কাহো
‘এক জীবনে আমি সব ধরনের মেয়ের সাথেই ডেটে গেছি।’ লোকটা বলল, ‘কিন্তু সত্যি বলতে, তোমার মতো এত কুৎসিত মেয়ে আমি দ্বিতীয়টি দেখিনি।’
ইতিমধ্যেই ডেজার্ট শেষ করেছে ওরা। এখন কফির জন্য অপেক্ষা করছে, এমন সময় সে কথাটা বলল।
কথাটা মাথায় ঢুকতে খানিকটা সময় লাগল কাহোর। তিন কি চার সেকেন্ড। একদম হুট করে বলা হয়েছে কথাটা। লোকটার উদ্দেশ্য সে ঠিক ধরতে পারছে না। এরকম বাজে, রূঢ় এবং আপত্তিকর কথা বলার সময়ও মুখ হাসি হাসি করে রইল লোকটা। একধরনের মৃদু, বন্ধুসুলভ হাসি। কিন্তু ওর কথায় রসিকতার লেশমাত্রও নেই। মজা করছে না সে, বরং শতভাগ সিরিয়াসভাবেই বলেছে কথাটা।
কাহোর মনে হলো, এক্ষুণি কোলের ওপর থেকে ন্যাপকিনটা তুলে নিয়ে টেবিলের ওপর ছুড়ে ফেলা উচিত। এরপর পাশের চেয়ার থেকে হাতব্যাগটা তুলে নিয়ে একটা শব্দও না করে বেরিয়ে যাওয়া উচিৎ রেস্তোরাঁ থেকে। এটাই বোধ হয় এই পরিস্থিতি সামাল দেওয়ার সবচেয়ে ভালো উপায়।
কিন্তু সে পারল না। কেন, এ নিয়ে সে অনেক পরে ভেবে দেখেছে। ওর মনে হয়েছে, একটা কারণ বোধ হয় সে প্রচণ্ড চমকে গিয়েছিল; আর দ্বিতীয় কারণটা হলো কৌতূহল। প্রচণ্ড রেগে গিয়েছিল সে, বলা বাহুল্য। সেটাই স্বাভাবিক। এরকম কথা শুনে মানুষ রাগ না করে কীভাবে? কিন্তু সব ছাপিয়ে সে জানতে চাইছিল, এই লোক আসলে তাকে কী বলতে চাইছে? সে কি সত্যিই দেখতে এত কুৎসিত? নাকি এই মন্তব্যের আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে?
কিছুক্ষণ পর লোকটা আবার বলল, ‘একদম কুৎসিততম বলাটা হয়তো একটু বাড়িয়ে বলা হবে, তবে আমার দেখা সবচেয়ে শ্রীহীন, সাধাসিধে চেহারার মেয়ে যে তুমিই, এতে কোনো সন্দেহ নেই।’
কাহো ঠোঁট কামড়ে নিঃশব্দে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। স্থির চোখে পর্যবেক্ষণ করছে।
কেন লোকটার মনে হলো এমন একটা কথা বলা দরকার? ব্লাইন্ড ডেটে যদি অন্য মানুষটিকে পছন্দ না-ই হয়, তাহলে পরে আর যোগাযোগ না করলেই তো ল্যাঠা চুকে যায়। খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু মুখের ওপর এভাবে অপমান করার মানে কী?
লোকটা কাহোর চেয়ে বছর দশেকের বড় হবে। সুপুরুষ। পরনের পোশাক একদম পরিপাটি, নিখুঁত। কাহোর যেমনটা পছন্দ, এই লোক ঠিক সেই ধাঁচের না। তবে দেখে মনে হয় বেশ ভালো বংশের ছেলে। চেহারাটা ক্যামেরার জন্যই বেশি উপযুক্ত, যাকে বলে ‘ক্যামেরা ফেস’–কথাটা এভাবে বলাই বোধ হয় বেশি যুৎসই হবে। উচ্চতা আর কয়েক ইঞ্চি বেশি হলে লোকটাকে স্বচ্ছন্দে অভিনেতা বলে চালিয়ে দেওয়া যেত। রেস্তোরাঁটাও সে বেশ রুচিশীল দেখেই বেছে নিয়েছে, আরামদায়কও বটে। খাবারও চমৎকার। খুব একটা বাচাল না লোকটা, তবে আলাপচারিতা চালিয়ে নেওয়ার ক্ষমতা ভালোই। কোনোরকম অস্বস্তিকর নীরবতাকে সে দানা বাঁধতে দেয়নি। (অদ্ভুত ব্যাপার হলো, পরে যখন কাহো পেছনে ফিরে এ নিয়ে ভেবেছে, তখন ওদের মধ্যে কী নিয়ে কথা হয়েছিল, সেটা ও আর মনে করতে পারেনি।) ডিনারের সময় কাহো এমনকি লোকটার প্রতি খানিকটা আকর্ষণও বোধ করতে শুরু করেছিল। এটা অস্বীকার করার উপায় নেই। আর ঠিক তখনই, একদম নীল আকাশে বিনা মেঘে বজ্রপাতের মতো লোকটা ওই কথাটা বলল। কী হচ্ছে এসব?
‘তোমার কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হতে পারে,’ লোকটার গলা একদম শান্ত। ইতিমধ্যে ওদের টেবিলে দুটো এসপ্রেসো দিয়ে গেছে ওয়েটার। লোকটা তার কফিতে একটা সুগার কিউব ফেলে আলতো করে নাড়ছে। মনে হচ্ছে সে যেন কাহোর মনের কথা পড়তে পারছে। ‘আমি কেন অপছন্দনীয় চেহারার–কিংবা যাকে কুৎসিত মনে করি, সেরকম–একজনের সাথে শেষ পর্যন্ত বসে ডিনার করলাম? এক গ্লাস ওয়াইন খাওয়ার পরেই তো উঠে চলে যেতে পারতাম, ওখানেই শেষ করে দিতে পারতাম বিষয়টা। দেড় ঘণ্টা সময় নষ্ট করে তিন কোর্সের ডিনার সম্পন্ন করাটা তো সময়ের অপচয়, তাই না? আর কেনই-বা খাবার শেষে, চলে যাওয়ার আগ দিয়ে এসে আমাকে এ ধরনের একটা কথা বলতে হলো?’
