেতর থেকে আবার সেই হাড়কাঁপানো গর্জন ভেসে এল–এবার তাতে মিশে আছে যন্ত্রণা আর ক্রোধ। ফাতেমা ভাবল, সে যা দেখছে, তা কি অনেকগুলো প্রাণী, নাকি কোনো এক দানবীয় সত্তার শুঁড় আমাদের জগতে উঁকি দিচ্ছে? পরক্ষণেই এই ভয়ঙ্কর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘড়ির দিকে মনোযোগ দিল ও। একটা শুঁড় ওর দিকে তেড়ে আসতেই কোমর থেকে জাম্বিয়া খঞ্জরটা বের করে এক কোপে সেটার ডগা কেটে ফেলল। ছটফট করতে করতে মেঝেতে পড়ে গেল কাটা অংশটা।

সিতির তীব্র চিৎকারে ওপরের দিকে তাকিয়ে ফাতেমা দেখল, একটা বিশাল শুঁড় ওর দিকে ধেয়ে আসছে। সাথে সাথে মেঝেতে শুয়ে পড়ল সে। শুঁড়টা ওর মাথার ওপর দিয়ে চলে গেল; ওটা আসলে সিতির গুলির উৎস খুঁজছে। ফাতেমা ঘুরে দেখল, সিতি এক লাফে একটা টেবিলের ওপর চড়ে বসেছে। রাইফেলটা পিঠে ঝুলিয়ে দুই হাতে সেই রূপালি নখগুলো লাগিয়ে নিয়েছে সে। গর্জন করে সেই মোটা শুঁড়টার ওপর ঝাঁপিয়ে পড়ল মেয়েটা, নখ দিয়ে গভীর ক্ষত এঁকে দিল ওটার গায়ে। ফাতেমা ভাবল, মেয়েটা বিড়াল না, ও একটা সিংহী!

বাকি শুঁড়গুলো এবার সিতিকে ঘিরে ধরল। প্রচণ্ড ক্রোধে ওরা সব আসবাবপত্র ভেঙেচুরে ফেলছে ঠিকই, কিন্তু লঘুপায়ে ওদের নাগালের বাইরে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে সিতি।

ফাতেমা সামনে তাকিয়ে দেখল, ঘড়ি পর্যন্ত যাওয়ার পথ এখন পরিষ্কার। সে নিজেকে টেনে তুলল, দৌড় দিল আবার। ঘড়ির কাছে পৌঁছে যন্ত্রপাতির সেই জটিল বিন্যাসের দিকে তাকিয়ে রইল। লোহার চাকা আর গিয়ারগুলো নিখুঁত ছন্দ মেনে ঘুরছে। ভেতর থেকে একটা গম্ভীর টিকটিক শব্দ আসছে, যেন কোনো যান্ত্রিক হৃৎপিণ্ড ধুকপুক করছে। স্থান-কাল–জ্যানটা ঠিকই বলেছিল। এভাবেই দরজা খোলা হয়েছে। এই ঘড়িটা সরানো অসম্ভব, কিন্তু সময়ের সাথে কিছু একটা করা যেতে পারে।

ফাতেমা তার লাঠিটা উঁচু করে ঘুরতে থাকা প্লেটগুলোর মাঝে একটা ফাঁকা জায়গা খুঁজে বের করল। ওর মধ্য দিয়ে লাঠিটার রূপালি সিংহ-মাথাওয়ালা হাতল পর্যন্ত ভেতরে ঢুকিয়ে দিল দ্রুত। ঘড়িটা বিকট ধাতব আর্তনাদ করে উঠল। গিয়ারের দাঁতগুলো লাঠিটাকে পিষতে গিয়ে কেঁপে কেঁপে উঠছে। সেই সাথে কাঁপছে পুরো কাঠামোটা। চাকাগুলোর গতি কমে গেছে। এক মুহূর্তের জন্য আশায় বুক বাঁধল ফাতেমা, পর মুহূর্তেই মড়মড় শব্দে লোহার দাঁতগুলো লাঠিটাকে চুরমার করে দিল। ফাতেমার বুকটা ধক করে উঠল।

এতে কাজ হবে না। নির্মাতা নিজেকেও ছাড়িয়ে গেছে। নিখুঁত হওয়ার নেশায় মত্ত এক সত্তার তৈরি এই যন্ত্র। প্রতিটা চাকা বিশেষ মাপে কাটা, প্রতিটা অংশ নিখুঁত হাতে অতি সতর্কভাবে বসানো। এটা শুধু একটা ঘড়ি না; এটা নিখুঁত, সূক্ষ্ম এক মাস্টারপিস। একে এত সহজে থামানো যাবে না।

