খানিকটা ননসেন্স আলাপ
‘আ ডেড জ্বিন ইন কায়রো’ একটি উপন্যাসিকা। লেখক পি জেলি ক্লার্ক। ভদ্রলোকের নাম ‘ডেক্সটার গ্যাব্রিয়েল’, তবে পেন-নেম ‘ফেন্ডারসন জেলি ক্লার্ক’ নামেই তিনি বেশি পরিচিত। এই উপন্যাসিকাটি তাঁর ‘ডেড জ্বিন’ ইউনিভার্সের প্রথম বই।
সিরিজটিতে তিনটি উপন্যাসিকা ও একটি উপন্যাস আছে। দ্বিতীয় উপন্যাসিকা ‘দ্য এঞ্জেল অব খান আল-খালিলি’ এবং তৃতীয় উপন্যাসিকা ‘দ্য হন্টিং অব অব ট্রাম কার ০১৫’। তৃতীয় উপন্যাসিকাটি হুগো অ্যাওয়ার্ড, লোকাস অ্যাওয়ার্ড এবং নেবুলা অ্যাওয়ার্ডের ফাইনালিস্ট হিসাবে নির্বাচিত হয়েছিল। সিরিজের একমাত্র উপন্যাস ‘আ মাস্টার অব জ্বিন’ ২০২১ সালে নেবুলা অ্যাওয়ার্ড পেয়েছে।
এই সিরিজে আমরা যে মিসরকে দেখি, সেটি আমাদের পরিচিত মিসর না। এখানে জ্বিন, মানুষ, তথাকথিত ‘ফেরেশতা’ বা এঞ্জেল, বিভিন্ন দেবতা ও রহস্যময় অতিলৌকিক শক্তি একই সঙ্গে বসবাস করে। এই মিসরে যেসব অপরাধ কেসে অতিলৌকিক সত্তারা যুক্ত থাকে, সেগুলোর তদন্তের দায়িত্ব চলে যায় 'মিনিস্ট্রি অব আলকেমি, এনচ্যান্টমেন্টস অ্যান্ড সুপারন্যাচারাল এনটিটিস'-এর হাতে। এই মন্ত্রণালয়ের বিভিন্ন এজেন্ট বিভিন্ন শহরে কেমন করে অদ্ভুত সব কেসের সমাধান করে, সেসবই উঠে এসেছে সিরিজের বিভিন্ন উপন্যাসিকায়।
এই মন্ত্রণালয়ের একজন স্পেশাল ইনভেস্টিগেটর ফাতেমা আল-শারাউই। কায়রো শহরে হঠাৎ একটি জ্বিনের লাশ পাওয়া যায়। এই জ্বিনের মৃত্যুর তদন্তের ভার চেপে বসে ফাতেমার কাঁধে। সেই কাহিনি নিয়েই ‘আ ডেড জ্বিন ইন কায়রো’।
বইটা আমি মূলত অনুবাদই করেছি, তবু এটাকে বলছি ‘রূপান্তর’। কেন, সেটা ছোট্ট করে বলা প্রয়োজন। সাধারণত মূল টেক্সট পুরোপুরি ভাষান্তর করে হাজির করলে বলা হয় ‘অনুবাদ’; আর খানিকটা পরিবর্তন, প্রয়োজনে সংক্ষেপ করা হলে রূপান্তর বলা হয়। এখানে আমি কোনোরকম সংক্ষেপ করিনি। তবে ‘ফাতমা’ নামটাকে ‘ফাতেমা’ বলেছি বাংলায় (কেন, সেই কনটেক্সট উপন্যাসিকার ভেতরেই আছে), এক-দুটো শব্দও এদিক-ওদিক করেছি প্রয়োজনে। এই পরিবর্তনটুকুর জন্যই ‘রূপান্তর’ বলা।
যাঁরা আগে আমার অনুবাদ পড়েছেন, তাঁদের মনে হতে পারে, এই অনুবাদ হয়তো যথেষ্ট ‘স্মুথ’ না; এবং প্রয়োজনীয় টিকা, তথ্যনির্দেশ ইত্যাদি এখানে নেই। ইচ্ছে করেই এখানে আমি টিকা-টিপ্পনি যোগ করিনি। আর এটা বই হিসেবে দুই মলাটে ছাপা হলে আমি নিজেই একাধিকবার সম্পাদনা করতাম, প্রুফ দেখা হতো, বেটা রিড করতে দিতাম, রিডারদের মতামত নিয়ে ঠিকঠাক করতাম সব ইস্যু, সেটা আবার চলে যেত সম্পাদকের টেবিলে, সেখান থেকে আবার কারেকশন… দীর্ঘ পথ পাড়ি দিত পাণ্ডুলিপিটা। সেগুলো স্বাভাবিকভাবেই এখানে করা যায়নি। এটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ। তবে… সে কথায় একটু পরে আসছি!