কাহো চুপ করে রইল, সামনে বসা লোকটার মুখ খুঁটিয়ে দেখছে। শক্ত করে আঁকড়ে ধরে আছে কোলের ওপর রাখা ন্যাপকিনটা।
লোকটা মৃদু গলায় বলল, ‘আমার ধারণা, এর কারণ হলো আমি নিজের কৌতূহল সংবরণ করতে পারিনি। সম্ভবত জানতে চাইছিলাম, তোমার মতো সাধারণ চেহারার কোনো নারী আসলে কী ভাবে, এত কুৎসিত হওয়ার বিষয়টা তার জীবনে আসলে কী প্রভাব ফেলে।’
‘কৌতূহল মিটেছে? মনে মনে ভাবলেও মুখে কথাটা কাহো উচ্চারণ করল না।
‘আমার কৌতূহল কি মিটেছে?’ লোকটা কফিতে চুমুক দিল। ও যে সত্যিই কাহোর চিন্তা পড়তে পারছে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক যেন কোনো পিঁপড়েখেকো নিজের লম্বা সরু জিব দিয়ে পিঁপড়ের ঢিবি পরিষ্কার করছে।
লোকটা সামান্য মাথা নেড়ে কাপটা পিরিচে রেখে দিল। নিজের প্রশ্নের উত্তর সে নিজেই দিল, ‘না, মেটেনি।’
এরপর হাত তুলে ওয়েটারকে ডাকল, বিল মেটাল সময় নিয়ে। তারপর কাহোর দিকে ফিরে সামান্য মাথা নুইয়ে বাউ করে সরাসরি রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল। একবারও পেছনে ফিরে তাকাল না।
সত্যি বলতে, ছোটবেলা থেকেই কাহো কখনো নিজের রূপ নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। আয়নায় যে চেহারাটা দেখত, সেটা ওর কাছে খুব একটা সুন্দর লাগত না, আবার খুব কুৎসিতও মনে হতো না। এটা ওকে কখনো হতাশ করেনি, আবার খুব আনন্দিত হওয়ার মতোও কিছু মনে হয়নি। নিজের চেহারার প্রতি ওর এই অনীহার কারণ সম্ভবত, চেহারা যে ওর জীবনে আদৌ কোনো ধরনের প্রভাব ফেলছে, তেমন কিছু ওর কখনো মনেই হয়নি। অথবা বলা ভালো, প্রভাব ফেলছে কি না, তা জানার কোনো সুযোগই হয়নি ওর কখনো। কাহো বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁরা ওকে সব সময় এত ভালোবাসা দিয়ে আগলে রাখতেন যে ওর সুন্দর হওয়া না-হওয়ার সাথে সেই স্নেহের কোনো সম্পর্ক ছিল না।
কৈশোরেও কাহো ওর রূপ নিয়ে উদাসীন ছিল। ওর বেশির ভাগ বান্ধবী নিজেদের রূপ নিয়ে দুশ্চিন্তা করত, নিজেকে একটু আকর্ষণীয় করার জন্য মেকআপের নানা কায়দা নিয়ে মেতে থাকত; কিন্তু কাহো কখনো সেই তাড়না অনুভব করেনি। আয়নার সামনে সে খুব অল্প সময়ই কাটিয়েছে। ওর একমাত্র লক্ষ্য ছিল শরীর আর মুখটা পরিচ্ছন্ন, পরিপাটি রাখা। সেটা অবশ্য খুব একটা কঠিন ছিল না।
সে একটা সাধারণ কো-এড স্কুলে পড়ত, বাংলায় যাকে বলে ‘সহশিক্ষালয়’। অর্থাৎ ছেলে-মেয়ে একসঙ্গে পড়াশোনা করত। ওর কজন প্রেমিকও ছিল। ক্লাসের ছেলেরা যদি সেরা সুন্দরী নির্বাচনের জন্য ভোট দিত, কাহো কখনোই জিতত না–সে ওরকম মেয়েই না। তবু কোনো এক বিচিত্র কারণে প্রতিটি ক্লাসেই অন্তত এক-দুজন ছেলে ওর প্রতি আগ্রহী হয়ে উঠত। সেটা প্রকাশও করত তারা। ওর ভেতরের কোন জিনিসটা এই ছেলেদের আকর্ষণ করেছে, সেটা ও তখনো জানত না, এখনো জানে না।
হাই স্কুল শেষ করে টোকিওর এক আর্ট স্কুলে পড়তে চলে যায় কাহো। সেখানেও ওর প্রেমিকের অভাব হয়নি। তাই সে দেখতে আকর্ষণীয় কি না, এ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই ওর পড়েনি। সেই অর্থে ওকে ভাগ্যবানই বলা যায়। ওর কাছে বরং এটাই অদ্ভুত লাগত যে ওর চেয়ে অনেক রূপবতী বান্ধবীরাও নিজেদের চেহারা নিয়ে হীনম্মন্যতায় ভুগত, এমনকি অনেকে অনেক টাকা খরচ করে প্লাস্টিক সার্জারিও করিয়েছিল। ওরকম চিন্তা কখনো কাহোর মাথায় আসেইনি।
তাই ছাব্বিশতম জন্মদিনের কিছুদিন পর যখন সম্পূর্ণ অপরিচিত একজন লোক ওকে মুখের ওপর কুৎসিত বলে বসল, ভীষণ বিভ্রান্ত হয়ে গেল কাহো। লোকটার কথা শুনে ধাক্কা খাওয়ার চেয়ে সে আসলে বেশি অস্থির, কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল।
মাচিদা নামে এক নারী সম্পাদকের মাধ্যমে এই লোকের সাথে কাহোর পরিচয়। মাচিদা টোকিয়োর কান্দা এলাকার একটি ছোট প্রকাশনীতে কাজ করেন। প্রকাশনীটি মূলত শিশুদের বই বের করে। ভদ্রমহিলা কাহোর চেয়ে চার বছরের বড়, তাঁর নিজের দুটি সন্তানও আছে। কাহো যে ছবিওয়ালা বইগুলো করত, সেগুলোর সম্পাদনা উনিই করতেন। কাহোর বই খুব একটা বেশি চলত না ঠিকই, তবে এর পাশাপাশি ম্যাগাজিনে ইলাস্ট্রেশনের কাজ করে সে মোটামুটি সচ্ছলভাবেই দিন কাটাতে পারত। যে সময় এই ডেটটা ঠিক হয়, তার কিছুদিন আগে সমবয়সী একজনের সঙ্গে কাহোর দুই বছরের সম্পর্ক ভেঙে গিয়েছিল। এ নিয়ে মনোযন্ত্রণায় ভুগছিল সে। কারণ বিচ্ছেদটা খুব একটা সুখকর ছিল না। তাই ওর কাজে মন বসছিল না। পরিস্থিতি বুঝতে পেরে মাচিদা নিজেই যেচে পড়ে ওর জন্য এই ব্লাইন্ড ডেটটা ঠিক করে দেন। ওকে বলেন, ‘তোমার হয়তো এতে একঘেয়েমিটা কাটবে।’
সেই লোকের সাথে দেখা হওয়ার তিন দিন পর মাচিদা ফোন করলেন। সরাসরি জানতে চাইলেন, ‘কেমন হলো ডেট?’