নিখুঁত সূক্ষ্মতা–পারফেক্ট প্রিসিশন! চিন্তাটা ফাতেমার মাথায় ঘুরতে লাগল। ঘড়ির একটা খাঁজে হাত দিয়ে নিজেকে টেনে তুলল সে। এরপর দ্রুত উঠতে শুরু করল ওপরে। নির্মাতা নিখুঁত কাজের প্রতি আসক্ত ছিল। এমন এক সত্তা, যে নিশ্চিত করেছে যে তার নকশার প্রতিটি অংশ যেন একদম নিখুঁতভাবে কাজ করে। আর নইলে যেন একদমই কাজ না করে। ফাতেমা জানে, প্রতিটা ঘড়িরই সূক্ষ্মতা বজায় রাখার একটা উপায় থাকে। সে লোহার কাঠামোর ভেতর দিয়ে প্লেট আর চাকাগুলো পেরিয়ে সেই উপায়টা খুঁজতে লাগল। অবশেষে পাওয়া গেল ওটা–একটা পেন্ডুলাম! একটা মোটা ধাতব দণ্ড। ওটার দুই মাথা বেশ ধারালো। জিনিসটা একটা নির্দিষ্ট ছন্দে ডানে-বাঁয়ে দুলছে এবং একটা বড় কেন্দ্রীয় গিয়ারের দাঁতগুলোকে নির্দিষ্ট সময় পরপর ছেড়ে দিচ্ছে। এটা উপড়ে ফেলার মতো শক্তি ওর নেই। কিন্তু এই দোলনের ছন্দটা যদি কোনোভাবে নষ্ট করে দেওয়া যায়...

আর কিছু না ভেবে ফাতেমা তার বুক পকেটে হাত দিল, একটানে বের করে আনল সেই সোনালি গোল জিনিসটা। ওর বাবার দেওয়া ঘড়ি। আলহামদুলিল্লাহ! মহাজাগতিক ঘড়িটার ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে পেন্ডুলাম আর গিয়ারের মাঝখানে নিজের পকেট ঘড়িটা গুঁজে দিল সে। সাথে সাথে পেন্ডুলামের দোলন থেমে গেল। ফাতেমা দম বন্ধ করে প্রার্থনা করতে লাগল যেন এটা কাজে দেয়। ঘড়িটার ভেতর থেকে এক অদ্ভুত গোঙানি শোনা গেল, থরথর করে কেঁপে উঠল পুরো যন্ত্রটা। চাকাগুলো তাদের ছন্দ হারিয়ে একে অপরের সাথে আটকে যেতে লাগল। সেই সুমধুর যান্ত্রিক ছন্দ এখন এক কর্কশ কোলাহলে পরিণত হয়েছে। সময়ের সেই নিখুঁত সূক্ষ্মতা নষ্ট হয়ে গেছে। ফাতেমা দেখল, শূন্যে ঝুলে থাকা সেই গর্তটা কাঁপছে–ধীরে ধীরে ছোট হয়ে আসছে ওটা।

বিজয়ের উল্লাস করার সময় পেল না ও, আবার সেই বিকট গর্জনে কেঁপে উঠল চারপাশ। এক মুহূর্তের জন্য গর্তটা হঠাৎ বড় হয়ে গেল। সেই অতল অন্ধকারে তাকিয়ে ফাতেমা দেখতে পেল–একটা দানবাকৃতির ছায়াসত্তা। ও জিনিসের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা এই পৃথিবীতে গড়ে ওঠেনি। ওর জীবনের সব ভয়, সব দুঃস্বপ্ন যেন এক নিমিষে বুকে চেপে বসল। তারপর, টানটান করা রবার ব্যান্ড ছেড়ে দিলে যেভাবে সংকুচিত হয়, ঠিক সেভাবে কুঁকড়ে গেল গর্তটা–প্রচণ্ড শব্দে বাস্তবতা আবার জোড়া লেগে গেল।

প্রবল বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়ল ফাতেমা। এক মুহূর্তের জন্য মনে হলো সে উড়ছে, তারপর সজোরে মেঝেতে আছড়ে পড়ল। ফুসফুস থেকে সব বাতাস বেরিয়ে গেল মুহূর্তে, পাথরের মেঝের আঘাতে কাঁধে অসহ্য যন্ত্রণা করছে। কয়েকবার ডিগবাজি খাওয়ার পর কীসের সাথে যেন ধাক্কা খেল সে। অসহ্য ব্যথা আর মাথার ভেতরে এক অদ্ভুত ঝিঁঝিঁ শব্দের মাঝে নিথর পড়ে রইল ওর দেহ।

তারপরেই কেউ একজন ওর ওপর থেকে ধ্বংসস্তূপ সরাতে শুরু করল। সিতি। ধুলোয় মাখামাখি, শরীরের কয়েক জায়গায় কেটে রক্ত ঝরছে–মাথার একপাশে চুলগুলো লেপ্টে আছে রক্তে। কিন্তু সিতি থামল না। একটু পরেই হাত বাড়িয়ে দিল সে। ফাতেমা নিজের ভালো হাতটা দিয়ে সেটা ধরল। উঠে দাঁড়িয়ে ওরা দুজন ঘরটার দিকে তাকাল। চেনার উপায় নেই যে এটা সেই রাজকীয় ঘর–সব আসবাবপত্র আর বৈজ্ঞানিক যন্ত্রপাতি ভেঙে চুরমার। একটা দেয়াল ধসে পড়েছে। বাতাসে ধুলোর ঘন আস্তরণ। ঘড়িটার কেবল কিছু অংশ অবশিষ্ট আছে, দুই-একটা চাকা এখনো একগুঁয়েভাবে ঘুরছে। কিন্তু সেই গর্তটা–সেই দরজাটা চিরতরে বন্ধ হয়ে গেছে।