মূল কৈফিয়ত এখানেই শেষ। উপন্যাসিকার কাহিনি, ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে আমার কোনো আলাপ নেই, সেটা পাঠক নিজেই পড়ে নেবেন। তবে ননসেন্সল্যান্ড এবং এই অনুবাদের ভবিষ্যৎ নিয়ে আরও দু-কথা বলা প্রয়োজন।
ননসেন্সল্যান্ড পেজটা আমি খুলেছি বই পড়া, মুভি দেখা কিংবা কোনো কারণ ছাড়াই র্যান্ডম জিনিসপত্র নিয়ে আলাপের জন্য। এই বইটা কেন বাছাই করা হলো, কীভাবে কী–তারও কোনো সুস্পষ্ট কারণ নেই। আমার স্রেফ পড়ে মজা লেগেছে। তাই ঈদের সময় ভাবলাম, পেজের জন্য অনুবাদ করা যাক।
প্রথমে ভেবেছিলাম, বেশ কয়েক পর্বে পুরো উপন্যাসিকাটি ফেসবুকে পোস্ট করব। পরে দেখি, ফেসবুকে অনেক বড় কাহিনি সরাসরি পোস্ট করা যায় না। অনেকগুলো পোস্ট করলে পেজের রিচ নিশ্চয়ই বেশি হতো, তবে পড়ার এক্সপেরিয়েন্সটার হ্যাম্পার হতো। সে জন্য মনে হলো, দুই পর্বেই শেষ করা যাক–প্রতিটি পর্ব শেয়ার করে দিলাম গুগল ডকসে। এখন দুই পর্ব একত্র করে প্রকাশিত হচ্ছে ইপাব ও পিডিএফ সংস্করণ। আপনি এখন সেটাই পড়ছেন–এবং আশা করি, পড়ে আরাম পাচ্ছেন।
এই উপন্যাসিকাটি যদি আপনার ভালো লাগে, তাহলে বলি। একটি প্রকাশনী প্রাথমিকভাবে উপন্যাসিকাটি ছাপানোর আগ্রহ প্রকাশ করেছে। তবে এটি যেহেতু উন্মুক্তই আছে, তাই প্রাথমিকভাবে এই উপন্যাসিকার সঙ্গে সিরিজের বাকি দুটি উপন্যাসিকা মিলে বই আসতে পারে, শিগগিরই। (ঠিক ধরেছেন, ওপরে যে ‘তবে…’ লিখেছি, তার পরের কথা হলো, ছাপায় অবশ্যই টিকা থাকবে, সম্পাদনাও করা হবে ভালোভাবে।) উপন্যাসটির কথা না হয় পরের ধাপে ভাবা যাবে। সে জন্যই প্রিয় পাঠক, ভালো লাগা-মন্দ লাগা জানালে খুশি হব। পাশাপাশি আপনার ভালো লাগলে শেয়ার করে আরও অনেকের কাছে বইটি পৌঁছে দেবেন, সেই প্রত্যাশা করি।
সম্ভাবনা আছে, বইয়ের এই ই-পাণ্ডুলিপি হাতে পেলেও আপনি ননসেন্সল্যান্ড পেজে র সঙ্গে যুক্ত নন। চাইলে চট করে গিয়ে পেজটা দেখে আসতে পারেন। পেজে এরকম নানা আয়োজন আসবে, র্যান্ডমভাবে। সেই আয়োজনগুলোতে যুক্ত থাকতে পেজ ফলো করে রাখতে পারেন।
বইটা যদি আপনার ঈদ আনন্দে খানিকটাও ইতিবাচক প্রভাব ফেলে, তাহলেই এ পরিশ্রম স্বার্থক।
সবাইকে শুভেচ্ছা।
উচ্ছ্বাস তৌসিফ
মিরপুর, ঢাকা
uchsash.tousif@gmail.com
২৭.০৩.২০২৬
ননসেন্সল্যান্ড | রকমারিতে আমার বই