কাহো অস্পষ্টভাবে ‘হুম-জাতীয়’ একধরনের শব্দ করে এড়িয়ে যেতে চাইল বিষয়টা। তারপর উল্টো প্রশ্ন করল, ‘লোকটা আসলে কেমন?’
‘সত্যি বলতে, আমি ওর সম্পর্কে খুব বেশি কিছু জানি না। আমার এক বন্ধুর পরিচিত। বয়স চল্লিশের কাছাকাছি, অবিবাহিত, ইনভেস্টমেন্ট সেক্টরে কাজ করে। বেশ ভালো ব্যাকগ্রাউন্ড, কাজেও নাকি খুব দক্ষ। কোনো পুলিশ রেকর্ড নেই, যতটুকু জানি। আমার সাথে একবারই দেখা হয়েছিল, কয়েক মিনিট কথা বলে মনে হয়েছে–মানুষটা সুপুরুষ, বেশ অমায়িকও। উচ্চতায় কিছুটা খাটো অবশ্য। তবে টম ক্রুজও তো খুব একটা লম্বা না, তাই না? যদিও আমি কখনো টম ক্রুজকে সামনাসামনি দেখিনি।’
‘কিন্তু যে লোক দেখতে সুপুরুষ, স্বভাবে অমায়িক, কাজেও দক্ষ, তাকে কেন ব্লাইন্ড ডেটে আসতে হবে? ওর পেছনে কি ঘোরার মতো মেয়ের অভাব আছে?’
মাচিদা জবাব দিলেন, ‘তা হয়তো নেই। মানুষটা সে তুখোড় বুদ্ধিমান, নিজের কাজেও পটু; কিন্তু আমি ভাসাভাসাভাবে শুনেছিলাম, ওর ব্যক্তিত্বে নাকি একটু খুঁত আছে। তোমাকে আগে থেকে সেটা বলিনি, কারণ আমি চাইনি তুমি আগে থেকেই এরকম একটা ধারণা মাথায় নিয়ে ওর সাথে দেখা করো।’
‘একটু খুঁত,’ বিড়বিড় করল কাহো, আনমনে মাথা নাড়ছে। ব্যাপারটাকে কি স্রেফ ‘একটু খুঁত’ বলা যায়?
মাচিদা জানতে চাইলেন, ‘তোমরা ফোন নম্বর বিনিময় করেছ?’
জবাব দেওয়ার আগে কাহো একটু বিরতি নিল। নম্বর বিনিময়? মৃদু গলায় সে বলল, ‘না, করিনি।’
তিন দিন পর মাচিদা আবার ফোন করলেন।
‘সেই “সুপুরুষ” মিস্টার সাহারাকে নিয়ে একটু আলাপ করতে ফোন দিলাম। তুমি কথা বলতে পারবে?’
সাহারা–লোকটার নাম তাহলে সাহারা! উচ্চারণটা সেই মরুভূমির নামের মতোই। হাতের আঁকার কলমটা নামিয়ে রেখে রিসিভারটা বাঁ হাত থেকে ডান হাতে নিল কাহো। ‘হ্যাঁ বলুন।’
‘গত রাতে আমাকে ফোন করল হঠাৎ।’ মাচিদা বললেন, ‘ও তোমার সাথে আরেকবার দেখা করতে চায়, কথা বলতে চায়। লোকটাকে বেশ সিরিয়াস মনে হলো।’
কাহো থতমত খেয়ে গেল। বলা উচিৎ, সবিস্ময়ে ভাষা হারিয়ে ফেলল সে। আবার আমার সাথে দেখা করতে চায়? কথা বলতে চায়? সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না।
‘কাহো-সান,’ মাচিদার গলায় উদ্বেগের সুর, ‘শুনতে পাচ্ছ?’
‘হ্যাঁ, শুনছি।’
‘লোকটাকে তোমার পছন্দ হয়েছে মনে হয়! তা, কী বলব ওকে, বলো তো?’
সাধারণ বিবেক-বুদ্ধি ওকে বারবার ‘না’ করে দিতে বলছে। যে লোক ওকে সরাসরি মুখের ওপর এত বড় অপমান করতে পারে, তার সাথে আবার দেখা করার কোনো মানে হয়? কিন্তু কেন যেন কাহো ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। নানা ধরনের সংশয় যেন ওর মাথার ভেতরে জট পাকিয়ে গেছে।
‘আমি কি একটু ভেবে দেখতে পারি?’ মাচিদাকে সে বলল, ‘আপনাকে তাহলে পরে ফোন করে জানাব।’
শেষ পর্যন্ত কাহো সাহারার সাথে আরও একবার দেখা করল। সেটা ছিল এক শনিবার দুপুর। কাহোর কিছু শর্ত ছিল, মাচিদা সেগুলো লোকটাকে জানিয়ে দিয়েছিলেন–দেখা হবে দিনের বেলা, খুব অল্প সময়ের জন্য, কোনো খাবার বা মদ থাকবে না এবং এমন এক জায়গায় দেখা হবে, যেখানে তারা নিরিবিলি কথা বলতে পারবে, কিন্তু আশেপাশে আরও মানুষ থাকবে।
মাচিদা মন্তব্য করেছিলেন, ‘দ্বিতীয় ডেটের জন্য শর্তগুলো অদ্ভুত। তুমি তো দেখছি প্রচণ্ড সতর্ক!’