কাশছে সিতি, কাশতে কাশতেই বলল, ‘মনে হচ্ছে তোমার নতুন স্যুট কিনতে হবে।’ ফাতেমা নিচের দিকে তাকিয়ে দেখল, ওর প্যান্ট কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। জ্যাকেটের অবস্থাও তথৈবচ। নিজের শখের লাঠিটার কথা মনে করে খারাপ লাগল ওর। হ্যাটটাই-বা কোথায় গেল?

‘আমার মনে হয় এটা তোমার,’ সিতি একটা সোনার চেইন ঝুলিয়ে রেখেছে হাতে। ফাতেমা ওর ঘড়িটা হাতে নিয়ে খুলে দেখল, ভেতর থেকে সেই চেনা টিকটিক শব্দ আসছে। দাগ পড়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো চলছে। একটা স্বস্তির হাসি দিয়ে ওটা আবার পকেটে রেখে দিল সে।

ধীরে ধীরে ওরা দুজন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এগোতে লাগল। পথে একটা ধূসর মাংসের টুকরো দেখে থেমে দাঁড়াল ফাতেমা। ওটা সেই শুঁড়গুলোর একটা অংশ। গর্ত বন্ধ হওয়ার সময় ওটা কাটা পড়ে এখানে রয়ে গেছে। সে ওটার গায়ে লাথি হাঁকাল। নড়ল না জিনিসটা। মৃত।

‘ওটা কার অংশ ছিল বলে তোমার মনে হয়?’

সিতির প্রশ্ন শুনে মুখ বিকৃত করল ফাতেমা। সেই গর্তের ওপারে সে যা দেখেছে… ও কথা সে আর মনে করতে চায় না। ‘সেটা আমাদের না জানাই ভালো।’

দূর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কারা যেন চিৎকার করছে। একটা কণ্ঠ চিনতে পারল সে–আসিম।

সিতি বলল, ‘এবার আমাকে বিদায় দাও। মেরিরা চায় না, আমরা তোমাদের পুলিশের সাথে খুব একটা মাখামাখি করি।’

মাথা ঝাঁকাল ফাতেমা, ওর কথা সে বুঝতে পেরেছে। ‘চিন্তা করো না। ওদের কাছে আমি তোমাদের কথা কিছু বলব না। তোমরা এখানে ছিলেই না।’ একটু থামল সে। ‘ধন্যবাদ, সিতি।’

দীর্ঘদেহী মেয়েটা হাসল, চোখের তারায় দুষ্টুমি খেলা করছে। ‘একবেলা ভালো খাবার খাইয়ে আমাকে ধন্যবাদ দিতে পারো চাইলে।’

ফাতেমা ভ্রু কোঁচকাল। ‘আমরা দুজন? একসাথে খাব?’

‘কেন নয়?’

‘তুমি একটা পাগল।’

সিতি হাসল, অভিযোগ অস্বীকারের কোনো চেষ্টা করল না। দক্ষ আঙুলে ফাতেমার টাইয়ের আলগা হয়ে যাওয়া গিঁটটা ঠিক করে দিল সে। ‘শহরের মূল কেন্দ্রে আমার পরিবারের একটা রেস্তোরাঁ আছে। ওখানে সেরা নুবিয়ান খাবার পাওয়া যায়। আমার এক খালা আছেন, যাঁকে বললে তিনি বছরের যেকোনো সময় সেরা “ফাত্তাহ” বানিয়ে দেবেন। আর ওনার হাতের “মুলুখিয়া”র স্বাদ না নিলে জীবনটাই বৃথা।’

টাইয়ের গিঁট ঠিক করে সে ফাতেমার টাই ধরে একটু নাড়াচাড়া করল। ‘শুধু খেয়াল রেখো, আসার সময় যেন তোমার এই সুন্দর স্যুটগুলোর একটা পরে আসো।’ চোখ টিপল সে, তারপর রাইফেলটা কাঁধে ঝুলিয়ে ধুলোর মেঘে অদৃশ্য হয়ে গেল।

ফাতেমা মাথা নাড়ল। ঠিক তখনই খাকি পোশাক পরা তিনজন লোক ধ্বংসস্তূপ টপকে ঘরের ভেতরে ঢুকল–সবার সামনে হাঁ করে তাকিয়ে আছে আসিম। আহত কাঁধটা চেপে ধরে ইন্সপেক্টরের দিকে এগিয়ে গেল ফাতেমা। এই ঘটনার যে বিশাল রিপোর্ট লিখতে হবে, আসিম তা দেখলে নির্ঘাত কপাল চাপড়াবে।

বইটি শেষ। পড়ার জন্য ধন্যবাদ!