‘হয়তো।’
মাচিদা হেসে ফেললেন। ‘ব্যাগের ভেতরে আবার রেঞ্চ বা অমন কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছ না তো?’
কাহো ভাবল, আইডিয়াটা মন্দ না!
আগের বার সাহারাকে দেখে মনে হয়েছিল সে কাজ থেকে ফিরছে–পরনে দামী স্যুট-টাই। কিন্তু এবার সে এসেছে উইকেন্ডের ক্যাজুয়াল পোশাকে–একটা মোটা বাদামী লেদার জ্যাকেট, স্লিম জিন্স আর বেশ পুরনো, যত্ন করে রাখা ওয়ার্ক বুট। জ্যাকেটের পকেটে একটা সানগ্লাস গোঁজা। বেশ স্টাইলিশ দেখাচ্ছে লোকটাকে।
নির্ধারিত সময়ের চেয়ে কাহো একটু দেরিতে পৌঁছাল। হোটেলের লবিতে যখন পা রাখল, সাহারা তখন বসে বসে কাকে যেন টেক্সট করছে। কাহোকে দেখে মৃদু হাসি ফুটল ওর ঠোঁটে। ফোনের লেদার কভারটা বন্ধ করে দিল। কাহো দেখল, লোকটার পাশের সিটে একটা মোটরসাইকেলের হেলমেট রাখা।
‘আমি ১৮০০ সিসির বিএমডব্লিউ চালাই।’ সাহারা বলল, ‘বিএমডব্লিউর সব কটা মডেলের মধ্যে এটারই ডিসপ্লেসমেন্ট সবচেয়ে বেশি। ইঞ্জিনের শব্দটাও বেশ গম্ভীর, সুন্দর!’
কাহো কিছু বলল না। মনে মনে ভাবল, তুমি বিএমডব্লিউ চালাও, নাকি তিন চাকার সাইকেল বা গরুর গাড়ি–তাতে আমার কী?
সাহারা, যেন ওর মনের কথা বুঝতে পেরেই, বলল, ‘আমি জানি, মোটরসাইকেলের প্রতি তোমার বিন্দুমাত্র আগ্রহ নেই। তাও জানানোর জন্য বললাম আরকি।’
কাহো তখন আবারও মনে মনে ভাবল, লোকটা আসলেই আমার মনের কথা পড়তে পারে।
একজন ওয়েট্রেস এগিয়ে এলে কফির অর্ডার দিল কাহো। সাহারা নিল ক্যামোমাইল টি।
এরপর লোকটা ওকে জিজ্ঞেস করল, ‘আচ্ছা, তুমি কি কখনো অস্ট্রেলিয়া গেছ?’
কাহো মাথা নাড়ল–যায়নি।
‘তুমি কি মাকড়সা পছন্দ করো? ওই যে, আট পায়ের ওই প্রাণীগুলো?’ সাহারা হাত দিয়ে বাতাসে জাল বোনার ভঙ্গি করল।
কাহো জবাব দিল না। মাকড়সা সে পৃথিবীতে সবকিছুর চেয়ে বেশি ঘৃণা করে, কিন্তু সেটা এই লোককে বলার কোনো মানে নেই।
ওর উত্তরের অপেক্ষা না করেই লোকটা বলল, ‘আমি যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তখন একটা বেসবল গ্লাভসের সমান বড় মাকড়সা দেখেছিলাম। ওটার দিকে তাকিয়েই আমার গায়ের রোম খাড়া হয়ে গিয়েছিল। গা ঘিনঘিন করছিল। কিন্তু ওখানকার স্থানীয়রা ওদের ঘরে মাকড়সা পুষতে পছন্দ করে। জানো কেন?’
কাহো নীরব রইল।
‘কারণ ওরা নিশাচর, তেলাপোকা খায়। সে হিসেবে এটাকে বলা যায় উপকারী পোকা। তাও ভাবো তো, একটা মাকড়সা তেলাপোকা সাবাড় করে দিচ্ছে! খাদ্যশৃঙ্খলের এই চমৎকার, নিপুণ গঠন আমাকে বরাবরই অবাক করে।’
কফি আর হার্বাল টি চলে এল। কিছুক্ষণ ওরা কোনো কথা বলল না, দুজনেই চুপচাপ।
‘তোমার কাছে নিশ্চয়ই খুব অদ্ভুত লাগছে যে কেন আমি আবারও তোমার সাথে এভাবে দেখা করতে চাইলাম।’
এবারও কাহো কোনো উত্তর দিল না। সে সাহস পাচ্ছে না।
‘এবং আমি সত্যিই অবাক যে তুমি আমার সাথে দেখা করতে রাজি হয়েছ। আমি কৃতজ্ঞ, কিন্তু সেই সাথে বিস্মিত যে অমন বিশ্রী আচরণের পরও তুমি এসেছ। না–আমি যা বলেছি, সেটা স্রেফ অভদ্রতা ছিল না। ওটা ছিল ক্ষমার অযোগ্য অপমান, যেকোনো নারীর মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো। আমি যখন কোনো মেয়েকে এই কথাটা বলি, তাদের বেশির ভাগই আমার মুখ আর জীবনেও দেখতে চায় না। সেটাই আসলে স্বাভাবিক।’
কাহো চমকে উঠল। মনে মনে ভাবছে– তাদের বেশির ভাগই!
এতক্ষণে সে প্রথমবারের মতো মুখ খুলল, ‘তাদের বেশির ভাগই? তার মানে আপনি সব মেয়েকেই এই কথা বলেন? আপনি বলতে চাইছেন...’
‘ঠিক তা-ই।’ অকপট স্বীকারোক্তি। ‘আমি যেসব মেয়েদের সাথে ডেটে যাই, তাদের সবাইকে ঠিক এই কথাটাই বলি: “তোমার মতো এত কুৎসিত আমি আর কাউকে দেখিনি।” সাধারণত যখন ডিনার শেষে ডেজার্ট পরিবেশন করা হয়, তখন বলি। এসব ক্ষেত্রে টাইমিংটাই আসল।’
‘কিন্তু কেন?’ কাহোর গলা শুকিয়ে গেল। ‘কেন আপনাকে এমন একটা কাজ করতে হবে? আমি বুঝতে পারছি না। আপনি বিনা কারণে মানুষকে কষ্ট দেন? সময় আর টাকা খরচ করেন শুধু মানুষকে অপমান করার জন্য?’
লোকটা মাথাটা একটু কাত করল, ‘কেন–সেটাই তো আসল প্রশ্ন। এটা ব্যাখ্যা করা কঠিন। আমরা বরং অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলি যে কথাটা বলার পরে কী হয়। আমি সব সময় যে জিনিসটা দেখে অবাক হই, তা হলো সেই মেয়েদের প্রতিক্রিয়া। তুমি হয়তো ভাবছ, মুখের ওপর এমন ভয়াবহ কথা শোনার পর মানুষ রাগে ফেটে পড়ে অথবা হেসে উড়িয়ে দেয়। সেরকম মানুষও আছে, কিন্তু খুব বেশি না। বেশির ভাগ মেয়ে... তারা স্রেফ কষ্ট পায়। গভীরভাবে–দীর্ঘ সময়ের জন্য। কোনো কোনো ক্ষেত্রে তারা বিচিত্র কিছু বলে ফেলে, যেগুলোর অর্থোদ্ধার করাও কঠিন।’
নীরবতা। একটু পর কাহোই সেই নীরবতা ভাঙল। ‘আর আপনি বলতে চাইছেন, সেই প্রতিক্রিয়াগুলো দেখে আপনি আনন্দ পান?’
‘না, আমি আনন্দ পাই না। স্রেফ অবাক হই। যারা দেখতে নিশ্চিতভাবেই সুন্দরী, অথবা অন্তত গড়পড়তা সৌন্দর্যের অনেক ওপরে–তাদেরও যখন মুখের ওপর কুৎসিত বলা হয়, তখন তারা কতটা ভেঙে পড়ে বা বিপর্যস্ত হয়ে যায়, সেটা দেখে আমি একধরনের বিস্ময় বোধ করি।’
টেবিলের ওপর রাখা কফিটা ছুঁয়েও দেখেনি কাহো। ওটা থেকে এখন আর সেরকম ধোঁয়া উঠছে না। ধীরে ধীরে ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সেটাই দেখছিল কাহো। এই পর্যায়ে লোকটার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ‘আমার মনে হয় আপনি একজন অসুস্থ মানুষ।’
সাহারা মাথা ঝাঁকিয়ে সায় দিল। ‘হয়তো।’ একটু বিরতি নিয়ে আবার বলল, ‘তুমি ঠিকই বলেছ, আমি সম্ভবত অসুস্থ। নিজেকে বাঁচানোর জন্য বলছি না, কিন্তু একজন অসুস্থ মানুষের চোখে এই পৃথিবীটা আরও বেশি অসুস্থ, তাই না? দেখো–আজকাল মানুষ “লুকিজম”–মানে চেহারা দেখে বিচার করা নিয়ে কতরকম সমালোচনা করে। সুন্দরী প্রতিযোগিতার বিরুদ্ধে গলা ফাটায়। জনসমক্ষে “কুৎসিত নারী” বললে তোমাকে গণপিটুনি খেতে হতে পারে। কিন্তু একবার টিভি দেখো, ম্যাগাজিনগুলো দেখো। কসমেটিকস, প্লাস্টিক সার্জারি আর স্পা ট্রিটমেন্টের বিজ্ঞাপনে ঠাসা। তুমি যেভাবেই দেখো না কেন, এটা একটা হাস্যকর, অর্থহীন ভণ্ডামি। একটা প্রহসন ছাড়া আর কিছু না।’
‘কিন্তু তাতে বিনা কারণে অন্যকে কষ্ট দেওয়াটা বৈধ হয়ে যায় না, যায় কি?’
কথাটার সরাসরি উত্তর না দিয়ে সাহারা বলল, ‘হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি অসুস্থ–মানসিকভাবে অসুস্থ। এটা অনস্বীকার্য সত্য। কিন্তু অসুস্থ হওয়ার মধ্যেও একধরনের আনন্দ আছে, যদি তুমি অন্যভাবে দেখো আরকি। অসুস্থ মানুষদের নিজস্ব জায়গা থাকে, সেখানে শুধু মানসিকভাবে অসুস্থরাই আনন্দ করতে পারে। যেমন ধরো, বিকৃত মস্তিষ্কদের জন্য ডিজনিল্যান্ড! আর সৌভাগ্যবশত, আমার কাছে সেই জায়গায় আনন্দ করার মতো সময় আর টাকা–দুটোই আছে।’
কোনো কথা না বলে কাহো উঠে দাঁড়াল। এই পাগলামির ইতি টানা দরকার। এই লোকের সাথে সে আর এক মুহূর্তও কথা বলতে চায় না।
‘একটু দাঁড়াও,’ কাহো উঠে দাঁড়াতেই লোকটা বলল, ‘আর একটু সময় কি দেওয়া যায়? বেশিক্ষণ লাগবে না। পাঁচ মিনিট হলেই হবে। আমি চাই তুমি আমার কথাটুকু শেষ পর্যন্ত শোনো।’
কাহো কয়েক সেকেন্ড দ্বিধা করল, তারপর আবার বসে পড়ল। বসতে চাইছিল না; কিন্তু লোকটার গলায় কী যেন একটা আছে, সেটা উপেক্ষা করা কঠিন।
‘আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম,’ একটু থামল লোকটা, ‘তোমার প্রতিক্রিয়া অন্যদের চেয়ে আলাদা ছিল। আমি যখন সেই জঘন্য কথাগুলো বললাম, তুমি আতঙ্কিত হওনি, রাগে ফেটে পড়োনি, হেসে উড়িয়েও দাওনি, আবার খুব বেশি আহতও হওনি। এই সাধারণ আবেগগুলোকে প্রশ্রয় না দিয়ে তুমি স্রেফ আমার দিকে তাকিয়ে ছিলে। ঠিক যেন মাইক্রোস্কোপের নিচে কোনো ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করছ। তুমিই একমাত্র মেয়ে, যে এমন প্রতিক্রিয়া দেখিয়েছ। আমি সত্যিই অভিভূত। ভাবলাম, এই মেয়েটা কেন আঘাত পেল না? এমন কী আছে, যা তাকে গভীরভাবে ক্ষতবিক্ষত করতে পারে?’
‘তার মানে, এই যে এত পরিকল্পনা করে দেখা করা, আপনি এসব করছেন শুধু মেয়েদের প্রতিক্রিয়া দেখার জন্য? ব্যস?’
লোকটা মাথা ঝাঁকিয়ে সায় দিল। ‘খুব বেশি যে করি, তা নয়। যখন সুযোগ আসে, তখনই কেবল করি। আমি কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করি না। ওগুলো বড্ড একঘেয়ে। পরিচিতদের মাধ্যমে আলাপ হয়; যাদের ব্যাকগ্রাউন্ড জানি, শুধু তাদের সাথেই দেখা করি। পুরনো আমলের ঘটকালি টাইপ “এরেঞ্জড মিটিং” বলা যায়। এগুলোই সেরা। ঐতিহ্যবাহী এই পদ্ধতিটা আমার কাছে বেশ এক্সাইটিং মনে হয়।’
‘তারপর আপনি সেই মেয়েকে অপমান করেন?’
সাহারা ওর কথার কোনো জবাব দিল না। শুধু হাসল–সেই হাসিটাও মিলিয়েও গেল দ্রুত। এরপর হাত দুটো বুকের সামনে বাড়িয়ে ধরল সে, খুব মনোযোগ দিয়ে হাতের তালু পরীক্ষা করতে লাগল। যেন দেখছে, রেখাগুলোতে কোনো পরিবর্তন হয়েছে কি না।
‘আমি ভাবছিলাম, তুমি কি আমার মোটরসাইকেলে করে একটু ঘুরতে যাবে?’ সে মুখ তুলে তাকাল। ‘আমি তোমার জন্য একটা বাড়তি হেলমেটও নিয়ে এসেছি। আজকের আবহাওয়াটা দারুণ, আমরা একটু ঘুরে আসতে পারি। আমার মোটরসাইকেলটা মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলেছে, ইঞ্জিনের টিউনিংটাও এখনো একদম নিখুঁত।’
কাহো টের পেল, ওর ভেতরে তীব্র ক্রোধ মাথাচাড়া দিচ্ছে। রাগে আগুন ধরে গেছে যেন মাথায়। অনেকদিন ওর এত রাগ হয়নি–কিংবা হয়তো আগে কখনোই হয়নি। এটাই সম্ভবত প্রথম। আমরা একটু ঘুরে আসতে পারি? অদ্ভুত! ভাবে কী লোকটা নিজেকে?
‘না,’ নিজের আবেগ সংবরণ করে যথাসম্ভব শান্ত গলায় সে বলল, ‘এই মুহূর্তে আমার সবচেয়ে বড় ইচ্ছাটা কী, জানেন?’
সাহারা মাথা নেড়ে বোঝাল, জানে না।
‘আপনার কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকা। আর আমার গায়ে লেগে থাকা এই নোংরা আবর্জনাগুলো ঘষে ঘষে ধুয়ে ফেলা।’
‘বুঝেছি,’ সাহারা এমনভাবে মাথা ঝাঁকাল যেন সত্যিই বুঝতে পেরেছে। ‘ঠিক আছে। দুর্ভাগ্যবশত এবার তাহলে ঘোরা হলো না। কিন্তু তোমার কী মনে হয়, আমার কাছ থেকে দূরে থাকার তোমার এ পরিকল্পনা সফল হবে?’
‘মানে কী?’
কোথাও একটা বাচ্চা কাঁদছে। লোকটা সেদিকে একবার তাকাল, তারপর সরাসরি কাহোর চোখে চোখ রাখল। ‘খুব শিগগিরই বুঝতে পারবে। একবার যদি কারো প্রতি আমার আগ্রহ তৈরি হয়, আমি তাকে এত সহজে ছেড়ে দিই না। তা ছাড়া, তুমি হয়তো শুনে অবাক হবে–দূরত্বের দিক থেকে আমরা আসলে খুব একটা দূরের না। দেখো, মানুষও আসলে খাদ্যশৃঙ্খলের কাঠামোর ভেতরেই বাস করে। এই কাঠামো থেকে সে বের হতে পারে না। শত চেষ্টা করুক, ওটার সঙ্গে সম্পর্ক রাখতে না চাক–লাভ হয় না। এটাই বাস্তবতা। কাউকে গিলে ফেলা আর কারও কাছে গলধকরণ হওয়া–দুটো আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ক্রেডিট আর ডেবিট–আয়-ব্যয়। পৃথিবীটা এভাবেই চলে। আমার ধারণা, আমাদের সম্ভবত আবার কোথাও দেখা হবে।’
আমার আসলে দ্বিতীয়বার এই লোকের সাথে দেখা করা উচিত হয়নি। রেস্টুরেন্টের গেটের দিকে দ্রুত পায়ে হাঁটছে কাহো, মনে মনে ভাবছে, মাচিদা যখন ফোন করেছিল, তখনই পরিষ্কার করে না বলে দেওয়া উচিত ছিল। না, ধন্যবাদ। আমি ওই লোকটার মুখ আর কোনোদিন দেখতে চাই না।
সে এসেছে নিজের কৌতূহল মেটাতে। কৌতূহলই আমাকে এখানে টেনে এনেছে। আমি জানতে চেয়েছিলাম, লোকটা আসলে কী চায়। ওর উদ্দেশ্য কী। কিন্তু এই জানতে চাওয়াটা ভুল ছিল। সে কৌতূহলকে টোপ হিসেবে ব্যবহার করে আমাকে নিপুণভাবে জালে আটকে ফেলেছে–মাকড়সা যেমন করে, সেরকম। কাহোর শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ওর মনে হলো, খুব উষ্ণ কোথাও যাওয়া দরকার ওর। তপ্ত রোদ আছে, এমন কোথাও। দক্ষিণের কোনো দ্বীপ, যেখানে সাদা বালুর সমুদ্র সৈকত আছে। সেখানে চোখ বন্ধ করে শুয়ে নিজেকে ছেড়ে দেওয়া, যাতে সূর্যের আলো ওকে ধুয়ে-মুছে সাফ করে দেয়।
কয়েক সপ্তাহ কেটে গেল। সাহারা নামের ওই লোকটার চিন্তা যত দ্রুত সম্ভব মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইছে কাহো। ওর জীবনের সাথে কোনো সম্পর্ক নেই, এমন একটা ফালতু অধ্যায়কে পাঠিয়ে দিতে চাইছে বহু দূরে। এমন কোথাও, যেখান থেকে ওটা আর ফিরে আসবে না। অথচ রাতে ডেস্কে বসে কাজ করার সময় হুট করেই লোকটার মুখ ভেসে ওঠে ওর মনে। সেই মৃদু হাসি, বিনা কারণে নিজের লম্বা সরু আঙুলগুলোর দিকে তাকিয়ে থাকা।
আগের চেয়ে আয়নার সামনে বেশি সময় কাটাতে শুরু করল কাহো। বাথরুমের আয়নায় দাঁড়িয়ে নিজের মুখের প্রতিটি খুঁটিনাটি খুঁটিয়ে দেখে সে, যেন বারবার নিশ্চিত হতে চায় ও আসলে কে। ওর মনে হলো, এই চেহারার প্রতি ওর আসলে কোনো টান নেই। এটা নিশ্চিতভাবেই ওরই মুখ; কিন্তু এর মধ্যে এমন বিশেষ কিছু নেই, যেটা বলে–এই মুখ ওরই হতে হবে। এমনকি ওর যে বান্ধবীরা প্লাস্টিক সার্জারি করেছে, কাহো তাদেরকে ঈর্ষা করতেও শুরু করল। অন্তত ওরা জানে–বা মনে-প্রাণে বিশ্বাস করে–যে ওদের চেহারার কোন অংশটা সার্জারি করে বদলে নিলে ওরা আরও বেশি সুন্দরী হবে, নিজের আয়নার প্রতিচ্ছবি নিয়ে তুষ্ট হবে।
সে ভাবতে বাধ্য হলো, জীবনই বোধ হয় আমার ওপর একধরনের কুটিল প্রতিশোধ নিচ্ছে। সময়মতো জীবন সম্ভবত আমার কাছ থেকে তার পাওনা বুঝে নেবে। আয়-ব্যয়। কাহো বুঝতে পারছে, সাহারার সাথে দেখা না হলে সে নিজে কখনো এভাবে ভাবত না। লোকটা বোধ হয় অনেকদিন ধরে ধৈর্য ধরে কাহোকে সামনে পাওয়ার জন্য অপেক্ষা করছিল, অন্ধকারে শিকারের জন্য বিশাল কোনো মাকড়সা যেভাবে ওত পেতে থাকে, সেরকম।
মাঝেমধ্যে গভীর রাতে, যখন সবাই ঘুমে আচ্ছন্ন, ওর অ্যাপার্টমেন্টের বাইরের রাস্তা দিয়ে অচিন কোনো ভারী মোটরসাইকেল তীব্র বেগে চলে যেত। সেই ইঞ্জিনের গম্ভীর, শুকনো আওয়াজ যখন কানে আসত, ওর শরীর কেঁপে উঠত। নিঃশ্বাস ভারী হয়ে আসত, ঠান্ডা ঘাম জমে যেত বগলে।
লোকটা ওকে বলেছিল, ‘আমি তোমার জন্য একটা বাড়তি হেলমেটও নিয়ে এসেছি।’
ওর কল্পনায় খেলে যেত সেই বিএমডব্লিউর পেছনে বসে থাকার দৃশ্য। মনে মনে ও ভাবত, সেই শক্তিশালী যান ওকে কোথায় নিয়ে যাবে? কোন ধরনের জায়গায় ওকে পৌঁছে দেবে সাহারা?
লোকটা ওকে বলেছিল, তুমি আর আমি, দূরত্বের দিক থেকে আমরা আসলে খুব একটা দূরের না।
সেই উদ্ভট ব্লাইন্ড ডেটের ছয় মাস পরের কথা।
কাহো শিশুদের জন্য নতুন একটা বই লিখল। এক রাতে সে স্বপ্ন দেখছিল, গভীর সমুদ্রের অতলে তলিয়ে গেছে সে। ঘুম ভাঙার পর ওর মনে হলো বুঝি হুট করে পানির ওপর ভেসে উঠেছে। সরাসরি নিজের ডেস্কে গিয়ে বসল সে, গল্পটা লিখতে শুরু করল। শেষ করতেও খুব একটা সময় লাগল না।
গল্পটা একটা মেয়েকে নিয়ে–যে তার নিজের মুখের সন্ধানে বের হয়েছে। একটা সময় মেয়েটা নিজের মুখটা হারিয়ে ফেলেছিল। ও যখন ঘুমাচ্ছিল, তখন কেউ একজন ওর মুখটা চুরি করে নিয়ে গিয়েছিল। সেটা ফিরে পাওয়ার জন্য ওকে কিছু একটা করতেই হতো।
কিন্তু ওর মুখটা দেখতে কেমন ছিল, সেটা কোনোভাবেই মনে করতে পারছিল না সে। ও কি সুন্দরী ছিল, না কি কুৎসিত? মুখটা কি গোল ছিল, না কি লম্বাটে? এসবের কিছুই ওর মনে নেই। বাবা-মা, ভাই-বোন সবাইকে জিজ্ঞেস করল সে, কিন্তু কোনো এক বিচিত্র কারণে কেউই মনে করতে পারল না ওর মুখটা কেমন ছিল। অথবা হয়তো কেউ ওকে সেটা বলতে চায়নি।
মেয়েটা তাই একাই নিজের মুখ খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ল। সে জন্য আপাতত একটা মুখ খুঁজে বের করল সে, এরপর যেখানে নিজের মুখ থাকার কথা, সেখানে লাগিয়ে নিল ওটা। কারণ সে জানে, কোনো ধরনের মুখ ছাড়া লোকজনের সামনে গেলে ওরা তাকে স্বাভাবিকভাবে নেবে না।
মেয়েটা সারা পৃথিবী চষে বেড়াল। উঁচু পাহাড় ডিঙিয়ে এগোল, পেরিয়ে গেল গভীর নদী; বিশাল মরুভূমি পাড়ি দিল এবং পথ করে নিল ভয়ংকর জঙ্গলের মধ্য দিয়ে। সে নিশ্চিত ছিল যে যদি কখনো নিজের মুখের দেখা পায়, তবে সে এক পলকেই ওটা চিনে ফেলবে। স্বাভাবিক–এটা তার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ।
এই ভ্রমণকালে অনেকের সঙ্গে দেখা হলো ওর, ঝুলিতে জমা হলো অনেক বিচিত্র অভিজ্ঞতা। বুনো হাতির পালের পায়ের তলায় প্রায় পিষ্ট হতে হতে বেঁচে গেল, বিশাল এক কালো মাকড়সা আক্রমণ করল ওকে একবার, এমনকি বুনো ঘোড়াও লাথি মারতে তেড়ে এসেছিল। এভাবে কেটে গেল দীর্ঘ সময়। সে গোটা পৃথিবী ঘুরে ঘুরে অসংখ্য মুখ দেখতে পেল, কিন্তু নিজের মুখের দেখা আর পেল না। যা-ই দেখত, সবই ছিল অন্যের মুখ। সে আর বুঝতে পারছিল না কী করবে। দেখতে দেখতে ইতিমধ্যে পেরিয়ে গেছে বহুদিন। এখন সে ওই ছোট্ট মেয়েটি নেই, পরিণত হয়েছে একজন পূর্ণবয়স্ক নারীতে।
ও কি আর কোনোদিন নিজের মুখ ফিরে পাবে না? হতাশায় ডুবে গেল মেয়েটা।
এক শীতের দেশে সাগরের পাড়ে বসে চরম হতাশায় কাঁদছিল সে। এমন সময় পশমি কোট পরা লম্বা এক যুবক ওর পাশে এসে বসল। সমুদ্রের বাতাসে যুবকটির লম্বা চুলগুলো দুলছে। যুবকটি ওর মুখের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, ‘তোমার মতো এত সুন্দর মুখ আমি আগে কখনো দেখিনি।’
আসলে, ততদিনে সেই অস্থায়ী মুখটাই ওর সত্যিকারের মুখে পরিণত হয়েছে। ওর জীবনের সব অভিজ্ঞতা, আবেগ আর চিন্তা মিলেমিশে গড়ে উঠেছে সেই মুখটা। এটাই ওর মুখ–ওর নিজস্ব, একান্ত আপন। সে আর ওই যুবক বিয়ে করল এবং সেই তুষার-শুভ্র দেশে সুখে শান্তিতে বাস করতে লাগল।
কোনো এক কারণে–কাহো নিজেও জানে না কেন–বইটা শিশুদের মনে, বিশেষ করে কিশোরীদের মনে দারুণ নাড়া দিল। কিশোরী পাঠকেরা মেয়েটির এই অদ্ভুত, রোমাঞ্চকর অভিযানের সঙ্গে একাত্মতা পোষণ করে। মেয়েটির সঙ্গে ওরাও পা বাড়ায় অজানাতে; আর শেষে মেয়েটি যখন নিজের মুখ খুঁজে পায়, শান্তি পায় মনে; পাঠকেরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে।
লেখাটা সহজ-সরল, সঙ্গে কিছু রূপকধর্মী ইলাস্ট্রেশন–সাদা-কালো আঁকা।
আর সেই রূপকথাটি লিখতে গিয়ে, আঁকতে গিয়ে কাহোর মনেও একধরনের প্রশান্তি এসে ভর করল। যেন এতদিনের অশান্তির নিষ্পতি হয়েছে–নিরাময় হয়েছে। ও বুঝতে পারল, এই পৃথিবীতে সে নিজের মতো করেই থাকতে পারবে। ভয় পাওয়ার কিছু নেই। সমুদ্র অতলের সেই স্বপ্নটাই ওকে এটা শিখিয়েছে। গভীর রাতে যে অস্থিরতা ওকে আঁকড়ে ধরতে চাইত, সেটা এখন অনেকটাই হালকা হয়ে এসেছে। যদিও সে নিশ্চিত করে বলতে পারবে না যে ওটা পুরোপুরি চলে গেছে।
বইটার কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। ভালো বিক্রি হতে লাগল ওটা, সংবাদপত্রেও ভালো রিভিউ এল।
মাচিদা তো দারুণ খুশি! বললেন, ‘আমার মনে হচ্ছে, শিশুদের এই বইটা একটা লং-টার্ম বেস্ট সেলার হবে। অন্তত আমার মন তা-ই বলছে। তোমার অন্য বইগুলোর তুলনায় এটার ধাঁচ একদম আলাদা। এই বিষয়টা শুরুতে আমাকে অবাক করেছিল। আচ্ছা বলো তো, এই আইডিয়া তুমি কোথায় পেলে?’
কাহো কিছুক্ষণ ভাবল। এরপর মৃদু গলায় বলল, ‘খুব অন্ধকার আর ভয়ংকর গভীর এক জায়গায়।’
সমাপ্ত
বইটি শেষ। পড়ার জন্য ধন্যবাদ!